অনুমোদন পাচ্ছে ১০ বেসরকারি বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিতে যাচ্ছে সরকার। এক বছরের বেশি সময় ধরে ৯২টি আবেদন পর্যালোচনা করে শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতির জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে ১০টি নাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। চলতি সপ্তাহে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশের প্রস্তুতি চলছে।ঢাকায় দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হচ্ছে। এর একটি হচ্ছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। অপরটি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ঢাকা মহানগরের মোট ২১টি আবেদন থেকে এ দুটি নির্বাচন করা হয়েছে।সূত্রমতে, ঢাকা শহরে এ মুহূর্তে ৪৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। তাই নতুন করে ঢাকা মহানগরে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একমত হয়েছে।খুলনায় সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের নামে আবেদন করা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি অনুমতি পেতে যাচ্ছে।সিলেটের গোলাপগঞ্জে অনুমতি পেতে যাচ্ছে নর্থইস্ট বিশ্ববিদ্যালয়। এর মূল উদ্যোক্তা ডা. আফজাল মিয়া। শরীয়তপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি পাচ্ছে জয়নুল হক সিকদারের নামে আবেদন করা জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ নামের একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হচ্ছে। এর মূল উদ্যোক্তা মুক্তিযোদ্ধা মো. সোলায়মান হক জোয়ার্দ্দার।রাজশাহীতে দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হচ্ছে। এর একটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল খালেকের স্ত্রী রাশেদা খালেকের নামে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আওয়ামী লীগের একজন প্রভাবশালী কেন্দ্রীয় নেতা জড়িত আছেন।অপরটি হচ্ছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। মূল উদ্যোক্তা হাফিজুর রহমান খান হলেও এর সঙ্গে যুক্ত রয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার ও পরোক্ষভাবে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখর।শিক্ষানগর রাজশাহীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১৪টি আবেদন জমা পড়লেও মাত্র দুটি নির্বাচিত করায় যোগ্য কয়েকটি প্রতিষ্ঠান বাদ পড়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্র জানায়, স্থায়ী ক্যাম্পাস করে এবং সব শর্ত পূরণ করে অপেক্ষা করা কয়েকটি বিশ্ববিদ্যালয় রাজশাহীতে অনুমতি পায়নি। এর কারণ হিসেবে ওই সূত্রের দাবি হচ্ছে, শিক্ষানগরে একটিও বৈধ বেসরকারি বিশ্ববিদ্যালয় না থাকায় প্রভাবশালী একটি মহল একদিকে সব শর্ত পূরণ না করেও অনুমতি নেওয়ার চেষ্টা করেছে, অন্যদিকে অন্যদের অনুমতি ঠেকানোর চেষ্টা করে তারা সফল হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও ময়মনসিংহে একটি করে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হতে পারে।বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নতুন অনুমোদন সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, চূড়ান্ত হওয়ার আগে তিনি এ প্রসঙ্গে মন্তব্য করতে রাজি নন। কোন মানদণ্ডের ভিত্তিতে ১০টি বিশ্ববিদ্যালয় নির্বাচন করা হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, সংখ্যা যা-ই হোক না কেন, এটা চলমান প্রক্রিয়া। সংখ্যার প্রসঙ্গ এড়িয়ে তিনি বলেন, খুব শিগগির তালিকা প্রকাশ করা হবে।শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, চূড়ান্ত হওয়ার আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চান না।