অনুমতি চাইলে পালাতেন লাদেন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, অভিযান পরিচালনার আগে পাকিস্তানের কাছে অনুমতি চাইতে গেলে আল-কায়েদার তত্কালীন প্রধান ওসামা বিন লাদেন পালাতেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে পররাষ্ট্রনীতি বিষয়ে রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনির সঙ্গে মুখোমুখি বিতর্কে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা এ কথা বলেছেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের বোকা রাটো এলাকার লিন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকালে (স্থানীয় সময় গতকাল রাত নয়টা) তৃতীয় ও শেষ বিতর্কে তাঁরা মুখোমুখি হয়েছিলেন।গত বছরের মার্চে মার্কিন বিশেষ বাহিনীর গোপন অভিযানে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন নিহত হন। ওই অভিযানের পর ‘টাইম’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে সিআইএর তত্কালীন পরিচালক লিওন প্যানেট্টা বলেছিলেন, মার্কিন অভিযানের বিষয়ে পাকিস্তানি কর্তৃপক্ষ লাদেনকে আগেই সতর্ক করে দিতে পারে বলে এক ধরনের উদ্বেগ ছিল। রমনির সঙ্গে বিতর্কে প্রসিডেন্ট ওবামা সুনির্দিষ্ট করে এ বিষয়ে তাঁর প্রশাসনের অবস্থান ব্যাখ্যা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যদি পাকিস্তানের কাছে অনুমতি চাইতাম, আমরা তাঁকে পেতাম না।’ বিতর্কে ওবামার এই অবস্থানকে সমর্থন করেন রমনি।