অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানের গাছ কাটলে তিন মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের অনুমতি ছাড়া বন, সড়কের পাশের এবং উন্মুক্ত স্থানের গাছ কাটলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘বৃক্ষ সংরক্ষণ বিল-২০১২’ সংসদে উত্থাপন করা হয়েছে।আজ বুধবার জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।বিলের উদ্দেশ্য সম্পর্কে মন্ত্রী বলেন, শুধু বননীতি এবং সরকারি সিদ্ধান্তের মাধ্যমে বক্ষ সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষ সংরক্ষণব্যবস্থা আরও কার্যকর করার কোনো বিকল্প নেই।প্রস্তাবিত আইনে বলা হয়েছে, সরকার বনভূমি, সরকারি বনভূমি বা উন্মুক্ত স্থানের কোনো গাছকে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে বিধি দ্বারা নির্ধারিত সংরক্ষণযোগ্য গাছ হিসেবে ঘোষণা করতে পারবে। উন্মুক্ত স্থানের কোনো গাছ শুকিয়ে গেলে বা মরে গেলে পাখি অথবা বন্য প্রাণীর আবাস্থল হিসেবে ওই গাছটি সংরক্ষণ করতে হবে। তবে গাছটি পড়ে যাওয়ার উপক্রম হলে সরকারের অনুমতি নিয়ে সেটি সরিয়ে ফেলা যাবে। তবে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী অধ্যুষিত বন ও পাহাড়ি এলাকার কোনো গাছকে সংরক্ষণযোগ্য ঘোষণার আগে ওই এলাকার প্রথাগত নেতৃত্বের (হেডম্যান, কারবারি প্রভৃতি) মতামত নেওয়ার শর্ত দেওয়া হয়েছে।আরও বলা হয়েছে, সরকার সংরক্ষণযোগ্য কোনো গাছ কাটার অনুমতি দিলে শর্ত হিসেবে প্রতি একটি গাছ কাটার বিপরীতে তিনটি গাছ লাগানোর শর্ত দিতে হবে। কোনো ব্যক্তি আইন লঙ্ঘন করলে বা সহায়তা করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানায় দণ্ডিত হবেন। যদি কোনো সরকারি দপ্তর বা বিভাগের কেউ এ আইন লঙ্ঘন করেন তবে প্রত্যক্ষভাবে ওই বিভাগের প্রধানকে দোষী হিসেবে চিহ্নিত করা হবে। এ ক্ষেত্রে যদি দোষী সরকারি কর্মকর্তা বা কর্মচারী প্রমাণ দিতে পারেন যে এ আইনের লঙ্ঘন তার অজ্ঞাতসারে হয়েছে এবং তিনি গাছ কাটার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছেন, তবে তাঁকে দোষী করা হবে না।এ ছাড়া ভূমির ওপর আদিবাসীদের ঐতিহ্যগত অধিকারকে স্বীকৃতি দিতে আজ ফরেস্ট (সংশোধন) বিল ২০১২ সংসদে উত্থাপিত হয়েছে। বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বিলটি সংসদে উত্থাপন করেন। এরপর বিলটি যাচাইবাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। স্পিকার, ডেপুটি স্পিকার ও সাংসদদের বেতন করের আওতাভুক্ত: জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও সাংসদদের বেতন ও পারিতোষিক আয়করের আওতায় আনতে আজ সংসদে পৃথক দুটি বিল পাস হয়েছে।স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১২ এবং মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০১২ শিরোনামে বিল দুটি সংসদে পাসের প্রস্তাব করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ।এ আইন না থাকায় করবর্ষের শুরুতে স্পিকার, ডেপুটি স্পিকার ও সাংসদদের বেতন করের আওতায় আনতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড।