অনুমোদন ছাড়াই কৃষিজমিতে যুবলীগ নেতার আবাসন প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীর মধ্য মাদার্শার শ্রীবিলে (কুয়াইশ বিল) অনুমোদন ছাড়াই কৃষিজমিতে আবাসন প্রকল্প তৈরি করছেন যুবলীগের নেতা। বিলের ১৬ একর জমি কিনে ইতিমধ্যে বালু ফেলে ভরাট শুরু হয়েছে। বিলের পশ্চিমাংশে মাদারি খালের পাশে বালু ফেলায় বন্ধ হয়ে গেছে সেচের পানি আসা-যাওয়ার পথ। এ কারণে বিলের প্রায় ১০০ একর জমিতে এবার বোরো চাষ করা যায়নি।আবাসনপ্রতিষ্ঠানটির নাম এলিট ল্যান্ড লিমিটেড। প্রায় দুই বছর আগে প্রতিষ্ঠানটি শ্রীবিলে ‘এলিট সিটি’ আবাসিক প্রকল্পের জন্য জমি কেনা শুরু করে। প্রতিষ্ঠানটির মূল মালিক মাসুম চৌধুরী চট্টগ্রাম সরকারি সিটি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান।অভিযোগ উঠেছে, কৃষিজমির পাশাপাশি শ্রীবিলের পাশে প্রায় ২৬ শতক দেবোত্তর সম্পত্তি বায়নানামা করে দখলে নিয়েছে আবাসনপ্রতিষ্ঠানটি। চারদিকে জমি কিনে দেয়াল তুলে দেওয়া হয়েছে। এখন দেয়ালের ভেতরে জমি থাকা সত্ত্বেও যেতে পারছেন না কৃষকেরা। আরও জমি গ্রাস করতে প্রতিষ্ঠানটি কৃষিজমিকে নিষ্ফলা করার চেষ্টা করছে বলে কৃষকেরা অভিযোগ করেন। তাঁদের আশঙ্কা, এভাবে ভরাট আর দেয়াল তোলা চলতে থাকলে বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেবে।সরেজমিনে দেখা গেছে, মাদারি খালের পাশে লম্বালম্বি জমিতে বালু ফেলায় সেচের জন্য তৈরি নালায় পানি চলাচল বন্ধ হয়ে গেছে। ট্রাকযোগে বালু এনে ফেলা হচ্ছে এখানে। সেচের পানি না পড়ায় ভরা বোরো মৌসুমে পুরো শ্রীবিল খাঁ খাঁ করছে। অথচ একই বিলের রাস্তার উত্তর পাশে বোরোর চাষ হয়েছে। বোরো না হলেও গত আমন মৌসুমে চাষাবাদ হয়েছে বলে জানান স্থানীয় কৃষক বদিউল আলম ও আবুল কাশেম।মধ্য মাদার্শা গ্রামের কৃষক আবদুল হাকিম (৮০) বলেন, ‘আমি ১০ গন্ডা জমি তাদের কাছে বিক্রি না করায় চারদিকের জমি কিনে দেয়াল তুলে দিয়েছে। এখন আমি নিজের জমিতে যেতে পারছি না। আমাকে বলেছে, হেলিকপ্টার নিয়ে আমার জমিতে যেতে।’ একই অবস্থা বিধবা সখিনা বেগমের।প্রতিষ্ঠানের মালিক মাসুম চৌধুরী বলেন, ‘আমার কেনা জমির ওপর আমি দেয়াল দিয়েছি। তাঁদের আমি কীভাবে যাওয়ার জায়গা দেব?’ সেচের পানির প্রতিবন্ধকতার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘আমাদের কেনা জমিতে আমরা বালু ফেলেছি। তাদের পানি নেওয়ার জন্য আমাদের জায়গায় একটা নালা করে দিতে পারি। দেবোত্তর সম্পত্তি প্রমাণিত হলে ওই পরিমাণ জায়গা ছেড়ে দেব।’হাটহাজারী উপজেলার কৃষি কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, শ্রীবিলে বোরো মৌসুমে হেক্টরপ্রতি পৌনে চার টন চাল উৎপাদন হয়। সে হিসাবে এবার ১০০ একর (প্রায় ৪০ হেক্টর) জমিতে ১৫০ টন চাল উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা।স্থানীয় কৃষকদের হিসাবে শ্রীবিলের একপাশের আয়তন প্রায় ১৬০ একর। তবে সরকারি হিসাবে মোট জমি প্রায় ১২০ একর। শ্রীবিলটি চট্টগ্রামের বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) কৃষিজমি হিসেবে সংরক্ষিত। এখানে কৃষিজমি আবাসন প্রকল্পে ব্যবহারের অনুমতি চেয়ে এলিট ল্যান্ড গত বছরের ১৭ ফেব্রুয়ারি, ২৬ এপ্রিল ও ১২ মে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) কাছে আবেদন করে। তবে গত ১৪ অক্টোবর চউক আবাসিক ভূমি হিসেবে ওই জমি ব্যবহারের ছাড়পত্র প্রদান সম্ভব নয় বলে জানিয়ে দেয়।এই ভূমি ব্যবহার প্রত্যাখ্যানপত্রে স্বাক্ষর করেন চউকের নগর পরিকল্পনাবিদ-৩ মো. জহির আহমেদ। তিনি বলেন, ‘ইমারত নির্মাণবিধি অনুযায়ী কৃষিজমি আবাসনের জন্য ব্যবহার করা যায় না। এ জন্য আমরা এলিট ল্যান্ডকে ওই ভূমি ব্যবহারের ছাড়পত্র দিইনি।’মাসুম চৌধুরী বলেন, ‘অনেকে চউকের আবেদন না নিয়েই আবাসন প্রকল্প করছে। আমরা আবেদন করেছিলাম। কৃষিজমিতে আবাসন না হলে চউক কৃষিজমিতে আবাসন প্রকল্প করে কীভাবে? আমরা আবার আবেদন করব। আর আমরা বিএস দাগে ভিটে দেখে জমি কিনেছি।’আন্দোলন ও মামলা: উপজেলার ফতেয়াবাদের শ্রীবিলে আবাসন প্রকল্পের পরিবেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ১৩ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক খ্যাতনামা ভাস্কর অলক রায়, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল ও ভাইস চেয়ারম্যান সাজেদা বেগমের নেতৃত্বে স্থানীয় লোকজন মিছিল-সমাবেশ করে। এ ঘটনার পর চাঁদাবাজি ও হামলার অভিযোগ এনে অলক রায়সহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে আবাসন কর্তৃপক্ষ।