অনুমোদন ৮০ জনের হলেও যাত্রী ছিল তিন শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতের বেলায় যাত্রী ধারণক্ষমতা ৮০ জন হলেও ডুবে যাওয়া লঞ্চ ‘এমভি বিপাশা’য় যাত্রী নেওয়া হয়েছিল তিন শতাধিক। দিনের বেলায় চলাচলের জন্যও অনুমোদিত যাত্রীসংখ্যা ছিল ১২০ জন। এ ছাড়া ৩০ বছরের পুরোনো বলে লঞ্চটি পুরোপুরি ফিটও ছিল না। লঞ্চটিকে শর্ত সাপেক্ষে ‘জরিপ সনদ’ দেওয়া হয়। গত বুধবার রাত একটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুরে মেঘনা নদীতে ডুবে যায় এমভি বিপাশা। আকারের সঙ্গে সামঞ্জস্য রেখে লঞ্চটিতে ৩৫টি জীবনরক্ষাকারী বয়া, চারটি অগ্নিনির্বাপক যন্ত্র এবং দুটি বালুর বাক্স থাকার কথা। এগুলোর বেশির ভাগই ছিল না। সমুদ্র পরিবহন অধিদপ্তরের নথি থেকে জানা যায়, ১৯৮১ সালে নিবন্ধন (১৫১১৭) পাওয়া এমভি বিপাশা অধিদপ্তরের নারায়ণগঞ্জ জরিপকারকের কার্যালয়ের অধীন। লঞ্চটির দৈর্ঘ্য ছিল ২৩ দশমিক ২৫ মিটার, প্রস্থ ৫ দশমিক ১৬ মিটার এবং গভীরতা ১ দশমিক ৯৮ মিটার। নারায়ণগঞ্জের জরিপকারক মাসুম খান প্রথম আলোকে বলেন, গত বছরের ২২ জুন নির্ধারিত তারিখে তিনি লঞ্চটিকে দেখতে ভৈরবে গিয়েছিলেন। তখন ত্রুটি পাওয়ায় সেটিকে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে নিতে বলেছিলেন তিনি। মাসুম খান বলেন, গত বছরের ২৭ সেপ্টেম্বর লঞ্চটি নারায়ণগঞ্জে আনার পর তিনি ৪৫ দিনের জন্য একটি টোকেন দেন। পরে জরিপ সনদ দেওয়া হয়। ৩০ বছরের পুরোনো এই লঞ্চকে ঝুঁকিপূর্ণ মনে হওয়ার পরও তার আর খবর রাখা হয়নি কেন—এ প্রশ্নে মাসুম খান বলেন, ‘ভৈরব অঞ্চলে রাতে এ ধরনের লঞ্চ চলাচল করা ঠিক নয়। সাধারণত আমরা দিইও না। তার পরও জরিপ সনদ দেওয়ার সময় বলেছিলাম, গত মার্চের মধ্যে যেন এমভি বিপাশাকে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে আনা হয়, কিন্তু ওরা (মালিক) শোনেনি।’ মালিক বিজিত কুমার রায়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। নিবন্ধনপত্রে যে নম্বরটি রয়েছে, সেটি বরিশালের অন্য এক লঞ্চমালিকের বলে জানা যায়। সমুদ্র পরিবহন অধিদপ্তরের সূত্রমতে, লঞ্চটি আগে অন্য মালিকের ছিল। কাগজে সেই আগের ফোন নম্বরই রয়ে গেছে। চালকের অসতর্কতা ও বিআইডব্লিউটিএর বক্তব্য: ভৈরবের মোটবী এলাকায় কিছুদিন আগে একটি বালুবাহী ট্রলার ডুবে যায়। ওই নিমজ্জিত ট্রলারের সঙ্গে ধাক্কা লেগেই এমভি বিপাশা ক্ষতিগ্রস্ত হয় এবং একটু দূরে গিয়ে ডুবে যায়। সমুদ্র পরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএর তাৎক্ষণিক তদন্তে এ বিষয়টি বেরিয়ে আসে। সংশ্লিষ্ট সূত্রমতে, লঞ্চের চালকের কাজ হলো এ ধরনের ধাক্কা খেলে লঞ্চ বন্ধ করে তীরের কাছে থামিয়ে দেওয়া। কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি। অন্য একটি সূত্র দাবি করেছে, ট্রলার ডুবে যাওয়ার পর নিয়ম অনুযায়ী দুর্ঘটনাস্থল ঘিরে ‘নিশানা’ দিয়ে রাখার নিয়ম থাকলেও তা দেখা যায়নি। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া প্রথম আলোকে জানান, কয়েক দিন আগে তিনি নিজে ওই এলাকায় ‘নিশানা’ দেখে এসেছেন। সংশ্লিষ্ট কর্মচারীরা জানিয়েছেন, নিশানা চুরি হয়ে গিয়েছিল। তিনি নতুন করে নিশানা লাগাতে নির্দেশ দিয়েছিলেন এবং তা লাগানোও হয়েছিল। তিনি শুনেছেন, এমভি বিপাশা নদীর খুব কিনারা দিয়ে চলছিল। এ জন্যই ডুবে যাওয়া ট্রলারের সঙ্গে এর ধাক্কা লাগে।