অনুমোদনহীন ইজিবাইক থেকে কোটি টাকা চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরে প্রায় ২০ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) চলে। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে অনুমোদনহীন এসব ইজিবাইক থেকে ৫০০ টাকা করে মাসে মোট এক কোটি টাকা চাঁদা তোলা হয়। কয়েকটি সংগঠনের নামে তোলা চাঁদার এই টাকার ভাগ পুলিশও নেয় বলে অভিযোগ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিটি ইজিবাইকের চালককে মাসিক ২০০ ও দৈনিক ১০ টাকা করে চাঁদা দিতে হয়। কয়েকটি সংগঠন এই চাঁদা আদায় করছে। এর মধ্যে সাতটি সংগঠনের নাম পাওয়া গেছে। এগুলো হলো: কুমিল্লা জেলা অটোরিকশা মালিক সমিতি, কুমিল্লা অটোরিকশা মালিক-শ্রমিক সদস্য পরিচিতি বোর্ড, কুমিল্লা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ, কুমিল্লা ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ পরিষদ, কুমিল্লা অটোরিকশা মালিক ঐক্য পরিষদ, কুমিল্লা অটোবাইক মালিক কল্যাণ সমিতি এবং পৌর অটোবাইক কল্যাণ সমিতি। এর মধ্যে চলতি মাসে জেলা অটোরিকশা মালিক সমিতি, গত মার্চে মালিক-শ্রমিক সদস্য পরিচিতি বোর্ড ও ফেব্রুয়ারিতে মালিক ঐক্য পরিষদ ২০০ টাকা করে চাঁদা তোলে। এসব সংগঠনের নামসংবলিত স্টিকার ইজিবাইকের সামনে ও পেছনে সাঁটা আছে।জানা যায়, নগরের টমছম ব্রিজ, জাঙ্গালিয়া, বিশ্বরোড, বাখরাবাদ, চকবাজার, কান্দিরপাড়, ফৌজদারি এলাকা ও শাসনগাছায় অর্ধশতাধিক লোক প্রতিদিন ১০ টাকা করে চাঁদা তোলেন। তাঁরাই আবার ২০০ টাকা দামের স্টিকার বিক্রি করেন।টমছম ব্রিজ এলাকায় ইজিবাইক থেকে প্রতিদিন চাঁদা তোলেন মো. আলম। তিনি জানান, কুমিল্লা অটোরিকশা মালিক ঐক্য পরিষদের নামে স্টিকার বিক্রি করেন তিনি। এই টাকা কাকে/কাদের দেন—এমন প্রশ্নের জবাব তিনি দিতে চাননি। নগরের ফৌজদারি এলাকায় বাহারুল ইসলাম নামে এক ব্যক্তি চাঁদা তোলেন। তিনিও কোনো তথ্য দিতে রাজি হননি।কান্দিরপাড়ের ইজিবাইকচালক আমজাদ হোসেন, ফরিদ মিয়া ও আলতাফ হোসেন জানান, ইজিবাইকের লাইসেন্স না থাকলেও তাঁদের প্রতি মাসে ৫০০ টাকা চাঁদা ও মালিককে দৈনিক ৪০০-৪৫০ টাকা ভাড়া দিতে হয়।৯ এপ্রিল দুপুরে চকবাজারে গিয়ে কুমিল্লা জেলা অটোরিকশা মালিক সমিতির কাউকে পাওয়া যায়নি। তবে এই সমিতির সদস্য ফজলু মিয়া জানান, স্টিকার দিয়ে তোলা টাকা পুলিশ ও রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দেওয়া হয়।নগরের চকবাজার এলাকায় সিটি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় কুমিল্লা অটোবাইক মালিক কল্যাণ সমিতির কার্যালয়। গত বৃহস্পতিবার দুপুরে সেখানে গিয়ে কথা হয় সমিতির সাধারণ সম্পাদক বাবুল মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের সমিতির অধীনে ২৫৩ জন মালিক আছেন। আগে ইজিবাইকের স্টিকারের জন্য ১৫০-২০০ টাকা নেওয়া হতো। এখন ১০০ টাকা করে নেওয়া হয়।