নারীমঞ্চে ‘শর্ত: বিয়ের পর বউ চাকরি করতে পারবে না’—লেখাটি পড়েছি। তারই পরিপ্রেক্ষিতে গত ২৮ নভেম্বর নারীমঞ্চে মিতা মেহজাবিনের প্রতিক্রিয়া ‘দরকার মানসিকতার পরিবর্তন’ লেখাটিও পড়েছি। আমার মা একজন চাকরিজীবী। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি, সংসার চালানোর জন্য শুধু বাবা নন, মায়েরও সমান ভূমিকা। আমি কখনোই ভাবি না, একজন শিক্ষিত নারী যাঁর সর্বোচ্চ যোগ্যতা রয়েছে কর্মজীবনে প্রবেশ করে সর্বোচ্চ সফলতা লাভ করার, তিনি শুধু স্বামী-সংসারের বাধা উপেক্ষা করতে না পেরে সারা জীবন কাটিয়ে দেবেন সংসারের ঘানি টেনে। এখন অনেক মেয়েই উচ্চশিক্ষিত হচ্ছেন। সর্বোচ্চ ডিগ্রি নেওয়া মেয়েরা কর্মজীবনে প্রবেশ করতে পারছেন না, এর থেকে কষ্টের আর কী-ই বা হতে পারে? আমার মা অত্যন্ত সফলভাবে চাকরি-সংসার—দুটোই সামলেছেন, এখনো সামলে যাচ্ছেন। আমি আমার মাকেই আমার আদর্শ হিসেবে দেখে আসছি, এখনো দেখি। আমি এখন বিবিএ পড়ছি। বিবিএ, এমবিএ ডিগ্রি অর্জনের পর আমি অবশ্যই চাইতে পারি যোগ্যতা অনুযায়ী চাকরি করতে, কর্মজীবনে সফলতার সঙ্গে কাজ করে যেতে। সেটা অবশ্যই দোষের কিছু নয়। আমাকে দেখে আরও অনেক মেয়ে উৎসাহী হবে, অনুপ্রেরণা পাবে। সেটাই চাইব।শায়লা ইয়াসমিনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।