অনুমোদন ছাড়াই চট্টগ্রামের রাস্তায় চলছে ব্যাটারিচালিত বেবিট্যাক্সি
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধন, চলাচল-উপযোগী (ফিটনেস) সনদ কিংবা রুট পারমিট কোনোটাই নেই। তবু চট্টগ্রাম নগরের রাস্তায় চলছে ব্যাটারিচালিত বেবিট্যাক্সি। আমদানিও হচ্ছে প্রচুর। বিআরটিএর নিবন্ধনের আওতায় না আসায় সরকার এ খাত থেকে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে জানা গেছে। চলাচলের আইনগত বৈধতা না থাকায় এসব যান দুর্ঘটনায় পড়লে কিংবা কোনো অপরাধ কর্মকাণ্ডে ব্যবহূত হলে তা মীমাংসার ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে বলে পুলিশ কর্মকর্তারা আশঙ্কা করছেন। তা ছাড়া ধীরগতির যান হওয়ায় এগুলো নগরে যানজট সৃষ্টি করবে।জানা গেছে, বাংলাদেশ মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩-এর ৩২ ধারা অনুযায়ী রাস্তায় চলাচলকারী যান্ত্রিক যানবাহনের জন্য বিআরটিএর নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক। অন্য কোনো সংস্থা এ ধরনের অনুমোদন দিতে পারে না। ব্যাটারিচালিত বেবিট্যাক্সি বৈদ্যুতিক মোটর দিয়ে চালিত বলে এগুলো যান্ত্রিক যানবাহন হিসেবে বিবেচিত।অনুমোদন ছাড়া নগরে চলাচলের দায়ে ট্রাফিক পুলিশ কয়েক দিনে ব্যাটারিচালিত ১৩টি বেবিট্যাক্সি আটক করেছে। পরে রাস্তায় আর নামাবে না—এই মুচলেকা নিয়ে বেবিট্যাক্সিগুলো মালিকদের ফেরত দেওয়া হয়। নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার (ডিসি-ট্রাফিক) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, অনুমোদন ছাড়াই এসব বেবিট্যাক্সি নগরের রাস্তায় চলছে। এসব যানবাহন চলাচলের উপযোগী কি না তাও নিশ্চিত হওয়া যায়নি। চট্টগ্রাম নগরের রাস্তায় চলাচলের জন্য এ ধরনের ৭০০ গাড়ি আমদানির প্রস্তাব করে নগর পুলিশের কমিশনারকে চিঠি দিয়েছে দেশ-মাটি কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। ঢাকার উত্তরার এক নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের ১২ নম্বর বাড়িকে প্রতিষ্ঠানটির ঠিকানা দেখানো হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি দেওয়া চিঠিতে প্রতিষ্ঠানটির পক্ষে লে. কর্নেল (অব.) হাসান মুজাহিদের সই রয়েছে। পুলিশ কমিশনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিটি বিআরটিএর চট্টগ্রাম কার্যালয়ে পাঠান। বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মাসুদ আলম বলেন, ‘আমরা দেশ-মাটি কোম্পানি লিমিটেডের লোকজনকে পাচ্ছি না। তারা আবেদনে কোনো টেলিফোন নম্বর উল্লেখ করেনি।’ তিনি বলেন, বিআরটিএর নিবন্ধন না নিয়ে এ ধরনের যান নগরে অবৈধভাবে চলছে। চট্টগ্রাম কাস্টম হাউসের সংশ্লিষ্ট শুল্কায়ন গ্রুপের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম কমিশনার মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমদানি-নিষিদ্ধ পণ্যের তালিকায় ব্যাটারিচালিত যান নেই। এ জন্য উপযুক্ত শুল্ক আদায় সাপেক্ষে এগুলো খালাসের অনুমতি দিচ্ছি।’জানা যায়, গত চার-পাঁচ মাসে প্রায় এক হাজার ব্যটারিচালিত বেবিট্যাক্সি আমদানি করে চট্টগ্রামের ডিলাক্স টেডার্স। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মো. সাহাবুদ্দীন বলেন, ‘আমাদের কাজ আমদানি করা আর তা বিক্রি করা। নিবন্ধন, ফিটনেস বা রুট পারমিট পেল কি পেল না—সেটা দেখা আমাদের কাজ নয়।’ চট্টগ্রামে সম্প্রতি এ ধরনের যান আটক প্রসঙ্গে তিনি বলেন, সব ঠিক হয়ে যাবে। সিটি করপোরেশন এসব বেবিট্যাক্সির লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিচ্ছে। সংশ্লিষ্ট শুল্ক কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা যায়, ২০০৮ সালে প্রথম এ ধরনের যানবাহন আমদানি শুরু হয়। তবে গত বছর থেকে আমদানি বাড়তে থাকে। গত বছর জুলাই থেকে গত ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুরের অভ্যন্তরীণ পণ্যাগার দিয়ে প্রায় ১৭ হাজার ব্যাটারিচালিত বেবিট্যাক্সি খালাস হয়। এর আগে খালাস পায় প্রায় আট হাজার। বন্দর থেকে খালাসের অপেক্ষায় আছে আরও ৫০-৬০ কনটেইনার (এক হাজারেরও বেশি)।চট্টগ্রাম কাস্টম হাউসের শুল্কায়ন গ্রুপের প্রিন্সিপাল অ্যাপ্রেইজার রঞ্জিত কুমার রায় বলেন, সপ্তাহে গড়ে ১০-১২টি চালান শুল্কায়ন শেষে (২০০ থেকে ২৫০ বেবিট্যাক্সি) চট্টগ্রাম দিয়ে খালাস হচ্ছে। কয়েক দিন আগে খালাস হয়েছে ছয় কনটেইনার (প্রায় ১৫০)। জানা যায়, ব্যাপক আমদানি হলেও ঢাকা বা চট্টগ্রাম সিটি করপোরেশন এ ধরনের বেবিট্যাক্সি চলাচলের লাইসেন্স দিচ্ছে না। তিন মাস আগে ঢাকা সিটি করপোরেশনের বোর্ড সভায় রাজধানীতে রিকশা তুলে ব্যাটারিচালিত তিন চাকার যান প্রতিস্থাপনের ব্যাপারে আলোচনা হয়। তবে বিআরটিএর চেয়ারম্যান স্বাক্ষরিত এক চিঠিতে ব্যাটারি কিংবা সোলার প্যানেলযুক্ত ত্রিচক্রযানের কোনো লাইসেন্স না দিতে ঢাকা সিটি করপোরেশনকে অনুরোধ করা হয়।