ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মামলা
অনুমতি ছাড়াই ছাত্র ভর্তি!
অনুমোদন না নিয়ে ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু করায় সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে থানায় মামলা করেছে, সেটির অন্যতম পরিচালক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের ছেলে জিয়াউল হক। প্রতিষ্ঠানটির নাম ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ।ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই মেডিকেল কলেজটি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নয়। শিক্ষার্থী ও অভিভাবকদের বিজ্ঞাপন দেখে প্রতারিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজ পরিদর্শক বিমল গুহ প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয় সূত্রে নতুন তিনটি মেডিকেল কলেজ অনুমোদনের কথা আমরা জানতে পেরেছি। ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ৯ ডিসেম্বর পত্রিকায় ছাত্র ভর্তির বিজ্ঞাপন দেয়। প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বলে দাবি করা হয়েছে। অথচ বিজ্ঞাপন প্রকাশের আগে তারা অনুমোদনের জন্য আবেদনই জমা দেয়নি। প্রতিষ্ঠানটি যা করেছে, তা প্রতারণার শামিল।’স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত অন্য দুটি কলেজ হচ্ছে মগবাজারের ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও মিরপুর-১৪ নম্বরে অবস্থিত মার্কস মেডিকেল কলেজ। এই দুটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তির জন্য আবেদন করেছে।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এমবিবিএস কোর্স চালুর জন্য এ বছর ১০টির মতো আবেদন জমা পড়েছিল। আগের আরও আবেদনপত্র মন্ত্রণালয়ে জমা ছিল। এর মধ্য থেকে এ বছর অনুমোদন পায় তিনটি। মন্ত্রণালয় ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালকে অনুমোদন দিতে পর পর দুবার জরুরি বৈঠকে বসে। সরকারি ছুটি থাকা সত্ত্বেও ১২ নভেম্বর একদফা বৈঠক হয়। ২৪ নভেম্বর প্রতিষ্ঠানটি চূড়ান্ত অনুমোদন পায়।কলেজটির চেয়ারম্যান মোতাজজেরুল ইসলাম। তিনি সরকারি হাসপাতালে যন্ত্রপাতি সরবরাহের ঠিকাদারি করেন। জয়েন্ট স্টক কোম্পানি নিশ্চিত করেছে, মেডিকেল কলেজটিতে পরিচালক হিসেবে মন্ত্রীপুত্র জিয়াউল হকসহ আরও আছেন ইলা হক, বেনজীর আহমেদ, মো. মোখসেদুল ইসলাম, আবদুল হাই চৌধুরী, জামরুদা আখতার ও তাসনিন আহমেদ।কলেজ স্থাপনের অন্যতম শর্ত হলো, ২৫০ শয্যার নিজস্ব হাসপাতাল থাকা। এ ক্ষেত্রে ট্রমা সেন্টারকে কলেজটির হাসপাতাল হিসেবে দেখানো হয়েছে। ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মন্ত্রীপুত্র জিয়াউল হক।কলেজটি ইতিমধ্যে ২১ জন শিক্ষক নিয়োগ দিয়েছে। নতুন অনুমোদন পাওয়া অপর দুটি মেডিকেল কলেজও শিক্ষক নিয়োগ দিয়েছে।যোগাযোগ করা হলে জিয়াউল হক প্রথম আলোকে বলেন, তিনি কলেজটি সম্পর্কে কিছুই জানেন না। অন্যদিকে মেডিকেল কলেজে গিয়ে ও মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও মোতাজজেরুল ইসলামকে পাওয়া যায়নি।তবে মন্ত্রণালয় ও অধিদপ্তরের একাধিক সূত্র বলছে, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ বেসরকারি খাতে মেডিকেল কলেজ স্থাপনের বেশ কিছু নীতিমালা ভঙ্গ করেছে।বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোয়াজ্জেম হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘নীতিমালা সব সময় অনুসরণ করা হচ্ছে না। সবচেয়ে বড় সমস্যা হলো, যেসব বৈঠকে মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়, সেখানে আমাদের কোনো প্রতিনিধিকে রাখা হয় না।’তবে স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা শাখার পরিচালক শাহ আবদুল লতিফ দাবি করেছেন, কলেজটি অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি।