রাজধানীর পুরান ঢাকার কৈলাশ ঘোষ লেনে ছয় তলা একটি ভবনের ওপরের কয়েকটি তলা আজ মঙ্গলবার সকালে পাশের দুটি ভবনের ওপর ধসে পড়ে। এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ বাড়িটি রাজউকের অনুমতি নিয়ে তৈরি করা হয়নি এবং অনুমতি না নিয়েই ভাঙা হচ্ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে কৈলাশ ঘোষ লেনের ১৪/এ বাড়িটির অংশবিশেষ পাশের ১৮ ও ১৯ নম্বর বাড়ির ওপর ধসে পড়ে। ধসেপড়া বেশির ভাগ অংশ ১৯ নম্বরের তিন তলা বাড়ির ওপর পড়ে। আর কিছু অংশ পড়ে ১৮ নম্বরের চার তলা বাড়িটির ওপর।স্থানীয়রা জানিয়েছেন, ধসেপড়া ভবনটির মালিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে এলাহী মোহন। পাঁচ কাঠা জমির ওপর ছয় তলা পর্যন্ত নির্মাণের পর ছাদের ওপর অতিরিক্ত টিনশেডের ঘর নির্মাণ করা হয়। এক মাস ধরে ভবনটি ভাঙা হচ্ছিল।ভবনটি নির্মাণের ক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমতি নেওয়া হয়নি বলে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন সংস্থাটির অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান। তিনি বলেন, কোনো ভবন ভাঙতে হলে রাজউকের অনুমতি নিতে হয়। কিন্তু এ ভবনটি ভাঙার ক্ষেত্রে রাজউকের অনুমতি নেওয়া হয়নি। এ ছাড়া ছাদ থেকে একটি করে তলা ভাঙার নিয়ম আছে। কিন্তু একেকটি তলার অর্ধেক করে তিন তলা পর্যন্ত ভাঙা হয়েছে। এতে প্রতিটি তলার বাকি অর্ধেক অংশে পিলার ও বিম রয়ে গিয়েছিল। ভারসাম্য রক্ষা করতে না পেরে আজ সকালে ভবনটির অংশবিশেষ ধসে পড়ে।এই ভবনের নতুন নকশার অনুমোদন দেওয়া হবে না বলেও অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান জানান।১৯ নম্বরের তিন তলা ভবনটির বাসিন্দা নিরঞ্জন পাল প্রথম আলো ডটকমকে বলেন, তাঁদের বাসার এক পাশের দেয়াল ভেঙে গেছে। সকালে পাশের ভবনটির অংশবিশেষ ধসে পড়ার সময় তাঁরা ঘুমাচ্ছিলেন উল্লেখ করে বলেন, ভূমিকম্প ভেবে দৌড়ে নিচে নেমে যান। ১৮ নম্বরের চারতলা বাড়িটির মালিক মোহাম্মদ সোহেল প্রথম আলো ডটকমকে বলেন, তাঁর ভবনে ১২টি পরিবারের প্রায় ৪০ জন মানুষ থাকেন। ভবনের এক তলা ও দোতলায় যাঁরা ছিলেন, তাঁদের জানালা ভেঙে বের করা হয়েছে।মোহাম্মদ সোহেল দাবি করেন, স্থানীয় পঞ্চায়েত ভবনটি এভাবে না ভাঙার জন্য ফজলে এলাহী মোহনকে বলেছিল। তবে তিনি সেটা শোনেননি।তবে ফজলে এলাহী মোহন হজ করার জন্য দেশের বাইরে থাকায় এ অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার নাঈম প্রথম আলো ডটকমকে বলেন, কোনো ভবন পর্যায়ক্রমে ভাঙার নিয়ম থাকলেও ধসেপড়া ভবনটি সেভাবে ভাঙা হচ্ছিল না। পাশের ক্ষতিগ্রস্ত দুটি ভবন থেকে সবাই সরে গেছে। আর কেউ আটকা পড়ে নেই বলে ধারণা করা হচ্ছে।