অনুমোদনের এক বছরের মধ্যে টিভি চালু করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, দেশে বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন দেওয়ার আপাতত কোনো পরিকল্পনা নেই। আর অনুমোদন দেওয়া ১২টি চ্যানেলের দ্রুত কাজ শুরুর প্রস্তুতি চলছে। অনুমোদন পাওয়ার এক বছরের মধ্যে এসব চ্যানেল চালু করতে হবে।গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে আবদুল মান্নানের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের অনুমোদন দেওয়া চ্যানেলগুলো দ্রুত চালুর কাজ চলছে। সরকার এগুলো তদারক করছে। ইতিমধ্যে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও তথ্য মন্ত্রণালয় এসব টিভি চ্যানেলের উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছে। যে ১২টি চ্যানেল অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলো হলো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, ৭১ টেলিভিশন, এটিএন নিউজ, মাছরাঙা কমিউনিকেশন্স লি., সময় টেলিভিশন, মাই টিভি, মোহনা টেলিভিশন, জিটিভি, বিজয় টিভি, চ্যানেল-৯, চ্যানেল টোয়েন্টি ফোর, এস এ চ্যানেল প্রাইভেট লি.।সবচেয়ে বেশি বিজ্ঞাপন ইনকিলাব, দিনকাল আর সংগ্রামে: বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় পাঁচ বছরে মোট ১২৯ কোটি ৭৫ লাখ টাকার সরকারি বিজ্ঞাপন ও ক্রোড়পত্রের বিল পরিশোধ করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি বিজ্ঞাপন পেয়েছে দৈনিক ইনকিলাব সাত কোটি ৮৭ লাখ ৪১ হাজার ৯৪৫ টাকা। দ্বিতীয় সর্বাধিক বিজ্ঞাপন পেয়েছে দৈনিক দিনকাল ছয় কোটি ৬৪ লাখ ৫৮ হাজার ৪৫ টাকা আর তৃতীয় সর্বাধিক বিজ্ঞাপন পেয়েছে ইত্তেফাক পাঁচ কোটি ৮৭ লাখ ৯১ হাজার টাকা। এরপর সংগ্রাম পাঁচ কোটি ২৯ লাখ ৯৯ হাজার ৬২, যুগান্তর চার কোটি ২১ লাখ ৯৩ হাজার, মানবজমিন চার কোটি ৬৭ লাখ ৩৪ হাজার ও জনকণ্ঠ ৮২ লাখ ৯০ হাজার টাকার বিজ্ঞাপন পেয়েছে। জনকণ্ঠের বিজ্ঞাপন চার বছর বন্ধ ছিল।এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, সংবাদপত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের কাছ থেকে প্রস্তাব পাওয়া গেলে নতুন সংবাদপত্র মজুরি বোর্ড গঠনের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে। সরকারি দলের সাংসদ সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০০৮ সালের ২১ মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সপ্তম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ ঘোষণা করা হয়। বর্তমানে এ রোয়েদাদ বাস্তবায়নাধীন পর্যায়ে রয়েছে। সপ্তম ওয়েজবোর্ড বাস্তবায়ন কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি ত্রিপক্ষীয় তদারক কমিটি কাজ করছে। এ কমিটির পর্যবেক্ষণে দেখা গেছে, অধিকাংশ সংবাদপত্রে সপ্তম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন পর্যায়ে রয়েছে।জ্বালানি তেলের মূল্য কমছে না: এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, জ্বালানি তেলের মূল্য কমানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বাড়ার প্রবণতা বিবেচনা করেই এমনটা ভাবছে সরকার। প্রতিমন্ত্রী বলেন, সরকার কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধার্থে ডিজেল ও কেরোসিন আমদানি করে কম দামে সরবরাহ করায় এ খাতে সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দেশে ডিজেলের বার্ষিক চাহিদা ২৫ লাখ, পেট্রলের এক লাখ ৩০ হাজার ও কেরোসিনের চার লাখ টন।আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর মিরপুর এলাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর লক্ষ্যে মিরপুরের বিভিন্ন এলাকায় দুই থেকে ১০ ইঞ্চি ব্যাসের ৫০ পিএসআইজি গ্যাসের পাইপলাইন নির্মাণ করা হচ্ছে।