চট্টগ্রামে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে প্রায় এক হাজার রোগনির্ণয় কেন্দ্র ও বেসরকারি হাসপাতাল
অনুমোদনহীন হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্রের ছড়াছড়ি
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উল্টো দিকে প্রবর্তক মোড়ে প্রায় ১০ বছর ধরে চলছে সিটি হাসপাতাল (মেটারনিটি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার) নামের একটি প্রতিষ্ঠান। বেসরকারি হাসপাতালটি পরিচালনা করছেন নিজেকে চিকিৎসক দাবি করা ঝুনু প্রভা শীল।গত বছর এই প্রতিষ্ঠানে এমবিবিএস চিকিৎসক সেজে রোগী দেখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেন ঝুনু প্রভা শীলকে। বিষয়টি স্বীকার করে ঝুনু প্রভা বলেন, ‘আমি তো এখন রোগী দেখি না। আমি অনিয়মিতভাবে সলিমুল্লাহ মেডিকেলে পড়েছি। হাসপাতালের লাইসেন্স প্রক্রিয়াধীন রয়েছে।’ঝুনু প্রভার সামনেই সাধারণ শয্যায় চিকিৎসাধীন খুশি দেবী নামের এক রোগীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তিন দিন আগে ভর্তি হয়েছি। ঝুনু প্রভার কাছে চিকিৎসা নিচ্ছি।’ সম্প্রতি সরেজমিনে এ চিত্র দেখা গেছে।চট্টগ্রামে এ রকম এক হাজার রোগনির্ণয় কেন্দ্র ও বেসরকারি হাসপাতাল চলছে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না নিয়েই। কিছু অনুমোদনের জন্য আবেদন করেই ব্যবসা চালিয়ে যাচ্ছে। মেডিকেল প্র্যাকটিস, বেসরকারি হাসপাতাল ও ল্যাবরেটরিজ অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী আবেদনের ওপর ভিত্তি করে কোনো ক্লিনিক বা ল্যাব চলতে পারবে না। অনুমোদন পাওয়ার পর তারা কার্যক্রম চালাতে পারবে। বৈধ ও অবৈধ প্রতিষ্ঠান: জেলা সিভিল সার্জনের কার্যালয়ের হিসাবে চট্টগ্রাম নগর ও জেলায় অনুমোদিত রোগনির্ণয় কেন্দ্র (ল্যাব) রয়েছে ২০৬টি এবং অনুমোদিত বেসরকারি হাসপাতাল রয়েছে ৭৯টি। কিন্তু বাস্তব চিত্র হচ্ছে, ব্যাঙের ছাতার মতো এখানে গড়ে উঠেছে অবৈধ প্রতিষ্ঠান।জেলা সিভিল সার্জন মো. আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘৭৯টি ক্লিনিক ও ২০৬টি ল্যাবের অনুমোদন রয়েছে। এর বাইরে আরও হাজার খানেক অনুমোদনহীন প্রতিষ্ঠান রয়েছে।’চট্টগ্রাম ল্যাব ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান বলেন, ‘বৈধ হাসপাতাল ও ল্যাব খুব কম। নগর ও জেলায় অন্তত এক হাজার অনুমোদনহীন প্রতিষ্ঠান রয়েছে।’মেডিকেলকে ঘিরে অনুমোদনহীন প্রতিষ্ঠান: সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম মেডিকেলের পূর্ব গেটে কে বি ফজলুল কাদের সড়কের মায়বিনী ভবনে দ্বিতীয় ও তৃতীয় তলায় রয়েছে পেশেন্ট কেয়ার হসপিটাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। ২০০৭ সাল থেকে হাসপাতালটি চলছে অনুমোদন ছাড়া। সরেজমিনে দেখা যায়, পেশেন্ট কেয়ার হসপিটালের পরিবেশ অপরিচ্ছন্ন। ২০ শয্যার এই হাসপাতালে সোমবার ছয়-সাতজন রোগী ছিল। জানতে চাইলে এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল জব্বার বলেন, ‘আমাদেরটা কেন, অনেক প্রতিষ্ঠান রয়েছে লাইসেন্স ছাড়া। আমাদের লাইসেন্স প্রক্রিয়াধীন রয়েছে।’মেডিকেলের সামনে পাঁচলাইশ আবাসিক এলাকায় রয়েছে বসুন্ধরা নামের অপর একটি অনুমোদনহীন রোগনির্ণয় কেন্দ্র। মেডিকেলের পেছনে ৯৯/এ চট্টেশ্বরী সড়কে দেশ মেডিকেল সার্ভিসেস নামের অপর একটি হাসপাতালও চলছে অনুমোদন না নিয়ে। সরেজমিনে দেখা যায়, ৩০ শয্যার দেশ মেডিকেল সার্ভিসেস ক্লিনিকে সোমবার সাতজনের মতো রোগী ছিল। এর ব্যবস্থাপক লোটাস বলেন, ‘আমাদের লাইসেন্স আছে কি না, সেটা আমার জানা নেই। আমি এই প্রতিষ্ঠানে আট বছর ধরে আছি। তিনটার দিকে এক চিকিৎসক চলে গেছেন। অপর পালার চিকিৎসক আসতে হয়তো একটু দেরি হয়েছে, তাই চিকিৎসক দেখতে পাননি।’উপজেলা পরিস্থিতি: অনুমোদনের জন্য আবেদন করলেও মানসম্মত ব্যবস্থা না থাকায় গত বছর চারটি প্রতিষ্ঠান অনুমোদন পাওয়ার উপযোগী নয় বলে স্বাস্থ্য অধিদপ্তরে সুপারিশ করে সিভিল সার্জনের কার্যালয়। এগুলো হলো: আনোয়ারার বটতলী এলাকার সৃষ্টি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, একই উপজেলার চৌমুহনী এলাকার শাহ মোহছেন আউলিয়া ডায়াগনস্টিক সেন্টার, চন্দনাইশ পৌর সদরের বেঙ্গল ডায়াগনস্টিক সেন্টার, রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা দোভাষী বাজারের শ্যামলী ডায়াগনস্টিক সেন্টার। তবে প্রতিষ্ঠানগুলো এখনো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সৃষ্টি হাসপাতালে গিয়ে দেখা যায়, কোনো চিকিৎসক নেই। ১১টি শয্যা রয়েছে। সৃষ্টির পরিচালক পরিচয়দানকারী আবদুল হালিম বলেন, ‘আমাদের চিকিৎসক এই মুহূর্তে নেই। এখনই আসবেন। আমরা আবার লাইসেন্সের জন্য আবেদন করেছি।’