অনুমোদনহীন প্রকল্পের তালিকা নাগরিক মঞ্চে প্রকাশ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাসের মধ্যে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়ন না করলে আন্দোলনের ডাক দেবে পরিবেশবাদী সংগঠনগুলো। একই সঙ্গে নাগরিক মঞ্চ করে আবাসন ব্যবসায়ীদের অনুমোদনহীন প্রকল্পের তালিকা প্রকাশ করা হবে। বাংলামোটরের প্ল্যানার্স টাওয়ারে গতকাল সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) সম্মিলিতভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। বেলার প্রধান নির্বাহী রিজওয়ানা হাসান সংবাদ সম্মেলনে বলেন, সরকার এক মাসের মধ্যে ড্যাপ বাস্তবায়ন না করলে পরিবেশবাদীরা নাগরিক মঞ্চ করে অবৈধ প্রকল্প চিহ্নিত করে তা সরকারকে জানাবে। তিনি বলেন, আদালত বলেছে, রিহ্যাব মেলা চলবে। তবে অবৈধ ব্যবসায়ীরা থাকবেন না। কিন্তু অননুমোদিত প্রকল্প নিয়ে রিহ্যাব মেলায় অংশ নিয়েছেন ব্যবসায়ীরা। রাজউক এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়ে বলেছে যে আদালতের রায়ের কপি হাতে পাওয়া যায়নি। এতে প্রমাণিত হয়, রাজউক জনকল্যাণমুখী কাজে ব্যর্থ। বরং তারা দুর্নীতিগ্রস্ত ও রাজনৈতিকভাবে প্রভাবিত। রিজওয়ানা হাসান আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় পরিবেশ সংরক্ষণে আইন হয়েছে। এ আইন পাসের পর দুটি মেলা হয়েছে। সেই মেলার একটি প্রধানমন্ত্রী, অন্যটি গণপূর্ত প্রতিমন্ত্রী উদ্বোধন করেছেন। বিষয়টি দেশ ও জাতির জন্য খারাপ সংবাদ বহন করে। তিনি বলেন, আবাসন ব্যবসায়ীরা এ পর্যন্ত ৩৩ লাখ প্লট বিক্রি করেছেন। এর মাধ্যমে সরকার একদিকে আবাসন সমস্যার সমাধান করছে, অন্যদিকে ঢাকাকে বসবাসের অনুপযোগী করে তুলছে। গণমাধ্যমে অননুমোদিত প্রকল্পের বিজ্ঞাপন প্রচার করা হলে তাতে ক্রেতাদের প্রতারিত করা হবে বলেও তিনি মন্তব্য করেন। আইএবির সভাপতি মোবাশ্বের হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জলাশয় সংরক্ষণ আইন ও রিয়েল এস্টেট ব্যবস্থাপনা আইন হয়েছে। অথচ তারাই দুটি আইন ভঙ্গ করেছে। জলাশয় আইন ভঙ্গ করে হাতিরঝিলে ভবন হয়েছে। তিনি বলেন, গণমাধ্যম অবৈধ ব্যবসায়ীদের বিজ্ঞাপন প্রচার বন্ধ করলে তারা সঠিক প্রকল্প নিয়ে আসতে বাধ্য হবে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বাপার যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব। এতে বলা হয়, ৮ জুন হাইকোর্ট অননুমোদিত আবাসন প্রকল্পের প্লট বিক্রির বিজ্ঞাপন প্রচার ও মাটি ভরাট বন্ধে রাজউককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আবাসন ব্যবসায়ীরা মেলায় নিজেদের কোম্পানির অনুমোদন নম্বরকে যাতে প্রকল্পের নিবন্ধন নম্বর হিসেবে উল্লেখ করে গ্রাহকদের প্রতারিত করতে না পারেন, সে ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশবাদী সংগঠনগুলো রিহ্যাবকে অনুরোধ জানায়। কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টো। মেলা চলাকালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অনুমোদনহীন প্রকল্পের প্রচারণা চালানো হয়েছে। রাজউকও অনুমোদনহীন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার বন্ধের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি।লিখিত প্রস্তাবে ড্যাপ বাস্তবায়ন ও অনুমোদনহীন প্রকল্প সম্পর্কে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। যেমন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মেলায় অনুমোদনহীন প্রকল্পের প্রচার এবং বিপণনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনে নতুন আইন করে রাজউক পুনর্গঠন করে জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করা, অবিলম্বে ড্যাপ বাস্তবায়নের মাধ্যমে রাজধানীর নিম্নাঞ্চল ও জলাশয় সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ, প্রাকৃতিক জলাধার আইন ২০০০ এবং রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০১০-এর অধীনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং রিহ্যাব ও বিএলডিএসহ আবাসন ব্যবসায় নিয়োজিত সব সংগঠন এবং ব্যক্তি উদ্যোগকে আইন মেনে চলতে বাধ্য করা। ইকবাল হাবিব আরও বলেন, রিহ্যাব মেলায় একজন ব্যক্তিও যদি প্রতারিত হন, সে দায় সরকারকে বহন করতে হবে। রাজউক অননুমোদিত প্রকল্পের তালিকা প্রকাশ করলে সাধারণ মানুষ প্রতারিত হওয়া থেকে রেহাই পেত। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পবার চেয়ারম্যান আবু নাসের খান ও বিআইপির যুগ্ম সম্পাদক ফজলে রেজা।