অনুমোদিত এডিপিতে পদ্মা সেতুর বরাদ্দ
আবারও বিশাল আকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়েছে সরকার। আগামী অর্থবছরে উন্নয়ন প্রকল্পে ৫৫ হাজার কোটি টাকা খরচ করতে চায় সরকার। আর বর্তমান সরকারের মেয়াদে এই এডিপিই পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের শেষ সুযোগ।বাস্তবায়ন-ক্ষমতা খুব একটা না বাড়লেও সরকার নির্বাচনের আগে এই বড় এডিপি অনুমোদন দিয়েছে। আজ শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) আগামী অর্থবছরের এডিপি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন এনইসির চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।নতুন অর্থবছরের এডিপির আকার চলতি এডিপি থেকে ১৯ দশমিক ৫৬ শতাংশ বা নয় হাজার কোটি টাকা বেশি। আর সংশোধিত এডিপি থেকে ১৪ হাজার কোটি টাকা বেশি। বাস্তবায়িত না হওয়ায় কাটছাঁটের পর চলতি অর্থবছরের সংশোধিত এডিপির আয়তন ৪১ হাজার কোটি টাকা।আগামী এডিপিতে বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পের জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা পুরোটাই সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে। তবে এর মধ্যে ৩০০ কোটি টাকা ব্যয় হবে জাপান ঋণ-সহায়তা মওকুফ তহবিল থেকে।এডিপির আকার৫৫ হাজার কোটি টাকার নতুন এডিপির মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ৩৩ হাজার ৫০০ কোটি টাকা আর বিদেশি সহায়তা পাওয়া যাবে ২১ হাজার ৫০০ কোটি টাকা।গতবারের মতো এডিপিতে সবচেয়ে বেশি সাত হাজার ৯১১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বিদ্যুত্ খাতে, যা মোট বরাদ্দের ১৪ দশমিক ৫৭ শতাংশের বেশি।খাতওয়ারি বরাদ্দের বাইরেও স্থানীয় পর্যায়ে উন্নয়ন সহায়তার নামে এক হাজার ৫১৭ কোটি টাকা টাকা রাখা হয়েছে। সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের আওতায় বিভিন্ন প্রকল্পে এই বিপুল অর্থ ব্যয় করা হবে। এর বাইরে থোক বরাদ্দ হিসেবে এক হাজার ৭৪০ কোটি টাকা রাখা হয়েছে।৩৫টি নতুন প্রকল্পনতুন এডিপিতে ৩৫টি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিন্তু চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে নতুন করে ১৯২টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে প্রতিবছরের মতো এবারও এডিপিতে ‘লোকদেখানো’ নতুন প্রকল্প কম অন্তর্ভুক্ত করার প্রয়াস রয়েছে।সব মিলিয়ে আগামী এডিপিতে প্রকল্প-সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৭। তবে বরাদ্দহীন অননুমোদিত প্রকল্প হিসেবে আরও এক হাজার ৪৭টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রকল্প যাচাইবাছাই করে অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্ব একটি বিশেষ কমিটি কাজ করবে।তবে নতুন প্রকল্পগুলোর মধ্যে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান, বিদ্যুত্সংযোগ প্রদান, ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণ, গার্ল গাইডদের জন্য ভবন নির্মাণের মতো কম গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্পই বেশি।পিপিপি ১০ প্রকল্পতিন অর্থ বছর ধরে বাজেটে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) আওতায় বিনিয়োগের ব্যাপক আশাবাদ প্রচার করা হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। প্রতিবছর বরাদ্দ হওয়া অর্থ ফেরত যাচ্ছে। চলতি অর্থবছরে পিপিপির আওতায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। কিন্তু একটি টাকাও খরচ করা সম্ভব হয়নি।অথচ আগামী অর্থবছরের এডিপিতে আবারও পিপিপির আওতায় ১০টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে এমনকি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পও রয়েছে।এনইসির সভা শেষে নতুন এডিপি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন ভারপ্রাপ্ত পরিকল্পনাসচিব ভূঁইয়া সফিকুল ইসলাম।এক প্রশ্নের জবাবে ভূঁইয়া সফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, নির্বাচনী বিবেচনায় নয়, জাতীয় গুরুত্বপূর্ণ ও দলমত-নির্বিশেষে এডিপিতে প্রকল্প নেওয়া হয়েছে এবং এর বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী বিদ্যুত্ উত্পাদনের লক্ষ্যমাত্রার দিকে এগোচ্ছে দেশ।ভূঁইয়া সফিকুল ইসলাম জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দেশের অর্থনীতির স্থিতি চাপের মধ্যে রয়েছে। বিশ্ব অর্থনীতি অনুকূলে থাকলে আগামী অর্থবছরেও এডিপির বাস্তবায়ন ভালো হবে। এনইসির সভায় প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দেন বলে তিনি জানান।শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত এনইসির সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।