নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের সহায়তায় ও উপস্থিতিতে কিশোর শামছুদ্দিন মিলনকে (১৬) পিটিয়ে হত্যার ঘটনায় দীর্ঘ দুই বছর পরও মামলার অভিযোগপত্র দাখিল করেনি গোয়েন্দা পুলিশ (ডিবি)। বরং অভিযুক্ত পুলিশ সদস্যরা চাকরিতে বহাল। এদিকে পুলিশ সদস্যদের নাম অভিযোগপত্রে আদৌ রাখা হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে মিলনের পরিবার। তবে সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের আসামি করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেতে বিলম্বের কারণেই মূলত হত্যা মামলাটির তদন্ত ঝুলে আছে। অভিযোগপত্র জমা দেওয়া যাচ্ছে না। মামলার তদন্তকারী কর্মকর্তা নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) খন্দকার গোলাম শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, মিলনের মা কোহিনূর বেগমের দায়ের করা হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও দুই-তিন মাস লাগতে পারে। তদন্তে যাদের নাম বেরিয়ে আসবে, তাদের সবার নামই অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হবে। ২০১১ সালের ২৭ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে কোম্পানীগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. আকরাম শেখের নেতৃত্বে পুলিশের তিন সদস্যের একটি দল শামছুদ্দিন মিলনকে ডাকাত সাজিয়ে তাদের গাড়ি থেকে নামিয়ে স্থানীয় লোকজনের হাতে তুলে দেয়। এ সময় লোকজন পুলিশের উপস্থিতিতেই মিলনকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনার আট দিন পর মিলনের মা আদালতে একটি মামলা করেন। মামলায় সরাসরি কোনো আসামির নাম উল্লেখ করা না হলেও ঘটনার সময় মুঠোফোনে ধারণ করা ভিডিওতে পুলিশের সহায়তায় এবং উপস্থিতিতে কারা মিলনকে পিটিয়ে মারে, সেই বিষয়টি উল্লেখ করা হয়। মিলনের পরিবারের অভিযোগ, মামলা থেকে পুলিশ সদস্যদের বাদ দিতেই অভিযোগপত্র দিতে বিলম্ব করা হচ্ছে। একই ধরনের মন্তব্য করেছেন মিলনের মায়ের দায়ের করা মামলার আইনজীবীও। প্রথম আলোর সঙ্গে আলাপকালে আইনজীবী গিয়াসউদ্দিন বাবুল বলেন, বিলম্বিত বিচার প্রক্রিয়ায় যেকোনো মামলার সাক্ষ্য-প্রমাণ ও আলামত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মিলন হত্যার ঘটনায় পুলিশের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই তাঁদের আসামি করা হবে। কারণ আইনে পুলিশ সদস্যদের জন্য আলাদা কোন সুযোগ-সুবিধার কথা বলা নেই।’ খোঁজ নিয়ে জানা গেছে, মিলন হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের মধ্যে সবচেয়ে বেশি অভিযুক্ত বলে চিহ্নিত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আকরাম শেখ বর্তমানে চাকরি করছেন একই জেলার সেনবাগ থানায়। আর রফিক উল্লাহ রাঙামাটির বাগাইছড়ি থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এ ছাড়া দুই কনস্টেবল আবদুর রহিম চৌমুহনী পুলিশ ফাঁড়ি এবং হেমারঞ্জন চাকমা চাটখিল থানায় কর্মরত। মিলনের মা কোহিনূর বেগম বলেন, ‘যারা আমার ছেলেকে দাঁড়িয়ে থেকে হত্যা করিয়েছে, তারা নিশ্চিন্তে চাকরি করছে। আর আমি ছেলে হারানোর শোকে আজ অসুস্থ হয়ে পড়েছি। এই দেশে অপরাধীরাই যে নিরপরাধ হয়, তা পুলিশ সদস্যদের চাকরিতে বহালের মধ্য দিয়েই প্রমাণ হয়েছে।’জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, মিলনকে হত্যার ঘটনায় কোম্পানীগঞ্জ থানার তৎকালীন ওসি রফিক উল্লাহ, উপপরিদর্শক (এসআই) মো. আকরাম শেখ, দুই কনস্টেবল আবদুর রহিম ও হেমারঞ্জন চাকমাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে পৃথক বিভাগীয় মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্ত চার পুলিশ সদস্যকেই লঘু শাস্তি দিয়ে স্বপদে বহাল করা হয়। কথা রাখেননি ওবায়দুল কাদের: সারা দেশে আলোচিত মিলন হত্যাকাণ্ডের ঘটনার পর স্থানীয় সাংসদ বর্তমান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মিলনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বলেছিলেন, মিলনের ছোট তিন ভাইয়ের পড়ালেখার খরচের ব্যবস্থা করা হবে। কিন্তু খরচ দেওয়া তো দূরের কথা মন্ত্রী কিংবা সরকারের পক্ষ থেকে আর খোঁজও নেওয়া হয়নি বলে আক্ষেপ করেন মিলনের মা কোহিনূর বেগম।