অনুমোদনহীন প্রকল্পের মেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন নেই—এমন আবাসন কোম্পানি ও প্রকল্প যাতে রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় অংশ নিতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। যেসব অননুমোদিত প্রকল্প বিজ্ঞাপন প্রচার করছে, সেগুলোর তালিকা সাত দিনের মধ্যে মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে সরবরাহ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।তবে গতকাল সন্ধ্যায় দেখা যায়, রিহ্যাব মেলায় অননুমোদিত প্রকল্পের ছড়াছড়ি। মেলায় অংশ নিয়েছে ২৬৩টি প্রকল্প। কিন্তু এখন পর্যন্ত মাত্র ২৮টি প্রকল্পকে অনুমোদন দিয়েছে রাজউক। মেলা শুরু হয় গতকাল সকালে। সন্ধ্যায় গিয়ে দেখা যায়, যেসব কোম্পানির প্রকল্পের অনুমোদন নেই, এমনকি রাজউকে আবেদন পর্যন্ত করা হয়নি, সেসব কোম্পানির স্টল থেকেই ক্রেতাদের উদ্দেশে বেশি হাঁকডাক দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, ‘পানির দামে প্লট পাবেন, আসেন।’ একটি বড় কোম্পানির স্টল থেকে তিনটি নতুন প্রকল্পের প্রচার করা হচ্ছিল ফলাও করে। স্টলের কর্মীদের ডাকে অনেক ক্রেতা সাড়াও দেন। অপর একটি কোম্পানি তাদের মামলাধীন একটি প্রকল্পের প্লট বুকিং বা বিক্রির জন্য স্টলের বাইরেও কর্মী মোতায়েন করে। রিহ্যাবের প্রভাবশালী এক নেতার মালিকানাধীন কোম্পানির ফ্ল্যাট প্রকল্পের অনুমোদন আছে। কিন্তু প্লট প্রকল্পের অনুমোদন পাননি তিনি। কোম্পানির স্টলে নিয়োজিত কর্মীরা প্লট বুকিংয়ের প্রচারেও ব্যস্ত ছিলেন। ওই নেতাকে জানানোর পর তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এটা হতেই পারে না। বিক্রি করা হচ্ছে না।’যোগাযোগ করা হলে গতকাল সন্ধ্যায় রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের নির্দেশের প্রত্যায়িত অনুলিপি এখনো হাতে পাইনি। পেলে রাজউক কাজ শুরু করবে।’ তিনি বলেন, রাজউক এ পর্যন্ত ২৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এগুলো ব্যবসা করতে পারবে। এর বাইরে ৭৭টি কোম্পানি তাদের প্রকল্পের আওতায় ব্যবসা করার জন্য রাজউকে আবেদন করেছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় সেগুলোর অনুমোদন দেওয়া হয়নি। গতকাল দেখা যায়, রাজউকের অনুমোদন নেই, এমন বেশ কিছু প্রকল্পের বুকিং নেওয়া হচ্ছে রিহ্যাব মেলায় বিভিন্ন কোম্পানির স্টলে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শুরু হওয়া এই আবাসন মেলায় ২৬৩টি স্টলে প্লট-ফ্ল্যাট বুকিং বা বিক্রি করা হচ্ছে।জানতে চাইলে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি, সরকারি দলের সাংসদ নসরুল হামিদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের এ-সংক্রান্ত নির্দেশনা আগেও পত্রিকায় পড়েছি। কিন্তু নির্দেশের প্রত্যায়িত অনুলিপি হাতে পাইনি। পেলে রিহ্যাব মেলায় যেসব কোম্পানির প্রকল্প অনুমোদন নিয়ে প্রশ্ন আছে, সেগুলোর বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।’