অনুমোদনহীন প্রকল্পে ব্যাংক অর্থায়নে বিধিনিষেধ
বিধিবদ্ধ সংস্থার অনুমোদনহীন বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন, ইমারত নির্মাণ এবং নির্মিত ইমারতের ফ্ল্যাট কেনায় ব্যাংক ঋণ না দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর রাজউকসহ অন্যান্য বিধিবদ্ধ সংস্থার অনুমোদনবিহীন প্রকল্পে ইতিমধ্যেই কোনো ঋণ দেওয়া হয়ে থাকলে সম্পূর্ণ অর্থ আদায় না হওয়া পর্যন্ত বন্ধকি সম্পত্তি আটকে রাখারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে আজ বুধবার এক প্রজ্ঞাপনে এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সূত্রগুলো বলছে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে বেশ কিছু তথ্য রয়েছে যে সংবিধিবদ্ধ সংস্থার অনুমোদন ছাড়াই কিছু প্রকল্পে ব্যাংকগুলোর অর্থ বিনিয়োগ হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের একাধিক পরিদর্শন প্রতিবেদনে এসব তথ্য উপস্থাপনও করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমাদের পরিদর্শকেরা কিছু ক্ষেত্রে সরজমিনে গিয়ে ভিন্ন ভিন্ন সংস্থার অনুমোদনহীন প্রকল্পে ব্যাংক অর্থায়নের বিষয়টি আবিষ্কার করেছে। আবার কিছু ক্ষেত্রে জালিয়াতিরও প্রমাণ পাওয়া গেছে।’ এর ভিত্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তবে তিনি এ-ও বলেন, সাধারণভাবে ব্যাংক তার অর্থ বিনিয়োগের ঝুঁকি বিবেচনায় নিয়ে অনুমোদিত প্রকল্পেই এ জাতীয় অর্থায়ন করে। তবে যেহেতু কিছু ক্ষেত্রে অনুমোদনহীন প্রকল্পে অর্থায়নের তথ্য মিলেছে, তাই সবাইকে সতর্ক করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘লক্ষ করা যাচ্ছে যে, সংবিধিবদ্ধ সংস্থার অনুমোদনহীন বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন, এ ধরনের প্রকল্পে ইমারত নির্মাণ এবং নির্মিত ইমারতের ফ্ল্যাট ক্রয়ের জন্য ব্যাংক ঋণ বিতরণ করা হচ্ছে। এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব অবকাঠামো উন্নয়ন ও ইমারত নির্মাণ এবং একই সঙ্গে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত কোনো প্রকল্পের অবকাঠামো উন্নয়ন ও ইমারত নির্মাণের জন্য ব্যাংকের অর্থায়নকালে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর পূর্ণ অনুসরণে পৌরসভার অনুমোদন নেওয়া হচ্ছে না, যা সুষ্ঠু ব্যাংকিং নিয়মাচারের পরিপন্থী।’ প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ পরিপ্রেক্ষিতে বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন এবং প্রস্তাবিত কোনো প্রকল্পের অবকাঠামো উন্নয়ন, ইমারত নির্মাণ বা পুনর্নির্মাণে অর্থায়নের আগে ব্যাংকগুলোকে কিছু শর্তাদি যথাযথভাবে পালন করতে হবে।শর্তগুলো হচ্ছে, অনুমোদিত প্রকল্পে ঋণ বিতরণের আগেই আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়নের জন্য বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা-২০০৪-এর সব শর্ত ও পরামর্শ অনুযায়ী প্রকল্পের কার্যক্রম পরিচালনা হওয়া সম্পর্কে নিশ্চিত হতে হবে। ব্যাংকের কাছে গচ্ছিত আবাসিক প্রকল্পের বন্ধকি জমিতে ছাড়া অন্য কোনো জমিতে অথবা অন্য কোনো আবাসন প্রকল্পের ভূমি উন্নয়নে ব্যাংকের অর্থ ব্যবহার হচ্ছে না, এটা নিশ্চিত হতে হবে। এর জন্য সরেজমিনে পরিদর্শন করে নিশ্চিত হতে হবে।