অনুমতি ছাড়া সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করার আগে সরকারের অনুমতি নেওয়ার বিধান বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনে (দুদক) কেউ মিথ্যা অভিযোগ দায়ের করলে অভিযোগকারীর বিরুদ্ধে পাঁচ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। সংশোধনী আইনে দুদকের নিম্ন পর্যায়ের কর্মকর্তারা সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারবে না।নতুন এসব সংশোধনীসহ দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন-২০১১ সংসদে উপস্থাপিত হয়েছে। সংসদকাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী আজ সোমবার জাতীয় সংসদে বিলটি উপস্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ২০০৪ সালে প্রণীত আইনের সংশোধন করে এ বিলটি সংসদে উপস্থাপিত হয়।প্রস্তাবিত আইনে জবাবদিহিতার বিষয়টি সরাসরি উল্লেখ না থাকলেও এ প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। দুদকের এ প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করারও বিধান রাখা হয়েছে।গত তত্ত্বাবধায়ক সরকার দুদক আইনের যে অধ্যাদেশ জারি করেছিল, বর্তমান সংসদ অনুমোদন না দেওয়ায় তা বাতিল হয়ে যায়। বর্তমান সরকার নতুন করে দুদক আইনের খসড়া প্রণয়ন করে।খসড়া আইনে ১৩টি বিষয়ে সংশোধনী আনা হয়েছে। অভিযোগ অনুসন্ধান এবং তদন্তের জন্য কমিশন সরকারি সংস্থা থেকে দক্ষ কর্মকর্তা নিতে পারবে। ১২০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এ সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে না পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পরিবর্তন করা হবে এবং নির্ধারিত সময়ে প্রতিবেদন দিতে না পারলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।