এই আবাসন মেলা ১৯ জুন পর্যন্ত চলবে। মেলায় যাতে কোনো অননুমোদিত কোম্পানি বা প্রকল্প অংশ নিতে এবং বিজ্ঞাপন প্রচার করতে না পারে, সে বিষয়ে নির্দেশনা চেয়ে গতকাল রিট আবেদন করা হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রিটটি করে। প্রাথমিক শুনানি নিয়ে বিকেলে আদালত রুল জারি করেন।রুলে রাজউকের অননুমোদিত আবাসন প্রকল্পগুলোর মেলায় অংশ নিতে ও বিজ্ঞাপন প্রচার বন্ধে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি অননুমোদিত আবাসন প্রকল্পগুলোর সব ধরনের বিজ্ঞাপন বা প্রচার বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়। চার সপ্তাহের মধ্যে সরকার, রাজউক, রিহ্যাবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।আবেদনকারীদের পক্ষে আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও ইকবাল কবির মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। গত ৮ জুন হাইকোর্টের একই বেঞ্চ এ বিষয়ে একটি রায় দেন। ওই রায়ে অননুমোদিত বেসরকারি আবাসন প্রকল্পের প্লট-ফ্ল্যাট বিক্রির জন্য প্রচারিত সব বিজ্ঞাপন ও এ-সংক্রান্ত সাইনবোর্ড-বিলবোর্ড অপসারণ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে মাটি ভরাটকাজ অব্যাহত রাখা প্রকল্পগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতেও বলা হয়। আদেশের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তা বাস্তবায়ন করতে বলা হয়। অননুমোদিত প্রকল্পের বিজ্ঞাপন প্রচার নিয়ে গত বছরের জুলাইতে বেলা, আইন ও সালিশ কেন্দ্র (আসক), পবা, বাপা এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) করা রিটের চূড়ান্ত শুনানি শেষে আদালত ওই রায় দিয়েছিলেন।প্রতারকদের ধরিয়ে দিতে প্রতিমন্ত্রীর আহ্বান: গতকাল ‘রিহ্যাব সামার ফেয়ার-২০১১’ উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি আবাসন প্রকল্পের নামে চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারকদের ধরিয়ে দিতে রিহ্যাবের প্রতি আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, কিছু প্রতিষ্ঠান চটকদার বিজ্ঞাপন দিয়ে জমি বিক্রির কথা বলে। পরে তারা জনসাধারণের কাছ থেকে টাকা নিয়ে জমিও দেয় না, আবার টাকাও ফেরত দেয় না। তবে এদের সংখ্যা গুটিকয়েক। এর জন্য রিহ্যাবের সবাইকে বদনামের ভাগিদার হতে হচ্ছে। তাই এদের ধরে আইনের আওতায় আনতে হবে।আব্দুল মান্নান খান বলেন, আবাসন ব্যবসায় শৃঙ্খলা আনতে রিয়েল এস্টেট আইন করা হয়েছে। এই আইনের মাধ্যমে একজন প্রতারক ব্যবসায়ীকে তিন বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা যায়।অনুষ্ঠানে বিশেষ অতিথি রাজউক চেয়ারম্যান নূরুল হুদা বলেন, রাজউক ও সরকার একে অপরকে পরিপূরক ভাবা উচিত। তিনি বলেন, রাজউকে অতীতে কিছু অসাধু লোক দুর্নীতি করেছে। কিন্তু এখন তা নেই।রিহ্যাবের সভাপতি নসরুল হামিদ বলেন, রাজধানীর মহাপরিকল্পনার ওপর ভিত্তি করে ড্যাপ করা হয়েছিল। কিন্তু এর সঙ্গে বর্তমান সময়কে মেলানো ঠিক হবে না। এসব বাস্তবতাকে সামনে রেখে ড্যাপ বাস্তবায়ন করতে হবে।আয়োজকেরা জানান, এবারের মেলায় প্রতিবার প্রবেশের ক্ষেত্রে টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা। আর চার দিনের টিকিটের মূল্য ১০০ টাকা ধার্য করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে।