অনুমোদনের আগেই ফ্ল্যাট নিয়ে চুক্তি
রাজধানীর কাঁঠালবাগানে হেলে পড়া সাততলা ভবনের নির্মাতা প্রতিষ্ঠান ও প্লট মালিকপক্ষ ফ্ল্যাট মালিকদের সঙ্গে এক বছরের মধ্যে নতুন করে ফ্ল্যাট হস্তান্তরের চুক্তি করেছে। তবে ভবন সম্পূর্ণ ভাঙা, নতুন করে মাটি পরীক্ষা ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদনের পরই কেবল নতুন করে নির্মাণের বিষয় বিবেচ্য হওয়ার কথা—এ যুক্তি তুলে রাজউক বলছে, এখনই ফ্ল্যাট মালিকদের সঙ্গে নতুন করে চুক্তি সঠিক হয়নি।ভবনটি হেলে পড়ার পর সরকার গঠিত তদন্ত কমিটি প্রায় দেড় মাস পরও প্রতিবেদন জমা দেয়নি।গত ৭ নভেম্বর গভীর রাতে ৩০৪/১, ফ্রি স্কুল স্ট্রিটে অবস্থিত ‘এশিয়ান হায়দার টাওয়ার’ ভবনটি নিচতলা ধসে গিয়ে একদিকে হেলে পড়ে। এরপর ভবনটি ভেঙে ফেলা শুরু হয়।দুর্ঘটনার এক মাসের মধ্যে ভেঙে ফেলার কথা থাকলেও এখন পর্যন্ত এশিয়ান হায়দার টাওয়ারের ওপর থেকে মাত্র তিনটি তলা ভেঙে ফেলা সম্ভব হয়েছে। রাজউক সূত্র দাবি করেছে, ‘সার্বিক নিরাপত্তার স্বার্থে’ খুব ধীরে ধীরে ভাঙার কারণে কাজ শেষ করতে দেরি হচ্ছে। তবে ওপরের তলাগুলো ভেঙে ফেলায় এখন ভবনটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত।ফ্ল্যাট মালিকের সঙ্গে নতুন চুক্তি: ভবনটির নির্মাতাপ্রতিষ্ঠান এশিয়ান কমটেক (বিডি) লিমিটেড সম্প্রতি ফ্ল্যাট মালিকদের সঙ্গে নতুন করে চুক্তি করেছে। ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক মনির উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁদের সঙ্গে কমটেক চেয়ারম্যান শামসুদ্দিন মজুমদার ও ভূমি মালিক আলমগীর হায়দারের লিখিত চুক্তি হয়েছে। তাতে বলা হয়েছে, ২০১১ সালের ডিসেম্বরের মধ্যে সব ফ্ল্যাট মালিককে ওই জায়গাতেই নতুন করে ভবন তৈরি করে ফ্ল্যাট দেওয়া হবে। এর আগে নির্মাতা প্রতিষ্ঠানের কাছে ফ্ল্যাট মালিকেরা প্রায় আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন বলে তিনি জানান। যোগাযোগ করা হলে নির্মাতা কমটেকের চেয়ারম্যান শামসুদ্দিন মজুমদার ও প্লট মালিক আলমগীর হায়দার গতকাল শুক্রবার প্রথম আলোর কাছে নতুন চুক্তির সত্যতা নিশ্চিত করেন। এত বড় দুর্ঘটনার পরও সঠিকভাবে মাটি পরীক্ষা এবং রাজউকের অনুমোদনের আগেই কেন এই চুক্তি করা হয়েছে—এ প্রশ্নের জবাবে শামসুদ্দিন মজুমদার বলেন, ‘সময়মতো সবই করা হবে। দোয়া করবেন।’তবে রাজউক চেয়ারম্যান মো. নুরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘নিয়ম অনুযায়ী রাজউকের অনুমোদনের আগে এভাবে চুক্তি করা ঠিক নয়। এ রকম ক্ষেত্রে পরে নির্মাতা ও ফ্ল্যাট মালিকদের মধ্যে বিতর্কের সূত্রপাত হওয়ার অবকাশ থেকে যায়।’ তিনি আরও বলেন, ভালো করে মাটি পরীক্ষার পর অনুমোদিত নকশার ভিত্তিতে নতুন ভবন তৈরি করতে হবে। এগুলোর আগে চুক্তি হওয়াটা ‘অস্বাভাবিক’।এদিকে প্রথমে যে কোম্পানিকে দিয়ে ভবনটির নিচের মাটি পরীক্ষা করা হয়েছিল, তাদের দেওয়া তথ্য ভুল ছিল বলে মনে করছে নির্মাতাপ্রতিষ্ঠান। এর চেয়ারম্যান শামসুদ্দিন মজুমদার বলেন, এ কারণে সয়েল ইঞ্জিনিয়ারিং নামের ওই কোম্পানির কাছে চার কোটি ৮৮ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে উকিল নোটিশ পাঠানো হয়েছে।বিপজ্জনকভাবে ভাঙার কাজ: এদিকে এত বড় একটি ভবন ভাঙার সময় নিরাপত্তার জন্য বাইরে কোনো জাল বা নিরাপত্তাবেষ্টনী রাখা হয়নি। গত বুধবার ঘটনাস্থল পরিদর্শন করা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষক এ এম এম শফিউল্লাহকে প্রশ্ন করলে প্রথম আলোকে তিনি বলেন, ‘এখন তেমন ঝুঁকি নেই। তবে শ্রমিক এবং পথচারীদের নিরাপত্তার দিক বিবেচনা করে বাইরে চারদিকে জাল দেওয়া প্রয়োজন।’ গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবন ভাঙার কাজ চলছে। ৩৫ জন শ্রমিক পালা করে কাজ করেন। শ্রমিকেরা বলেন, রাতেও কাজ করলে এর মধ্যে সম্পূর্ণ ভেঙে ফেলা সম্ভব হতো। তবে ওই এলাকায় রাজউকের অথরাইজড কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান প্রথম আলোকে জানান, এলাকাবাসীর অসুবিধার কথা ভেবে রাতে ভবন ভাঙার কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। কারণ এতে প্রচণ্ড শব্দ হয়।ভবনটি ভাঙার বিষয়ে বুয়েটের বিশেষজ্ঞদের পরামর্শক হিসেবে নিয়োগ করা হয়। তাদের পরামর্শের ভিত্তিতেই ভাঙার কাজ চলছে। তদন্ত শেষ হয়নি: ভবনটি হেলে পড়ার পর গত ৮ নভেম্বর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। প্রায় দেড় মাস হয়ে যাওয়ার পরও তারা প্রতিবেদন দেয়নি। এ প্রসঙ্গে কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, কিছু কিছু তথ্য যাচাইয়ের কাজ শেষ না হওয়ায় প্রতিবেদন তৈরিতে বিলম্ব হচ্ছে। ভাঙার কাজ শেষ হলে মাটি পরীক্ষা করে পরবর্তী কাজ সম্পন্ন করা হবে।