অনুমোদনবিহীন প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন না করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনবিহীন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকের মতো লেনদেন না করার জন্য সর্বসাধারণের প্রতি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান স্বাক্ষরিত সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন নামে কতিপয় প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না নিয়ে ব্যাংক-ব্যবসার অনুরূপ ব্যবসা পরিচালনা করছে। এ ধরনের প্রতিষ্ঠান অস্বাভাবিক উচ্চহারে সুদ ও আকর্ষণীয় মুনাফার লোভ দেখিয়ে জনসাধারণ থেকে অর্থ সংগ্রহ করছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনবিহীন এসব প্রতিষ্ঠানের সঙ্গে অস্বাভাবিক উচ্চহারে মুনাফার লোভে বিনিয়োগ করলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকায় এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য জনসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।গত কয়েক দিনে বিভিন্ন সংবাদপত্রে ডেসটিনি গ্রুপের ‘অবৈধ ব্যাংকিং’ নিয়ে খবর প্রকাশের পরই আজ সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা জারি করল।