অনুমোদনহীন টিভি চ্যানেলের দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বন্ধু কেমন আছ? শরীর ভালো, কিন্তু মন ভালো নেই। কেন? বাড়ি থেকে বিয়ে করার চাপ দিয়েছে। আরে এ তো খুশির কথা। কিন্তু আমার যৌনসমস্যা আছে। আরে যৌনসমস্যা, এটা তো কোনো ব্যাপারই না। যৌনসমস্যা নিয়ে মন খারাপের কোনো কারণ নেই। আমার সাথে চল। কোথায়? এশিয়া হারবাল সেন্টারে। এখানে নারী ও পুরুষের যেকোনো গোপন রোগের চিকিৎসা করা হয়’—ঠিক উপরিউক্ত ভাষায় এভাবেই অশ্লীল বিজ্ঞাপনচিত্রে ভাসছে হবিগঞ্জে অনুমোদনহীনভাবে পরিচালিত স্যাটেলাইট টিভি চ্যানেল এয়ার লিং। শুধু অপ্রীতিকর বিজ্ঞাপনই নয়, এ চ্যানেলে প্রতিদিন প্রচার করা হচ্ছে অশ্লীল হিন্দি-বাংলা ছায়াছবির গানসহ নানা উত্তেজনাকর অনুষ্ঠান। মধ্যরাতে প্রাপ্তবয়স্কদের জন্য রাখা হয় বিদেশি ছায়াছবি। এলাকাবাসী জানান, শুধু খবর ছাড়া একটি পূর্ণাঙ্গ টিভি চ্যানেলে যা প্রচার করা হয়ে থাকে, তার সবকিছু ২৪ ঘণ্টা এ চ্যানেলে সম্প্রচার হয়। হবিগঞ্জ এয়ার লিং লিমিটেড জেলা সদরে প্রায় এক যুগ ধরে কেব্ল টিভি অপারেটরের ব্যবসা করে আসছে। এ টিভি চ্যানেল তাদের আয়ের পথ হিসেবে বেছে নিয়েছে নানা ঢঙের বিজ্ঞাপন। ১০০ ভাগ গ্যারান্টি, চিকন স্বাস্থ্য মোটা করুন মাত্র দুই সপ্তাহে। কাজ না হলে মূল্য ফেরত। চন্দ্র কিরণ ম্যাসেজ ওয়েল (পেস্তাই জোয়ানি) যা দুর্বল পুরুষের জন্য। ডাকযোগে চিকিৎসা ও ওষুধ প্রেরণ করা হয়। স্থানীয়ভাবে নেওয়া এ বিজ্ঞাপন থেকে এ টিভি চ্যানেলটি বছরে কোটি টাকা আয় করছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়। সূত্রটি আরও জানায়, এয়ার লিং কর্তৃপক্ষ তাদের এ সম্প্রচার ধরে রাখতে যখনই যে সরকার আসুক ক্ষমতাসীন দলের নেতাদের কোনো ধরনের বিনিয়োগ ছাড়াই অংশীদারি দিয়ে এ ব্যবসা পরিচালনায় নিয়ে আসে। ক্ষমতাসীন দলের কয়েকজন নেতাকে সামনে রেখে তিন বছর ধরে এ অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা।আপত্তিকর বিজ্ঞাপনদাতা এশিয়া হারবালের মালিক ও কবিরাজ ইয়াছিন মিয়া বলেন, ‘আমি এয়ার লিংকে মাসে পাঁচ হাজার টাকা করে দিই। তারাই জানে কীভাবে তা প্রচার করছে। কারণ যে ভাষায় বিজ্ঞাপনটি প্রচার করা হচ্ছে তা আমার দেওয়া ভাষা নয়।’শহরের চৌধুরী এলাকার ব্যবসায়ী গফুর মিয়া বলেন, ‘চ্যানেলটি অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছে তা আমার জানা নেই।’ একইভাবে অনেকেই না বুঝে সম্প্রচারের জন্য নিজ প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক একটি প্রসাধনসামগ্রীর বিজ্ঞাপনদাতা বলেন, ওরা যে দরে বিজ্ঞাপন নিচ্ছে, তাতে দেখা গেছে জাতীয় চ্যানেলগুলোও একই দরে বিজ্ঞাপন প্রচার করে থাকে। তিনি প্রতি মাসে ৪০ হাজার টাকার বিজ্ঞাপন দেন বলে জানান।এ বিষয়ে হবিগঞ্জ এয়ার লিং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন জাহাঙ্গীর বলেন, বিজ্ঞাপনগুলোর দীর্ঘদিন প্রচারের জন্য চুক্তি হয়ে যাওয়ায় তা বাদ দেওয়া যাচ্ছে না। তবে অচিরেই অসংলগ্ন বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দেবেন বলে জানান তিনি। এ টিভি চ্যানেল পরিচালনার ক্ষেত্রে তাঁদের কোনো অনুমোদন আছে কি না এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এমডি। হবিগঞ্জের জেলা প্রশাসক মো. আবুল কাসেম তালুকদার বলেন, এয়ার লিংকে টিভি সম্প্রচারের কোনো অনুমতি প্রশাসন থেকে দেওয়া হয়নি। এ ধরনের কোনো সম্প্রচার হয়ে থাকলে তা অবৈধভাবে হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসন থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।