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দৈনিক ১০ টাকা করে চাঁদা তোলার ব্যাপারে আমাদের সংশ্লিষ্টতা নেই। এই টাকা টমছম ব্রিজ ও জাঙ্গালিয়ায় আদায় করা হয়।’ বাবুল মিয়া আরও বলেন, ‘আগে সমিতি না থাকায় পুলিশ ইজিবাইক আটক করে হাজার টাকা জরিমানা করত। এখন সেটা বন্ধ হয়েছে।’ বিষ্ণুপুর এলাকায় রয়েছে ইজিবাইকের আরেকটি সমিতি। পৌর অটোবাইক কল্যাণ সমিতি নামে ওই সমিতির সহসাধারণ সম্পাদক মজিব মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। জানা যায়, ২০০৭ সালে কুমিল্লা পৌরসভা এক বছরের জন্য ৩০০ ইজিবাইকের নিবন্ধন দেয়। সেগুলো আর নবায়ন করা হয়নি। আর কোনো ইজিবাইকের নিবন্ধনও দেওয়া হয়নি। তা সত্ত্বেও নগরের রাস্তায় নামে বহু নতুন ইজিবাইক। ইতিমধ্যে সরকার ইজিবাইক আমদানি নিষিদ্ধ করে। এদিকে নগরের ধর্মপুরে জনতা ব্যাংকের লাগোয়া একটি ভবনের নিচতলায় ইজিবাইক বানানো হচ্ছে। এ ছাড়াও নগরের মোগলটুলি, শাসনগাছা ও আশ্রাফপুর এলাকায় ইজিবাইক তৈরি হচ্ছে। এ ব্যাপারে সিটি করপোরেশন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ আছে। অনুমোদনহীন হাজার হাজার ইজিবাইকের কারণে নগরে হাঁটাও কষ্টকর হয়ে পড়েছে বলে জানান নগরের কয়েকজন বাসিন্দা। রেসকোর্স এলাকার বাসিন্দা ফাতেমা খায়রুন্নাহার বলেন, ‘ইজিবাইকের ভিড়ে বাচ্চাকে নিয়ে বিদ্যালয়ে যেতে বেগ পেতে হয়। নগরে যানজটের জন্য ইজিবাইকই দায়ী।’ পশ্চিম বাগিচাগাঁও এলাকার বাসিন্দা আশিক অমিতাভ বলেন, ‘ইজিবাইকের কারণে এখন নগরের রাস্তায় হাঁটাই যায় না।’ কুমিল্লা শহরের মুন হাসপাতালের চিকিৎসক আখতারুজ্জামান বলেন, ‘আমার কাছে সাম্প্রতিক সময়ে যত রোগী এসেছে, তাদের বেশির ভাগই ইজিবাইকের দুর্ঘটনায় পড়ে এসেছে। অবিলম্বে এসব বাহনকে নীতিমালার মধ্যে আনা উচিত।’জেলা অটোরিকশা বিক্রেতা মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, শুধু সিটি করপোরেশনেই ২০ হাজার ইজিবাইক আছে।জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মুকুল কান্তি দাস বলেন, ‘ট্রাফিক পুলিশ কোনো ইজিবাইক থেকে চাঁদা তুলছে না। কারা তুলছে জানি না।’ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘পুলিশ ইজিবাইক থেকে কোনো সুবিধা নিচ্ছে না।’ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), কুমিল্লার সভাপতি ও জেলা প্রশাসক রেজাউল আহসান প্রথম আলোকে বলেন, ‘কারা চাঁদা নিচ্ছে জানি না। কেউ এ ব্যাপারে অভিযোগও করেনি। কোনো নীতিমালা না থাকায় এসব বাহনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। নীতিমালা থাকলে সরকার প্রচুর রাজস্ব পেত।’ইজিবাইকের কারণে নগরে যানজট সৃষ্টি হচ্ছে স্বীকার করে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক বলেন, ‘ইজিবাইকের ব্যাপারে শিগগিরই আলোচনায় বসব। এসব বাহনের ব্যাপারে করণীয় ঠিক করতে কাউন্সিলরসহ নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে কথা বলব।’