অনুপস্থিত থাকায় আলীমের আইনজীবীকে জরিমানা
বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার অনুপস্থিত থাকায় আসামিপক্ষের এক আইনজীবীকে আবারও জরিমানা করেছেন ট্রাইব্যুনাল। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর আইনজীবী খলিলুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানার এ আদেশ দেন। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।আজ রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী লাইলী বেগমের জেরার ধার্য দিনে আসামিপক্ষের এক সহকারী আইনজীবী হুজ্জাতুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, এ মামলায় আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক অসুস্থ, তাই তিনি উপস্থিত হতে পারেননি। এ সময় ট্রাইব্যুনাল এ মামলার অপর দুই আইনজীবী খলিলুর রহমান এবং মুন্সি আহসান কবিরের অনুপস্থিতির কারণ জানতে চাইলে হুজ্জাতুল ইসলাম বলেন, অপর দুইজনের বিষয়ে তিনি জানেন না। ট্রাইব্যুনাল তাঁর কাছে জানতে চান, ২৭ ফেব্রুয়ারি বারবার মুলতবি চাওয়ার কারণে মুন্সি আহসান কবিরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তিনি কী ওই টাকা দিয়েছেন? এর উত্তরে ওই আইনজীবী ‘না’ সূচক জবাব দেন।এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত আইনজীবীদের অনুপস্থিতির বিরোধিতা করে লাইলী বেগমের সাক্ষ্য গ্রহণ শেষ করে দিতে ট্রাইব্যুনালে আরজি জানান। পরে ট্রাইব্যুনাল আসামিপক্ষের সহকারী আইনজীবীকে দুপুর দুইটার মধ্যে ওই দুই আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন।কিন্তু নির্ধারিত সময়ে তাঁরা হাজির না হলে খলিলুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন ট্রাইব্যুনাল। আদেশে বলা হয়, এই মামলার আইনজীবী আহসানুল হক অসুস্থ বলে উপস্থিত হননি। কিন্তু খলিলুর রহমান কেন উপস্থিত হলেন না, তাঁর কোনো সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া হয়নি। তিনি এ মামলার অনেক সাক্ষীকে জেরা করেছেন তাই তিনি উপস্থিত হয়ে লাইলী বেগমকেও জেরা করতে পারতেন। সাক্ষীরার অনেক দূর থেকে ঢাকায় সাক্ষ্য দিতে আসেন। আইনজীবীর এ ধরনের আচরণ দ্রুত বিচারের সঙ্গে সংগতিপূর্ণ নয়।আদেশ অনুসারে, ১৪ মার্চের মধ্যে খলিলুর রহমান এবং আগামীকাল বুধবারের মধ্যে মুন্সি আহসান কবীরের জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে এর রশিদ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই টাকা জমা দিতে ব্যর্থ হলে আইনজীবীদের এ মামলা চালাতে দেওয়া হবে না। এ ছাড়া ভবিষ্যতে অনুপস্থিতির কারণে এই দুই আইনজীবীর মুলতবি গ্রহণযোগ্য হবে না বলেও আদেশে বলা হয়। এ ছাড়া আগামীকালের মধ্যে লাইলী বেগমের জেরা শেষ করতে হবে। এ সময়ের মধ্যে জেরা করতে ব্যর্থ হলে এই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেওয়া হবে।