কোথায় কোথায় অনিয়ম: বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালন নীতিমালা, ২০১১ (সংশোধিত) অনুযায়ী বেসরকারি মেডিকেল কলেজ শুধু নির্ধারিত প্লট বা জমিতেই স্থাপন করতে হবে। স্থায়ীভাবে তো নয়ই, সাময়িকভাবেও কোনো ভাড়া বাড়িতে কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমতি দেওয়া যাবে না। নীতিমালায় আরও উল্লেখ আছে, ৫০ আসনবিশিষ্ট একটি বেসরকারি মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কমপক্ষে দুই বছর আগে প্রস্তাবিত ক্যাম্পাসে প্রয়োজনীয় ভৌত অবকাঠামোসহ ন্যূনতম ২৫০ শয্যার একটি আধুনিক হাসপাতাল চালু থাকতে হবে। একই ক্যাম্পাসে বিভিন্ন বিভাগের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসহ কলেজ একাডেমিক ভবন ও হাসপাতাল ভবন আলাদা থাকতে হবে। কিন্তু এই কলেজ এসব শর্ত পূরণ করেনি।স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, মন্ত্রণালয়ের চিঠি পেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক শাহ আবদুল লতিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন মো. ইসমাইল খান, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার জাহেদুল হক বসুনিয়াসহ আটজন কলেজটি পরিদর্শনে যান। প্রতিবেদনে তাঁরা শর্তসাপেক্ষে কলেজটি অনুমোদন পেতে পারে বলে মন্তব্য করেন।কমিটির প্রতিবেদনে বলা হয়, কলেজটি ঢাকার ২/১, রিং রোড, শ্যামলীতে নিজস্ব জমিতে ১৮তলা ভবনের বর্তমান ফ্লোরস্পেস এক লাখ বর্গফুট জায়গার ওপর।কিন্তু সরেজমিন ২/১, শ্যামলী রিং রোডে সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে গিয়ে দেখা যায়, ১৫ তলা ভবনের তৃতীয় তলায় কলেজটি একটি তলা ভাড়া নিয়েছে। ভবনটির নিচতলায় একটি বেসরকারি আবাসনপ্রতিষ্ঠানের কার্যালয়। চয়েস ডেভেলপমেন্ট লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ২০০৯ সাল থেকে তাঁরা এখানে ফ্ল্যাট তৈরির কাজ শুরু করেছেন। জায়গাটির মালিক তিনি ও তাঁর ভাই আলমগীর মিঞা।কথা বলে জানা যায়, ভবনটির নিচতলা মার্কেন্টাইল ব্যাংক কিনে নিয়েছে। নবম থেকে ১৫ তলা পর্যন্ত ২৮টি ফ্ল্যাটের ২১টি বিক্রি হয়ে গেছে। তিন থেকে আটতলা পর্যন্ত বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়ার পরিকল্পনা আছে। এ ছাড়া এখনো পুরো ভবনে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ লাগেনি।ওই কলেজের শিক্ষাবিষয়ক কার্যক্রমের সমন্বয়ক মাহফুজুল ইসলাম অবশ্য একটি তলা ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, পুরো ভবন তাঁরা কিনে নিয়েছেন। মেডিকেল কলেজের সঙ্গে হাসপাতাল থাকার বাধ্যবাধকতা আছে। তাই ট্রমা সেন্টারের সঙ্গে তাঁদের চুক্তি হয়েছে। নিয়মানুযায়ী একই ক্যাম্পাসে হাসপাতাল থাকার কথা থাকলেও ট্রমা সেন্টারটি কলেজ থেকে বেশ দূরে এবং ওই হাসপাতালে ২৫০ শয্যার পরিবর্তে শয্যা আছে মাত্র ৬০টি।এসব অভিযোগের সুস্পষ্ট জবাব অধিদপ্তরের কাছ থেকে পাওয়া যায়নি। চিকিৎসা শিক্ষা বিভাগ বলছে, মেডিকেল কলেজের সঙ্গে কোন হাসপাতাল যুক্ত, সেটি দেখার বিষয় হাসপাতাল শাখার। হাসপাতাল শাখা বলছে, পুরো বিষয়টি তদারক করছে চিকিৎসা শিক্ষা বিভাগ।অপর দুই কলেজ ফরম বিক্রি শুরু করেনি: ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক (প্রশাসন) আবু মনসুর আল আমীন প্রথম আলোকে বলেন, ‘ক্লাস শুরুর সব রকম প্রস্তুতিও নিয়ে রেখেছি। বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পাওয়ার পর ভর্তি কার্যক্রম শুরু করব।’মার্কস মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কোনো প্রসপেক্টাস ছাপায়নি। মিরপুর ১৪ নম্বরে কলেজের কার্যালয়ে বসে সহকারী পরিচালক এ এস এম ইমদাদুল ইসলাম বলেন, এর আগে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর মেডিকেল কলেজ অনুমোদন ছাড়া ছাত্র ভর্তি করেছিল। পর পর তিনটি বর্ষে ছাত্র ভর্তির পরও তাদের অনুমোদন দেওয়া হয়নি। ওই কলেজের ছাত্রদের ভবিষ্যৎ কী, তা কেউ জানে না।