অনুমতি আছে, অনুমতি নেই
রাজধানীতে কাল সোমবার বিএনপির গণমিছিলের অনুমতি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আজ রোববার বিএনপির একটি প্রতিনিধিদল ডিএমপির কমিশনারের সঙ্গে সাক্ষাত্ করে গণমিছিলের অনুমতি পেয়েছে বলে জানায়। পরে ডিএমপির অতিরিক্ত কমিশনার আবদুল জলিল মণ্ডলও প্রথম আলো অনলাইনকে একই কথা বলেন।তবে মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে প্রথম আলোকে বলেন, তাঁরা বিএনপি গণমিছিলের অনুমতি দেননি। আবার বিএনপিকে মিছিলে বাধা দেওয়া হবে, এমন কথাও বলেননি।এর আগে আজ রোববার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকায় সব ধরনের মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, গণ-অবস্থান, সভা ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করে ডিএমপি। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি থাকায় গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ এক সংবাদবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছিলেন।ঢাকায় বিএনপির গণমিছিল কর্মসূচি ও বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ জনসভার ডাক দেয়। পাল্টাপাল্টি গণমিছিল ও সমাবেশের কর্মসূচি আহ্বান করায় সংঘর্ষ এড়াতে ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ডিএমপি এই নিষেধাজ্ঞা জারি করেছিল।পরে বিএনপি কাল সোমবার গণমিছিলের ঘোষণা দেয় আর আওয়ামী লীগ তাদের কর্মসূচি প্রত্যাহার করে।