অনুমতি না নিয়ে বই ছাপায় এক ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমতি ছাড়াই বিভিন্ন প্রকাশনীর বই ছাপার অভিযোগে আজ শনিবার দুপুরে পুলিশ পুরান ঢাকার কে এম দাস লেনের একটি ছাপাখানায় অভিযান চালিয়ে ছাপাখানার মালিক আবদুল হালিমকে (৫৫) আটক করেছে।সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল আলম প্রথম আলোকে বলেন, ছাপাখানা থেকে চারটি প্রকাশনী সংস্থার ছাপানো আট হাজার কাগজ ও পাঁচটি প্লেট জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে আজ বেলা একটার দিকে সূত্রাপুর থানার একদল পুলিশ ১৩ কে এম দাস লেনে মা হাজেরা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামের ছাপা কারখানায় অভিযান চালায়। এ সময় সেখানে প্রথমা, মাওলা ব্রাদার্স, প্রতীক ও কাকলী প্রকাশনীর নামকরা লেখকদের বই ছাপা হচ্ছিল। প্রকাশনী সংস্থাগুলোর অনুমতি না নিয়ে বই ছাপার অভিযোগে ছাপাখানার মালিক আবদুল হালিমকে আটক করা হয়। সেখান থেকে ছাপানো আট হাজার কাগজ ও প্লেট জব্দ করা হয়।প্রথমা প্রকাশনীর নিলাদ্রী ঘোষ প্রথম আলোকে বলেন, প্রথমাসহ কয়েকটি প্রকাশনীর অনুমতি না নিয়ে কে এম দাস লেনের মা হাজেরা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ে বই ছাপা হচ্ছে তাঁরা এমন খবর পান। এরপর এ ঘটনা সূত্রাপুর থানায় জানানো হয়। মাওলা ব্রাদার্সের কর্মী মহিউদ্দিন কবির জানান, ছাপাখানার মালিক সবার অজান্তে বই ছেপে বাজারজাত করতে চেয়েছিলেন। তাঁর আশঙ্কা, হালিম কোনো অনুমতি ছাড়াই বেশ কিছু প্রকাশনীর বই ইতিমধ্যে বাজারজাত করেছেন।ঘটনা তদন্তকারী এসআই জহিরুল আলম জানান, আটকের পর আবদুল হালিম দাবি করেন, রাজ্জাক নামের এক ব্যক্তি তাঁকে চারটি প্রকাশনীর বই ছাপাতে দেন। রাজ্জাকের মুঠোফোন নম্বরটি তাঁর কাছে থাকলেও তাঁর ঠিকানা তিনি জানেন না। তিনি জানান, ঘটনার সময় রাজ্জাক উপস্থিত থাকলেও তিনি কৌশলে সরে পড়েন। পরে যোগাযোগ করলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। মামলায় রাজ্জাক ও হালিম আসামি হবেন।বিকেলে আটক হালিমের সঙ্গে সূত্রাপুর থানায় কথা বলতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক ব্যক্তির সঙ্গে কথা বলা যাবে না। আটক হালিমের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। তার বাবা মৃত নাদেরুজ্জামান।