অনুমতি ছাড়া টাকা উত্তোলনের জন্য চার এনজিওর ক্ষমাপ্রার্থনা
এনজিও ব্যুরোর অনুমতি না নিয়ে টাকা উত্তোলন করায় চারটি বেসরকারি সংস্থা (এনজিও) ক্ষমা প্রার্থনা করেছে। আর এ ধরনের কাজ হবে না—নন জুডিশিয়াল স্টাম্পে এমন অঙ্গীকার করার পর তাদের প্রকল্প অনুমোদন ও অর্থ ছাড় করা হয়েছে।অ্যাকশন এইড বাংলাদেশ, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, কোরিয়ান ডেভেলপমেন্ট অ্যসোসিয়েশন অব বাংলাদেশ ও মিশনারিজ অব চ্যারিটি শিশুভবন ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত ১৪৩ কোটি ৫৪ লাখ ৫১ হাজার ৩২ টাকা উত্তোলন করে। এই চারটি বেসরকারি সংস্থা এই টাকা ব্যাংকের যোগসাজশে এনজিও ব্যুরোর অনুমতি ছাড়াই উত্তোলন করে।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী এ কথা জানান। তিনি জানান, এনজিওগুলো বলেছে, অজ্ঞতার কারণেই তারা এই ভুল করেছে।নওগাঁ-৬ আসনের সাংসদ মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, এ দেশে কার্যক্রম পরিচালনায় অনিয়মের অপরাধে আন্তর্জাতিক এনজিও সরকারের কাছে ক্ষমা প্রার্থনা করে নিজেদের অজ্ঞতার কথা স্বীকার করেছে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ধরনের অনিয়মের আশ্রয় নেবে না বলে তারা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়েছে। এরপর তাদের আবার কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।মতিয়া বলেন, অ্যাকশন এইড বাংলাদেশ, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, কোরিয়ান ডেভেলপমেন্ট অ্যসোসিয়েশন অব বাংলাদেশ, মিশনারিজ অব চ্যারিটি শিশু ভবন এবং দ্য স্যালভেশন আর্মি নামের আন্তর্জাতিক বেসরকারি সংস্থার বিরুদ্ধে এনজিও-বিষয়ক ব্যুরো থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে এনজিও-বিষয়ক ব্যুরো বৈদেশিক সহায়তার অর্থ ছাড়ে সতর্কতা অবলম্বনের জন্য ব্যাংকগুলোকে পরিপত্র জারির জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পরিপত্র জারির অনুরোধ করে।মতিয়া চৌধুরী আরও বলেন, এনজিও কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এনজিও-বিষয়ক ব্যুরোর প্রকল্প অনুমোদন ও অর্থ ছাড় প্রদানকালে প্রকল্প প্রস্তাবের কপি ও বাজেট সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রদান ও স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করার শর্তারোপ করা হয়েছে।