চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন
অনুপযোগী কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হবে: সাখাওয়াত হোসেন
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে যদি কিছু কেন্দ্রে ভোটগ্রহণ সম্ভব না হয়, সে ক্ষেত্রে ওই সব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হবে। প্রয়োজনে সেসব কেন্দ্রে পরে ভোটগ্রহণ করা হবে। আজ বুধবার নির্বাচন কমিশনের (ইসি) নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনের জন্য কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। খারাপ আবহাওয়ার কারণে কিছু কেন্দ্রে পানি জমে গেছে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা কাজ শুরু করেছেন। আশা করা যায়, সকালের মধ্যে কেন্দ্রগুলো ভোটগ্রহণের উপযোগী হয়ে উঠবে। স্কুলগুলো যদি একান্তই ভোটগ্রহণের অনুপযোগী হয়, সে ক্ষেত্রে আলাদা ছাউনি তৈরি করে ভোটগ্রহণ করা হবে। তবে সে রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে হয় না। সব মিলিয়ে ১০-১২টি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর মধ্যে বড়জোর তিন-চারটি কেন্দ্রের অবস্থা বেশি খারাপ হতে পারে।এবারের নির্বাচনে লিখিত ছাড়া কারও কাছ থেকে কোনো অভিযোগ গ্রহণ করা হবে না জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে লিখিতভাবে জানাতে হবে। তাই পোলিং এজেন্টদের সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে। তাঁরা যেন প্রতিটি ব্যালট বাক্সের নম্বর লিখে রাখেন। কোনো কর্মকর্তা যদি কোনো অনিয়ম করেন, তাহলে সে ব্যাপারে আমরা যেন সঠিক তথ্য পাই।’