ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়। এই শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়কে নিজেদের অবস্থান না জানিয়ে দীর্ঘদিন ধরে ছুটিতে আছেন। চাকরিচ্যুত শিক্ষকেরা হলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম এরশাদুল বারী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আতাউর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিনুর রহমান, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মো. হামিদ উদ্দিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. নুরুল হুদা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, একইভাবে ছুটিতে থাকা আরও চার শিক্ষকের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে। তাঁদের মধ্যে হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আরিফুর রহমান বিশ্ববিদ্যালয়ের কোনো অনুমতি ছাড়াই অস্ট্রেলিয়া গেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, নির্ধারিত ছুটি শেষ হওয়ার পরও দীর্ঘদিন ধরে এই শিক্ষকেরা ছুটিতে আছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার তাগাদা দেওয়ার পরও তাঁরা চাকরিতে যোগ দেননি এবং নিজেদের অবস্থান সম্পর্কে বিশ্ববিদ্যালয়কে জানাননি। তাই সিন্ডিকেট তাঁদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে। অন্য চারজনের ব্যাপারেও সিদ্ধান্ত প্রক্রিয়াধীন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আতাউর রহমান গত বছর ২৮ জুন থেকে, হামিদ উদ্দিন ১৬ আগস্ট থেকে, আমিনুর রহমান ৫ সেপ্টেম্বর থেকে এবং এরশাদুল বারী ৩০ ডিসেম্বর থেকে অনুমোদনহীন ছুটি কাটাচ্ছেন। তাঁদের মধ্যে আমিনুর রহমান বিশ্ববিদ্যালয়কে কোনো কিছু না জানিয়েই ছুটিতে গেছেন। এর মধ্যে এরশাদুল বারী অসুস্থার অজুহাত দিয়ে এর আগেও দেড় বছর ছুটি কাটান। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের কাছে আবারও বিনা বেতনে ছুটি চান। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ছুটি নিতে হলে নিজের অবস্থান সম্পর্কে জানাতে হয়। কিন্তু তিনি তাঁর কোনো চিঠিতেই নিজের অবস্থান সম্পর্কে জানাননি। এরশাদুল বারীকে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অপসারণ করা হয়। একটি সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে মালয়েশিয়া আছেন। হামিদ উদ্দিন চাকরিতে যোগদানের পর উচ্চতর শিক্ষা নিতে কানাডায় যান। সেখান থেকে তিন বছর ১১ মাস পর ফিরে চাকরিতে যোগ দেন। এরপর ফের দুই বছরের বিনা বেতনে ছুটি চাইলে বিশ্ববিদ্যালয় মঞ্জুর করেনি। তিনি বিশ্ববিদ্যালয়কে না জানিয়েই এরপর দেশের বাইরে চলে যান। বর্তমানে তিনি সৌদি আরবে আছেন বলে জানা গেছে। আতাউর রহমান বিনা বেতনে ছুটিতে যাওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়কে নিজের অবস্থান সম্পর্কে কিছু জানাননি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৪-০৫ ব্যাচের মাস্টার্সের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং ৫২ জনকে প্রথম শ্রেণী দেওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ ছিল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষকের সংখ্যা এক হাজার ৬০০। তাঁদের মধ্যে ২১৯ জন শিক্ষক ছুটি নিয়ে দেশের বাইরে আছেন। রেজিস্ট্রার রেজাউর রহমান বলেন, নয়জন শিক্ষক অননুমিত ছুটিতে ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি চারজনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রক্রিয়াধীন। রেজাউর রহমান বলেন, শিক্ষকেরা বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিলেও অধিকাংশ ক্ষেত্রে অসুস্থতা, ব্যক্তিগত সমস্যা, কাজ শেষ হয়নি—এসব অজুহাত দেখিয়ে ছুটি বৃদ্ধি করেন। অনেকে কর্তৃপক্ষকে কিছু না জানিয়েই ছুটি কাটাতে থাকেন। বিশ্ববিদ্যালয় থেকে তখন তাঁদের চাকরিতে যোগদানের জন্য চিঠি পাঠানো হয়। কিন্তু অনেকেই এসব চিঠির জবাব দেন না।