অনুমতি পাওয়ার এক বছরেও চালু হয়নি আট টিভি চ্যানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঁধে দেওয়া সময়ের মধ্যে চালু করা সম্ভব হয়নি আটটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। অনুমোদন পাওয়া ১২টি চ্যানেলের মধ্যে ১০টি নিয়মিত সম্প্রচারে আসার কথা ছিল গতকাল রোব-বারের মধ্যে।কিন্তু এই সময়ের মধ্যে মাত্র দুটি চ্যানেল সম্প্রচারে আসে। গত ১ মে এটিএন নিউজ পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে নিয়মিত সম্প্রচারে আসে ৭ জুন। আর তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে পরীক্ষামূলকভাবে দুই বছর চালানোর পর গত ১৫ এপ্রিল নিয়মিত সম্প্রচারে আসে মাইটিভি। বাকি আটটি চ্যানেল এখন পর্যন্ত নিয়মিত সম্প্রচারে আসতে পারেনি।১৯৯৮ সালের বেসরকারি মালিকানায় টেলিভিশন স্থাপন ও পরিচালনা নীতিতে বলা আছে, কোনো চ্যানেল অনুমোদনের তারিখ থেকে এক বছরের মধ্যে চালু করতে হবে। নইলে অনুমতির আদেশ বাতিল হবে।তথ্য মন্ত্রণালয় সূত্র জানায়, তিনটি চ্যানেল পরীক্ষামূলক সম্প্রচারে এলেও বেশির ভাগেরই সম্প্রচারে আসার দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি।সূত্রমতে, কয়েক দিন আগে মোহনা টেলিভিশন এবং গতকাল রাতে মাছরাঙ্গা ও সময় টেলিভিশন পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে। তবে নিজস্ব ডিশ ছাড়া এসব চ্যানেলের পরীক্ষামূলক সম্প্রচার দেখা যাচ্ছে না বলে জানানো হয়েছে। বাকি পাঁচটি চ্যানেলের বেশির ভাগই এ বছর সম্প্রচারে আসতে পারবে না বলে মালিকদের পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে।প্রসঙ্গত, বর্তমান সরকার গত বছরের ১১ অক্টোবর ১০টি এবং এ বছরের ফেব্রুয়ারি ও এপ্রিলে দুটি—মোট ১২ বেসরকারি টিভি চ্যানেল অনুমোদন দেয়।এর আগে বেশ কয়েকবার চ্যানেলগুলো চালুর বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেছিলেন, মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময়ের মধ্যে মালিকদের টেলিভিশন চ্যানেল চালু করতে হবে। অনুমোদনের তারিখ থেকে এক বছরের মধ্যে টিভি চ্যানেলগুলো চালু করতে হবে। এই সময় আর বাড়ানো হবে না। তথ্যসচিবও একই কথা বলেছিলেন।গতকাল রোববার তথ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে আবার জানতে চাইলে তিনি বলেন, বোধ হয় টিভি-মালিকেরা তরঙ্গ বরাদ্দ সময়ের দিনটিকেই অনুমোদনের তারিখ হিসেবে মনে করেছেন। এ বিষয়টি তথ্যসচিবের কাছ থেকে জেনে নেওয়ার জন্য তিনি এ প্রতিবেদককে অনুরোধ করেন। তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, বেসরকারি টিভি-মালিকদের কেউ কেউ সময় বাড়ানোর জন্য আবেদন করেছেন। কিন্তু এই আবেদনের ব্যাপারে তথ্য মন্ত্রণালয় থেকে এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।