যেসব প্রকল্পের অনুমোদন নেই, রিহ্যাব মেলায় সেসব প্রকল্পের স্টল থেকে ক্রেতাদের প্রলোভন দেখানো হচ্ছে বেশি। বলা হচ্ছে, ‘দ্রুত প্লট হস্তান্তর করা হবে। মেলা চলাকালীন বুকিং দিন, দুই লাখ টাকা কম পড়বে, উপহার তো আছেই।’অনুমোদন ছাড়া প্লট বিক্রি করছেন কীভাবে, জবাবে স্টলের কর্মীরা বলেন, অনুমোদন না থাকলেও নিবন্ধন আছে। কিন্তু রাজউক বলছে, নিবন্ধন দিয়ে হবে না। নিবন্ধন দেওয়া হয় কোম্পানিকে। প্লট-ফ্ল্যাটের ব্যবসা করতে হলে রাজউকের অনুমোদন লাগবেই।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব মেলা শুরু হয়েছে গত বৃহস্পতিবার। আজ রোববার মেলার শেষ দিন।রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. নূরুল হুদা জানান, রাজউক এ পর্যন্ত ২৮টি আবাসন কোম্পানিকে অনুমোদন দিয়েছে। কিন্তু মেলায় ২৬৩টি কোম্পানি অংশ নিয়েছে। তারা অনুমোদনহীন আবাসন প্রকল্পের পসরা সাজিয়েছে। অননুমোদিত কোম্পানিগুলো যাতে মেলায় অংশ নিতে না পারে, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।হাইকোর্টের নির্দেশ কেন মানা হচ্ছে না, এ প্রশ্নের জবাবে রাজউকের চেয়ারম্যান বলেন, শুক্র ও শনিবার ছুটি থাকায় হাইকোর্টের রায়ের প্রত্যায়িত অনুলিপি পাওয়া যায়নি। দু-এক দিনের মধ্যে হাতে পেলে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অনুমোদনহীন প্রকল্পের বিরুদ্ধে কাজ শুরু হবে।রাজউকের চেয়ারম্যান বলেন, যেসব অ্যাপার্টমেন্ট ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজউককে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। ভূমি প্রকল্পের বিষয়েও বিশেষ ক্ষমতার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। পেলে রাজউক নিজ উদ্যোগেই ব্যবস্থা নিতে পারবে।গতকাল মেলায় গিয়ে দেখা যায়, অনেক কোম্পানির স্টলেই একাধিক আবাসন প্রকল্পের প্লট বিক্রি বা বুকিং নেওয়া হচ্ছে। একটি বড় কোম্পানির একারই সাতটি আবাসন প্রকল্প প্রদর্শিত হচ্ছে। আবার যেসব কোম্পানির অ্যাপার্টমেন্ট প্রকল্প রয়েছে, তাদের বেশির ভাগেরই অন্তত একটি আবাসন বা প্লট প্রকল্প রয়েছে। সে হিসাবে ২৩৫টিরও বেশি অনুমোদনহীন প্রকল্প মেলায় এসেছে।নাসিম গ্রুপের ১০১ নম্বর স্টল থেকে কয়েকজন কর্মী বলেন, ‘দেখেন, ড্যাপ কখনোই হয়তো বাস্তবায়িত হবে না। নইলে বড় কোম্পানিগুলো বেচাবিক্রি বন্ধ করে দিত। আপনিই বলেন, কারও প্লট বিক্রি বা বুকিং নেওয়া কি বন্ধ আছে?’স্টলের কর্মীদের সরল স্বীকারোক্তি, মিরপুর চিড়িয়াখানা এলাকায় তাঁদের ভূমি প্রকল্প নাসিম সিটির ‘অনুমোদন নেই’। তবে কোম্পানির নিবন্ধন আছে। তাঁরা বলেন, বিভিন্ন মাপের সাড়ে আট হাজার প্লট আছে। ২০০০ সাল থেকে তিন হাজার ৭০০ প্লট বিক্রি হয়েছে সাত লাখ টাকা করে কাঠা। প্রকল্প এলাকায় এখনো ভূমি উন্নয়ন শুরু হয়নি। ২০১২ সাল থেকে হবে। আর প্লট বুঝিয়ে দেওয়া হবে ২০১৮ সালে। অপর একটি স্টলের কর্মীরা বলেন, হাইকোর্টের রায়ের পর রাজউক বলেছে, ২৮টি প্রকল্পের অনুমোদন আছে। এর পরও মেলায় অনেক কোম্পানি শত শত প্রকল্পের বেচাবিক্রি করছে, বসুন্ধরার মতো বড় কোম্পানিগুলো আরও বেশি হারে বিক্রি করছে, কোনো সমস্যাই হচ্ছে না, হবেও না।