অনুলিপি চেয়ে কানাডাকে দুদকের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএনসি-লাভালিনের দুই কর্মকর্তার কাছ থেকে দুর্নীতির আলামত হিসেবে জব্দ করা ডায়েরির অনুলিপি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মাধ্যমে গতকাল সোমবার কানাডা রয়েল মাউন্ট পুলিশ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। পদ্মা সেতুর পরামর্শক নিয়োগের জন্য মূল্যায়ন কমিটি পাঁচটি প্রতিষ্ঠানের নাম সুপারিশ করেছিল। তার মধ্যে কানাডীয় কোম্পানি এসএনসি-লাভালিনকে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচনের সুপারিশ করে বিশ্বব্যাংকের কাছে পাঠানো হয়। ইতিমধ্যে কানাডায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে এবং তার প্রধান নির্বাহী কর্মকর্তা পিয়েরে দুহাইম গ্রেপ্তার হন। সেই সূত্রে প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক ইসমাইল এবং ভারতীয় বংশোদ্ভূত রমেশ সাহার বাসা থেকে সে দেশের পুলিশ তাঁদের গ্রেপ্তার করে এবং ল্যাপটপ ও ডায়েরি উদ্ধার করে। তাতে পদ্মা সেতুর কাজ পেতে কিছু অনিয়মের তথ্য ছিল বলে দাবি করে বিশ্বব্যাংক। ওই ডায়েরির তথ্যই এখন চেয়ে পাঠিয়েছে দুদক। ইসমাইল ও রমেশ এখন জামিনে আছেন। দুদক সূত্র জানায়, গত জুলাই মাসে কানাডা পুলিশ তাদের তদন্তের অগ্রগতি-সম্পর্কিত তথ্য ও এসএনসি-লাভালিনের কর্মকর্তাদের ডায়েরিতে থাকা বিভিন্ন উচ্চপর্যায়ের ব্যক্তিদের তালিকা বিশ্বব্যাংকের কাছে পাঠায়। সেই সূত্রে বিশ্বব্যাংক বাংলাদেশ সরকারকে ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয়। তারা এসএনসি-লাভালিনকে কালো তালিকাভুক্ত করে।দুদকের চিঠিতে রমেশ ও ইসমাইলের ব্যক্তিগত তথ্য, জব্দ করা ডায়েরির অনুলিপি, কানাডা পুলিশের কাছে দেওয়ার তাঁদের জবানবন্দির অনুলিপি চাওয়া হয়। একই সঙ্গে বিশ্বব্যাংকের ইন্টেগ্রিটি ভাইস প্রেসিডেন্সি দপ্তরের দাবি অনুযায়ী, ‘বাংলাদেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের’ বিষয়ে তথ্য, ভিডিও ক্লিপস ইত্যাদিও চাওয়া হয়। বিশ্বব্যাংক বলেছিল, এই ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতিমূলক ষড়যন্ত্র সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ তাদের কাছে আছে। দুদকের চিঠিতে তাদের তদন্তের সময় পদ্মা সেতু বিষয়ে কানাডা পুলিশ ‘আরও কোনো’ তথ্যপ্রমাণ পেয়ে থাকলে তার অনুলিপিও পাঠাতে অনুরোধ করা হয়। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগ সূত্রে জানা গেছে, দুর্নীতির তদন্তে তথ্য-সাহায্য চেয়ে পাঠানো এ ধরনের চিঠিকে বলা হয় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্টেন্টস রিকোয়েস্ট বা এমএলএআর। ইউনাইটেড নেশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনের (আনকাক) নিয়ম অনুযায়ী বাংলাদেশের ফোকাল পয়েন্ট (যোগাযোগ সূত্র) অ্যাটর্নি জেনারেলের দপ্তর। তাই দুদকের পক্ষে এই চিঠিতে সই করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিশেষ কূটনৈতিক ব্যাগে গতকাল এই চিঠি কানাডা সরকারের মাধ্যমে কানাডার রয়েল মাউন্ট পুলিশের কাছে পাঠানো হয়েছে। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, দুদকের তদন্ত দল মনে করছে, কানাডার পুলিশের কাছে পদ্মা সেতুর অনিয়মবিষয়ক প্রয়োজনীয় তথ্য থাকতে পারে, যা স্বচ্ছ অনুসন্ধানের স্বার্থে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের জানা দরকার। অন্যথায় অনুসন্ধান প্রতিবেদন অসম্পূর্ণ থেকে যাবে।