অনুমোদনহীন ক্যাপসুলও পাঠানো হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কিছু এলাকায় শিশুদের অনুমোদনহীন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। প্রাথমিকভাবে খুলনার নয়টি উপজেলায় গ্লোব ফার্মাসিউটিক্যালস নামের দেশি একটি কোম্পানির ক্যাপসুল খাওয়ানোর খবর নিশ্চিত হওয়া গেছে। জাতীয় কর্মসূচিতে এই কোম্পানির ভিটামিনের অনুমোদন নেই। কেন্দ্রীয় ঔষধাগার এই ক্যাপসুল পাঠিয়েছিল।১৩ মার্চ সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির ও স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন বলেছিলেন, ১২ মার্চ সারা দেশে কানাডার ব্যানার ও ভারতের অলিভ কোম্পানির ক্যাপসুল শিশুদের খাওয়ানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত একাধিক পরীক্ষাগারে ক্যাপসুলের মান পরীক্ষা করা হয়। এসব ক্যাপসুল মানসম্পন্ন, জীবাণুমুক্ত ও নিরাপদ।তবে ব্যানার ও অলিভ ছাড়াও বাংলাদেশের গ্লোব ফার্মাসিউটিক্যালসের ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের খাওয়ানো হয়েছে। খুলনার সিভিল সার্জন গোলাম মুর্তজা শিকদার গতকাল প্রথম আলোকে জানিয়েছেন, খুলনা জেলার নয়টি উপজেলায় ব্যানারের পাশাপাশি গ্লোবের ক্যাপসুল শিশুদের খাওয়ানো হয়েছে।এ ব্যাপারে গতকাল স্বাস্থ্যসচিব প্রথম আলোকে বলেন, অন্য কোম্পানির অনুমোদনহীন ভিটামিন ‘এ’ ক্যাপসুল কী করে জাতীয় কর্মসূচিতে ঢুকল, তা অবশ্যই তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে। যোগাযোগ করা হলে গ্লোবের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুন অর রশিদ বলেন, কেন্দ্রীয় ঔষধাগার ২০১১ সালে তাদের কয়েক লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল কিনেছিল। কী জন্য কিনেছিল, তিনি এখন তা মনে করতে পারছেন না। তবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে গ্লোব কখনো ক্যাপসুল সরবরাহের কাজ পায়নি। জাতীয় কর্মসূচিতে গ্লোবের ক্যাপসুল খাওয়ানোর কথা শুনে বিস্ময় প্রকাশ করেন গ্লোবের এমডি।খুলনা সিভিল সার্জন কার্যালয়ের স্টোরকিপার আবু হাসান জানান, কেন্দ্রীয় ঔষধাগারের পাঠানো দুই ধরনের ক্যাপসুল (এক লাখ ইউনিটের নীল ও দুই লাখ ইউনিটের লাল) ও কৃমিনাশক বড়ি তাঁরা ২৬ ডিসেম্বর পেয়েছিলেন। এর মধ্যে এক লাখ ইউনিটের নীল ক্যাপসুল গ্লোব কোম্পানির। অব্যবহূত কিছু প্যাকেট এখনো জমা আছে।এসব ক্যাপসুল দেশের আর কোন এলাকায় সরবরাহ করা হয়েছে, গতকাল পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা তা বলতে পারেননি। তবে অসমর্থিত একটি সূত্র বলছে, আরও কয়েকটি জেলায় গ্লোবের ক্যাপসুল পাঠানো হয়েছে।জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করে। প্রতিষ্ঠানের কর্মসূচি ব্যবস্থাপক আশরাফ হোসেন সরকার প্রথম আলোকে বলেন, ‘জাতীয় কর্মসূচিতে সব সময় আন্তর্জাতিক মানসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। গ্লোবের কাছ থেকে কখনোই জাতীয় কর্মসূচির জন্য ভিটামিন এ ক্যাপসুল কেনা হয়নি।’ তাহলে কীভাবে ও কারা জাতীয় কর্মসূচিতে অনুমোদনহীন ক্যাপসুল অন্তর্ভুক্ত করল, দায়িত্বশীল কোনো কর্মকর্তাই তা বলতে পারছেন না।কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক (ভান্ডার ও সরবরাহ) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন প্রথম আলোকে বলেন, ২০১১ সালের মে মাসে গ্লোব ফার্মাসিউটিক্যালসের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (এক লাখ ইউনিটের) কেনা হয়েছিল। ওই ক্যাপসুল জাতীয় কর্মসূচিতে ব্যবহার করা যাবে না, এ রকম কোনো নিয়ম নেই। তিনি আরও বলেন, ‘পুরান মজুত তো ব্যবহার করতে হবে। নাকি আমরা তা ফেলে দেব?’ ক্যাপসুলের মানও যথার্থ বলে দাবি করেন তিনি।১২ মার্চ দেশের ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও দুই বছর থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্যাপসুলের সঙ্গে একটি কৃমিনাশক বড়ি খাওয়ানো হয়। ওইদিন ভিটামিনের মান নিয়ে প্রায় সারা দেশে বিরূপ প্রচার চলে। অন্যদিকে অনেক জেলায় শিশুরা অসুস্থ হয়ে পড়ে। বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে অনেক শিশু ভর্তি হয়। ঘটনা তদন্তে মন্ত্রণালয় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আজ শনিবার কেন্দ্রীয় ঔষধাগারে তদন্তে যাওয়ার কথা।সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও ব্যবসায়িক সূত্রে জানা যায়, জাতীয় কর্মসূচির জন্য ১০ কোটি ক্যাপসুল সরবরাহের দরপত্রে কানাডার ব্যানার (এ দেশের এসএস সায়েন্টিফিক), ভারতের অলিভ (এ দেশের জনতা ট্রেডার্স) এবং গ্লোব অংশ নেয়। সরবরাহের কাজ পায় অলিভ। কার্যাদেশ দেওয়ার পর অলিভের ক্যাপসুলের মান নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় দুই দফায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত পরীক্ষাগারে তা পরীক্ষা করায়।সচিব নিয়াজউদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, ভিটামিন ‘এ’ কেনার প্রক্রিয়া, সংরক্ষণ, সরবরাহ পুরোটাই তদন্ত করে দেখা হবে। দায়িত্ব পালনে যাঁরা অবহেলা করেছেন, তাঁদের অবশ্যই শাস্তি দেওয়া হবে।{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন খুলনা প্রতিনিধি কাজী আবদুল্লাহ}