সম্প্রচারে না যাওয়া সব টিভি-মালিকদের কাছ থেকে আবেদন পেয়েছেন কি না, জানতে চাইলে সচিব বলেন, ‘অনেকের কাছ থেকে আবেদন পেয়েছি। চ্যানেলগুলো সম্প্রচারে আসার বিষয়ে কিছুটা জটিলতা হয়েছে। তথ্য মন্ত্রণালয় অনুমোদনের তারিখ থেকে এক বছর অর্থাত্ ১১ অক্টোবরের মধ্যে সম্প্রচার শুরুর কথা উল্লেখ করে চিঠি দিয়েছিল। সেই হিসাবে এক বছর হয়ে গেছে। কিন্তু জটিলতা সৃষ্টি হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দেওয়া চিঠি নিয়ে। টিভি-মালিকদের দেওয়া এ চিঠিতে বলা হয়েছে, তরঙ্গ বরাদ্দের দিন থেকে শুরু করে এক বছরের মধ্যে এর ব্যবহার শুরু করতে হবে। ফলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।’সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদনের বিষয়ে নানা ধরনের অনিয়মের কথা তুলে ধরা হয়। সে সময় প্রধানমন্ত্রী কর্মকর্তাদের আশ্বাস দিয়ে বলেছিলেন, আওয়ামী লীগ সরকার নীতিমালা মেনেই কাজ করবে। স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখেই বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচারের অনুমোদন দেওয়া হবে। কিন্তু এবারও নীতিমালা মানা হলো না।সম্প্রচার শুরুই হয়নি: ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী প্রথম আলোকে বলেন, চ্যানেল চালুর বিষয়ে তাঁরা তথ্য মন্ত্রণালয় থেকে দুটি চিঠি পেয়েছেন। একটিতে উল্লেখ করা ছিল, অনুমোদনের তারিখ ১১ অক্টোবর, ২০০৯ এবং অন্য চিঠিটি লেখা হয়েছিল সংবাদ প্রচার ও স্থানীয় সম্প্রচার বিষয়ে। সেখানে তারিখ উল্লেখ ছিল ২২ অক্টোবর। ২২ অক্টোবরকে অনুমোদনের তারিখ ধরলে নির্ধারিত সময়ের আগে অর্থাত্ এক বছর আগেই ২০ অক্টোবর তাঁরা পরীক্ষামূলক সম্প্রচার শুরু করবেন। তিনি বলেন, তাঁরা তরঙ্গ বরাদ্দ পেয়েছেন ৭ ফেব্রুয়ারি। ওই চিঠিতেও লেখা ছিল, এ চিঠি পাওয়ার এক বছরের মধ্যে তরঙ্গ ব্যবহার করতে হবে।গাজী স্যাটেলাইট টেলিভিশনের (জিটিভি) চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী প্রথম আলোকে বলেন, তাঁরা মাত্র দুই মাস আগে তরঙ্গ বরাদ্দ পেয়েছেন। যে কারণে ১০ অক্টোবর অনুমোদন দেওয়া হলেও কোনোভাবেই আগামী জুন-জুলাইয়ের আগে নিয়মিত সম্প্রচারে আসা সম্ভব নয়। সরকারদলীয় সাংসদ গোলাম দস্তগীরের ছেলে গাজী গোলাম আশরিয়ার মালিকানায় দেওয়া হয়েছে জিটিভি।চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বিজয় টিভি চালুর বিষয়ে বলেন, ১৬ ডিসেম্বর বিজয় টিভি পরীক্ষামূলক সম্প্রচারে আসবে। দুই বছরের পুঁজি হাতে রেখে টিভি চালু করতে হচ্ছে, তাই এত দেরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।চ্যানেল ৯-এর চেয়ারম্যান সৈয়দা মাহবুবা আক্তার বলেন, ‘আমরা কাজ করে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব সম্প্রচারে আসব। দিনক্ষণ বলতে পারছি না।’৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক প্রথম আলোকে এর আগে এবং বিভিন্ন সময় বলেছেন, তাঁর টিভি চ্যানেল চালু হবে ১৬ ডিসেম্বর।