অনুমোদনপ্রাপ্ত টিভি চ্যানেলগুলোর দ্রুত সম্প্রচারের সুপারিশ
বর্তমান সরকারের সময় অনুমোদন পাওয়া বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো যাতে দ্রুত সম্প্রচার শুরু করতে পারে সে লক্ষ্যে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সুপারিশ করা হয়।সভায় সরাসরি ও পরীক্ষামূলক সম্প্রচারে আসা বেসরকারি টিভি চ্যানেলগুলোর অনুষ্ঠানের মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়।সভায় জানানো হয়, বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানে শিল্পী ছাড়া অংশগ্রহণকারী অন্য ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহারের জন্য শুধু সম্মানী ভাতা উল্লেখ করে ফর্ম মুদ্রণ করে ব্যবহারের সুপারিশ করা হয়। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সুবিধা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়। এ ছাড়া সভায় ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনকে (এফডিসি) জনস্বার্থে জরুরি ভিত্তিতে ফিল্ম সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।এ সময় কমিটির সদস্য তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বি এম মোজাম্মেল হক, মো. শাহিরয়ার আলম, তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।—বাসস।