অনুপ চেটিয়াকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু
ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালকের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে প্রচলিত আইন অনুযায়ী তাঁর (অনুপ চেটিয়া) ওপর যে শাস্তি আরোপ করা হয়েছে, তা শেষ হওয়ার পরই ব্যবস্থা নেওয়া হবে। শাস্তি কবে শেষ হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বলতে পারেন, শেষ হয়ে গেছে।’ তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফিরিয়ে আনার ব্যাপারটি ভারতের সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করা হয়েছে। তাঁদের ফিরিয়ে আনার পরই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।