মেলার প্রবেশপথ পেরিয়ে ৭ নম্বর স্টলটি ইস্ট ওয়েস্ট ডেভেলপমেন্ট প্রপার্টিজ (প্রা.) লিমিটেডের। ভেতরে পোস্টার টাঙানো হয়েছে ‘রিহ্যাব সামার ফেয়ার ২০১১-এ বসুন্ধরার স্টলে স্বাগতম’। ৫১ নম্বর স্টল হচ্ছে জেনোভ্যালি ও পিংক সিটির। পিংক সিটির বিক্রয় বিভাগের একজন কর্মী স্বীকার করেন, তাঁদের প্রকল্পের অনুমোদনের জন্য রাজউকে আবেদন করা হলেও দু-একটি সেবা সংস্থার ছাড়পত্র এখনো জমা দেওয়া যায়নি বলে অনুমোদন হয়নি। তিনি বলেন, ‘আমাদের প্রকল্পের কথা জানতে চান কেন? “বসুন্ধরা বারিধারা প্রকল্পে” এফ ব্লক পর্যন্ত অনুমোদন আছে। কিন্তু এন ব্লক পর্যন্ত বিক্রি হয়ে গেছে। এখন এম ব্লক থেকে প্লট বিক্রি চলছে। রাজউকই বলেছে, তাদের রিভারভিউ প্রকল্পের অনুমোদন নেই। গাজীপুরে বসুন্ধরা মৌচাক প্রকল্পের প্লট বিক্রি হচ্ছে। ওই প্রকল্পের বিষয়ে সরকার মামলা করেছিল। এ ছাড়া কেরানীগঞ্জে রাজউকের ঝিলমিলের পাশে “বসুন্ধরা সিটিভিউ”, উত্তরায় রাজউকের তৃতীয় প্রকল্পের পাশে “বসুন্ধরা লেকভিউ”রও বিক্রি বা বুকিং চলছে।’ তিনি প্রশ্ন করেন, এসব প্রকল্পও রাজউক এলাকায়। কিন্তু রাজউক থেকে কি অনুমোদন নেওয়া হয়েছে? অথচ ক্রেতাদের বলা হচ্ছে, সব অনুমোদিত।৭ নম্বর স্টলে গিয়ে দেখা গেল, বড় পোস্টারে লেখা ‘ঢাকার মানচিত্রে বসুন্ধরার নতুন তিন প্রকল্প’। এসব প্রকল্পের অনুমোদন আছে কি না, জানতে চাইলে কর্মরত একজন কর্মকর্তা বিব্রতবোধ করেন। মেলায় কত প্লট বিক্রি বা বুকিং হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ‘আপনাকে কেন বলব, এটা কনফিডেন্সিয়াল।’মেলায় আরও অনেক অনুমোদনহীন প্রকল্পের প্রচারপত্র সামনে নিয়ে বিভিন্ন কোম্পানির স্টলের কর্মীদের তৎপরতা দেখা যায়। মোহাম্মদী ডেভেলপমেন্ট লিমিটেড থেকে বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের ভূঁইগড়ে তাদের ৫০০ প্লটের আবাসন প্রকল্প রয়েছে। তবে এখনো অনুমোদন পাওয়া যায়নি। তারা ১২ লাখ কাঠায় প্লট বিক্রি করছে। বৃহস্পতিবার রিহ্যাব মেলা শুরু হওয়ার পর ক্রেতাদের খুব বেশি ভিড় হয়নি। কাল সকালেও তুলনামূলক কম ভিড় দেখা যায়। বিভিন্ন কোম্পানির স্টল থেকে বলা হয়, দুপুরের পর লোকজনের আগমন বেড়েছে।রিহ্যাব মেলায় অনুমোদনহীন প্রকল্পের বিষয়ে বাপার অন্যতম সদস্য স্থপতি ইকবাল হাবিব গতকাল বলেন, ‘আমরা মনে করি রাষ্ট্রীয় প্রণোদনায় অননুমোদিত প্রকল্পের মহোৎসব চলছে মেলায়। যদি একজন মানুষও অননুমোদিত প্রকল্পের জন্য প্রতারিত হন, তার দায় অবশ্যই রাজউক ও রিহ্যাবকে বহন করতে হবে।’