সাবেক সাংসদ ইকবালের ভবন নির্মাণকাজ বন্ধ করতে পারেনি রাজউক, হাইকোর্টে রিট
অনুমোদন ছাড়াই ১৮ তলা!
আওয়ামী লীগ ঢাকা মহানগর শাখার সহসভাপতি ও সাবেক সাংসদ এইচ বি এম ইকবাল গুলশান এভিনিউতে অনুমোদন ছাড়াই ১৮ তলা বাণিজ্যিক ভবন নির্মাণ করছেন। ‘প্রিমিয়ার স্কয়ার’ নামের এই ভবনটি তৈরি হচ্ছে ইকবালের স্ত্রী মমতাজ বেগমের মালিকানা দেখিয়ে। তবে যাবতীয় কাজই চলছে ইকবালের মালিকানাধীন ইকবাল সেন্টারের তত্ত্বাবধানে।রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়ে বলেছে, রাজউকের কাছে এই বাড়ির কোনো নকশা নেই। রাজউক অনেক আগে থেকেই তাদের কাছে অনুমোদিত নকশা চাইলেও তা আমলেই নেওয়া হয়নি বলে রাজউকের পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) শেখ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন। পরে রাজউক চার দফা লিখিত নোটিশ দিয়ে নকশা চাইলে তারও কোনো জবাব দেওয়া হয়নি।তবে এইচ বি এম ইকবাল প্রথম আলোর কাছে দাবি করেছেন, চার বছর আগে নকশার অনুমোদন নেওয়া হয়েছে। তাহলে রাজউককে দেখানো হয়নি কেন? জানতে চাইলে তিনি বলেন, ‘ভবনটি আমার নয়, আমার স্ত্রীর নামে।’ কত তলার অনুমোদন আছে, তা-ও তিনি জানাননি।গুলশান এভিনিউয়ের ৭৮ নম্বর প্লটে ১৮ তলা ভবনের সব তলারই নির্মাণকাজ প্রায় শেষ। চারদিকে দেয়াল দেওয়ার কাজ এখনো বাকি। গুলশান ১ নম্বর থেকে ২ নম্বর যাওয়ার পথে হাতের ডানে বিশাল এই ভবন। সম্প্রতি ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিভিন্ন তলায় পুরোদমে কাজ চলছে।রাজউকের নোটিশের পর প্রিমিয়ার স্কয়ারের পক্ষ থেকে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়। রিটের পর আদালত রাজউকের ভবন ভাঙার উদ্যোগের ওপর স্থগিতাদেশ দেন। এ অবস্থায় ভবন ভাঙার উদ্যোগ বন্ধ থাকলেও নির্মাণকাজ চলছে। ভবনের দেখভালের কাজে নিয়োজিত প্রকৌশলী (সাইট ইঞ্জিনিয়ার) কামাল হোসেনও স্বীকার করেন, এখন শেষ পর্যায়ের কাজ চলছে।সম্প্রতি যোগাযোগ করা হলে ইকবাল প্রথম আলোকে বলেন, ‘২০০৫ সালে এক কোটি ৬০ লাখ টাকা জমা দিয়ে আমরা ৭৮ গুলশান এভিনিউর আবাসিক প্লটকে বাণিজ্যিক প্লট করি।’ তিনি বলেন, ২০০৬ সালে নকশা অনুমোদন করা হয়। কত তলার অনুমোদন নেওয়া হয় জানতে চাইলে তিনি তার সরাসরি জবাব না দিয়ে বলেন, ‘কয়েক তলা বাড়তি থাকতে পারে। বাড়তি তলাগুলো রাজউক প্রয়োজনে ভেঙে দিতে পারে। আমি এ বিষয়ে বাধা দেব না।’রাজউককে নকশা না দেখিয়ে রিট আবেদন করা এবং স্থগিতাদেশ থাকাকালে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এসব বিষয়ে আমাদের সেন্টারের (ইকবাল সেন্টার) ব্যবস্থাপক নাজমুল (নাজমুল ইসলাম) দেখভাল করছে। তার কাছেই জানতে হবে।’ব্যবস্থাপক নাজমুল ইসলামের কাছে ভবনের নকশা এবং রিট আবেদন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘সবই স্যার (ইকবাল) জানেন। সব কিছু স্যারের কাছেই আছে।’রাজউকের মাধ্যমে নকশার অনুমোদন ছাড়া কোনো প্লট ও ফ্ল্যাট বিক্রি বা বায়না করা যায় না। কিন্তু প্রিমিয়ার স্কয়ারে এরই মধ্যে কিছু তলা বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে। তবে দায়িত্বরত প্রকৌশলী বলেন, ভবনের প্রথম তিনটি তলা বিক্রি নয়, ভাড়া দেওয়া হয়েছে প্রিমিয়ার ব্যাংকের কাছে। অন্য তলাগুলোর বিষয়েও বিক্রির কথা চলছে।যেভাবে শুরু: রাজউকের লিখিত প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের শুরুতে ১৮ তলা ভবনের কাজ শুরু হয়। নির্মাণকাজ তদারকির সময় রাজউকের প্রতিনিধি নির্মাণস্থলে উপস্থিত লোকজনের কাছে অনুমোদিত নকশা চাইলে কেউ তা দেখাতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে গত ৯ মার্চ রাজউক নোটিশ জারি করে জানায়, তিন দিনের মধ্যে অনুমোদিত নকশা রাজউকে জমা দিতে হবে। নোটিশের স্মারক নম্বর ছিল রাজউক/নঅঅ/২বি-২সি-৬৮/১০/৩০৩। নকশা জমা না দেওয়ায় ১২ এপ্রিল কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে সাত দিনের মধ্যে জমা দেওয়ার কথা বলা হয়। এতেও সাড়া না পেয়ে রাজউক চূড়ান্ত নোটিশ দেয় ১৮ এপ্রিল। প্রতিবেদনে বলা হয়, তিন দফায় নোটিশ দিয়ে নকশা দাখিল করতে বলা হলেও ভবন মালিক নির্মাণকাজ অব্যাহত রাখেন। চূড়ান্ত নোটিশ দেওয়ার পর সাধারণত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান থাকলেও রাজউকের পক্ষ থেকে গত ১০ জুন আবারও নোটিশ করা হয়। এরও কোনো জবাব পাওয়া যায়নি।রাজউকের দায়িত্বরত পরিদর্শক মো. রাসেল জানান, তিনি নিজে কয়েকবার ভবনটির নির্মাণস্থলে গিয়ে নোটিশ দিয়েছেন। উপস্থিত প্রকৌশলী ও তত্ত্বাবধায়ককে অনুরোধও করেছিলেন। কিন্তু তাঁরা কোনো প্রতিক্রিয়া জানাননি। পরে রিট আবেদন করে রাজউকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা প্রথম আলোকে বলেন, অনুমোদিত নকশা না থাকা বা নকশার বাইরে বাড়তি তলা বা কাঠামো করার বিষয়ে রাজউক যখনই ব্যবস্থা নিতে যায়, এ ধরনের নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ আসে। এ জন্য রাজউকের পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে। আবেদনপত্রে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতি যেন এ বিষয়ে আলাদা বেঞ্চ গঠনের নির্দেশ দেন। গঠিত বেঞ্চ এ বিষয়ে দ্রুত নিষ্পত্তির রায় দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।