অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিজ্ঞাপন-প্রচার বন্ধ করার নির্দেশ
অনুমোদনহীন বেসরকারি আবাসন প্রকল্পের প্লট বিক্রির জন্য সব ধরনের বিজ্ঞাপন-প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের প্রকল্পের প্লট বিক্রয়ে প্রচারিত সব বিলবোর্ড ও সাইনবোর্ড অপসারণ করার এবং এসব প্রকল্পের মাটি ভরাট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।জানা যায়, বেলা, আইন ও সালিশ কেন্দ্র, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৭ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ অননুমোদিত বেসরকারি আবাসন প্রকল্পের প্লট-ফ্ল্যাট বিক্রয়ের বিজ্ঞাপন প্রচার ও মাটি ভরাট বন্ধের নির্দেশ দিয়েছিলেন। এ ধরনের প্রকল্পের কার্যক্রম পরিচালনা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়। ওই রুল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তবে আদালতের ওই নির্দেশনা সত্ত্বেও কিছু কিছু বেসরকারি আবাসন কোম্পানি তাদের অননুমোদিত হাউজিং প্রকল্পের প্রচারণা অব্যাহত রেখেছে—এমন অভিযোগ এনে এ বিষয়ে নির্দেশনা চেয়ে বেলা সম্প্রতি হাইকোর্টে একটি আবেদন করে। ওই আবেদনের ওপর শুনানি শেষে আদালত গতকাল উপরিউক্ত আদেশ দেন।সূত্র জানায়, বেলার ওই আবেদনে অননুমোদিত সব বেসরকারি আবাসন প্রকল্পের প্লট বিক্রয়ের লক্ষ্যে প্রচারিত সব বিলবোর্ড/সাইনবোর্ড অপসারণ এবং বিজ্ঞাপন প্রচার বন্ধের আরজি জানানো হয়। একই সঙ্গে অনুমোদনহীন আবাসন প্রকল্পের প্লট বিক্রয় ও প্রকল্প অফিস বা অন্য কোনো মাধ্যমে প্লট বিক্রয়ের জন্য অর্থ সংগ্রহ না করার বিষয়গুলো নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়। এ ছাড়া অননুমোদিত আবাসন প্রকল্পগুলোর মাটি ভরাট বন্ধ ও মাটি ভরাটের নিষেধাজ্ঞা-সংক্রান্ত দৃশ্যমান নোটিশ সংশ্লিষ্ট এলাকায় প্রদর্শন করা এবং এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনাও চাওয়া হয়।আদালতে বেলার পক্ষে আইনজীবী ইকবাল কবির শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।ইকবাল কবির আদেশ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘অননুমোদিত আবাসন প্রকল্পগুলোর প্লট বিক্রয়ের জন্য সব ধরনের বিজ্ঞাপন প্রচার ও প্রচারণা হাইকোর্ট বন্ধের নির্দেশ দিয়েছেন। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন। আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’