পরীক্ষামূলক সম্প্রচার: মাছরাঙ্গা কমিউনিকেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মুনয়েম গতকাল প্রথম আলোকে বলেন, তাঁরা পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছেন। সংবাদ ও অনুষ্ঠান দুটোই তাঁদের সম্প্রচারে গুরুত্ব পাবে। ডিসেম্বর নাগাদ মাছরাঙ্গা টিভি নিয়মিত সম্প্রচারে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা সাতটা তিন মিনিটে তাঁদের টিভি পরীক্ষামূলক সম্প্রচারে এসেছে। তিনি আরও জানান, আগামী ফেব্রুয়ারিতে নিয়মিত সম্প্রচারের আসার পরিকল্পনা রয়েছে তাঁদের। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ভাই চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম এই টিভি চ্যানেলের অন্যতম অংশীদার।মোহনা টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান ও সরকারদলীয় সাংসদ কামাল আহমেদ মজুমদার বলেন, ৩১ জুলাই থেকে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছে তাঁর চ্যানেল। রাষ্ট্রপতি সময় দিলেই তাঁরা মোহনা টিভির উদ্বোধন করবেন।সাবেক তথ্যসচিব জামিল ওসমান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ১৯৯৮ সালের টেলিভিশন নীতিমালার কোথাও অনুমোদনের সময় থেকে এক বছরের মধ্যে সম্প্রচারে না এলে ‘সময় বাড়ানোর’ কথা বলা নেই। এ ছাড়া পরীক্ষামূলক সম্প্রচারকে কোনোভাবেই নিয়মিত সম্প্রচার বলা যাবে না। টেলিভিশন নীতিমালা অনুযায়ী মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়ার এক বছরের মধ্যেই সম্প্রচার চালু করা বাধ্যতামূলক। নীতিমালায় যা আছে: বেসরকারি মালিকানায় টেলিভিশন স্থাপন ও পরিচালনা নীতিমালার সম্প্রচার কার্যক্রমে উল্লেখ আছে, বেসরকারি মালিকানায় টেরিস্ট্রেরিয়াল অথবা স্যাটেলাইট অথবা উভয় প্রকার চালুর অনুমতি প্রদান করা যেতে পারে। তবে শর্ত হচ্ছে, অনুমতি পাওয়ার তারিখ থেকে এক বছরের মধ্যে চ্যানেল চালু করতে হবে। এ ছাড়া দেশের জনগণ যাতে সংশ্লিষ্ট চ্যানেলে টিভি অনুষ্ঠান দেখতে পারে, সে জন্য পাঁচ বছর সময়ের মধ্যে টিভি নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, শেষ পর্যন্ত তরঙ্গ বরাদ্দ দেওয়ার সময়কেই অনুমোদনের তারিখ ধরা হবে। তাঁদের ধারণা, তরঙ্গ বরাদ্দের তারিখ ধরলেও এক বছরের মধ্যে অনেক চ্যানেল সম্প্রচার শুরু করতে পারবে না।এখন চালু ১০ চ্যানেল: যেসব বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচারের অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলোর অধিকাংশই বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে অনুমোদন পায়। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে এটিএন বাংলা, চ্যানেল আই ও একুশে টিভি সম্প্রচারের অনুমতি পায়। এর মধ্যে একুশে টেলিভিশন টেরিস্ট্রেরিয়াল সুবিধা পায়। জোট সরকার ক্ষমতায় এসে একুশে টিভির সম্প্রচার বন্ধ করে দিলেও পরে ওই চ্যানেল উচ্চ আদালতের রায়ে স্যাটেলাইট হিসেবে সম্প্রচার চালু করে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আটটি টিভি চ্যানেল সম্প্রচারের অনুমোদন পায়। এগুলো হচ্ছে: এনটিভি, আরটিভি, দিগন্ত টেলিভিশন, বাংলাভিশন, ইসলামী টিভি, বৈশাখী টিভি, দেশ টিভি ও চ্যানেল ওয়ান। অবশ্য চ্যানেল ওয়ান এখন বন্ধ আছে।