অনুপমা ভার্মার অ্যাকাউন্ট থেকে ১৭ লাখ রুপি গায়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের মডেল ও অভিনেত্রী অনুপমা ভার্মার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৭ লাখ রুপি গায়েব করে দিয়েছেন আইসিআইসিআই ব্যাংকের সাবেক দুই কর্মচারী। ইতিমধ্যেই ধুরন্দর ওই দুই ব্যক্তিকে আটকও করেছে পুলিশ।সম্প্রতি আইসিআইসিআই ব্যাংকের সাবেক দুই কর্মচারী রাকেশ বিশ্বকর্মা এবং নিতিন শর্মা অনুপমার নামে ডেবিট কার্ডের আবেদন করেন এবং তাঁর অ্যাকাউন্ট থেকে ১৭ লাখ রুপি উঠিয়ে নেন। এর কিছুদিন পর অনুপমার একটি চেক বাউন্স হলে তিনি জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নেওয়া হয়েছে। পরে বরিভালি পুলিশ প্রতারণার অভিযোগে রাকেশ এবং নিতিনকে আটক করে। ইতিমধ্যেই এ মামলার তদন্তও শুরু করেছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তার বরাতে মিডডে ডটকম জানিয়েছে, ২০১০ সালে আইসিআইসিআই ব্যাংকের নরিমান শাখায় অ্যাকাউন্ট খুলেছিলেন অনুপমা। রাকেশ ও নিতিন তখন সেখানেই কাজ করতেন। গত বছরের জুনে দেশের বাইরে যান অনুপমা। এরপর দীর্ঘদিন তিনি তাঁর অ্যাকাউন্টের কোনো খোঁজ-খবর রাখেননি।এ বিষয়গুলো খুব ভালোভাবেই জানতেন রাকেশ ও নিতিন। এমনকি অনুপমা যে ডেবিট কার্ড তুলেছিলেন এবং সেটা তিনি অ্যাক্টিভেট করেননি সেটাও জানতেন রাকেশ ও নিতিন। এ সুযোগ কাজে লাগিয়েই ১৭০ বার বরিভালির বিভিন্ন এটিএম বুথে অনুপমার অ্যাকাউন্ট থেকে মোট ১৭.৩ লাখ রুপি তুলে নিয়েছেন তাঁরা। অবশ্য এর আগে তাঁরা আইসিআইসিআই ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছিলেন।