অনুষ্ঠান ছেড়ে পালাল সবাই
১৪ আগস্ট। ঢাকঢোল পিটিয়ে পাকিস্তানের স্বাধীনতা দিবস উদ্যাপিত হবে চাঁপাইনবাবগঞ্জ শহরের টাউন হলে। সভার জন্য লোকজন ধরে আনা হয়েছে। প্রধান অতিথি আর্মি ব্যাটালিয়নের অধিনায়ক।একই দিন ভোরবেলা মেজর গিয়াস প্রায় এক কোম্পানি সেনা ফরিদপুর বিওপিতে জড়ো করেছেন। পাকিস্তানি বাহিনীর ওপর হামলা চালাতে হবে। দেখেশুনে ৮৬ জন মুক্তিযোদ্ধাকে বাছাই করলেন। তিনি যুদ্ধে সরাসরি নেতৃত্ব দেবেন। পাকিস্তানি সেনাদের অবস্থানের নকশা করা হয়েছে মেঝেতে। মুক্তিবাহিনীর সদস্যদের দায়িত্ব নকশায় ভালো করে বুঝিয়ে দেওয়া হলো।নবাবগঞ্জ প্রতিরক্ষার দায়িত্বে আছে হানাদারদের এক ব্যাটালিয়ন ও এক কোম্পানি সেনা। হরিপুর পুল পাহারা দিচ্ছে দুই সেকশনের বেশি সেনা। আমনুরা রেলস্টেশনে এক প্লাটুন। আরেক প্লাটুন নবাবগঞ্জ স্টেশনে। বিদিলপুরে পাহারা দিচ্ছে এক প্লাটুন সেনা ও সিএএফ গার্ড।মুক্তিযোদ্ধাদের তিনটি ভাগে আলাদা করলেন গিয়াস। প্রথম গ্রুপের কমান্ডার সুবেদার ইসমাইল। তাঁকে দেওয়া হলো তিনটি মর্টার আর ৯০টি বোমা। ইসমাইলের কাজ হবে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত নবাবগঞ্জ শহরে গোলা বর্ষণ করা। দ্বিতীয় গ্রুপের দায়িত্ব পেলেন সুবেদার আমিরুজ্জামান। তাঁরা হরিপুর পুল উড়িয়ে দেবেন, পাকিস্তানি সেনাদের হত্যা করবেন বা বন্দী করবেন। তৃতীয় গ্রুপের নেতা নায়েব সুবেদার আমানউল্লাহ। তিনি বিদিলপুর রেলওয়ে পুলটি ধ্বংস করবেন।১৪ আগস্ট সকাল নয়টার মধ্যে যাত্রা শুরু হলো। ওই অভিযান নিয়ে ডা. মাহবুবুল আলম পরে বলেছেন, ‘ছয়খানা নৌকা জোগাড় করা হয়েছিল আগে থেকে। ছয়টি নৌকায় সবাই গিয়ে উঠলাম। সব মিলিয়ে ১৭ মাইল পথ পেরোতে হবে। সন্ধ্যা হতে না হতে টার্গেটের দুই মাইলের মধ্যে পৌঁছানো গেল।’হরিপুরের পুল থেকে ৬০০ গজ পেছনে রাজশাহী-নবাবগঞ্জ সড়কে প্রথম দুই গ্রুপকে নামিয়ে দেওয়া হলো। তৃতীয় গ্রুপটি দুটি নৌকা নিয়ে বিদিলপুর চলে গেল।দ্বিতীয় গ্রুপ টার্গেটে এগোচ্ছে। মাহবুবুল জানাচ্ছেন, ‘প্রায় ১০০ গজের মধ্যে পৌঁছাতেই আধো আলো আর ছায়ার মাঝে মনে হলো কারা যেন ত্বরিত গতিতে পুলের পাশে পজিশন নিচ্ছে। আর একটু অগ্রসর হতেই শত্রুপক্ষের একজন চেঁচিয়ে উঠল—“হল্ট, হ্যান্ডস আপ।” নায়েক মিনহাজউদ্দিন জবাবে আমগাছের আড়াল থেকে উচ্চ স্বরে চেঁচিয়ে উঠলেন—“তেরা বাপ আয়া, শালা সারেন্ডার কর।” কথা শেষ হতে না হতেই শত্রুপক্ষ পুলের ওপর থেকে একটি এলএমজি ও তিন-চারটি রাইফেল থেকে গুলি চালাল আমাদের প্লাটুনের ওপর। আমাদের প্লাটুন ঝাঁপিয়ে পড়ল দুশমনদের ওপর।’মুক্তিবাহিনী গুলি চালাচ্ছে। পেছন থেকে সাপোর্ট দিচ্ছে মেশিনগান। কয়েক মিনিটের ব্যাপার, যুদ্ধ শেষ হয়ে গেল। দুজন পাকিস্তানি সেনা খতম, দুজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়েছে। আহত একজন, বাকি ১১ জন বন্দী। মুক্তিবাহিনী পুল দখল করেছে। দখল শেষ হতেই মুক্তিফৌজ নবাবগঞ্জের দিকে ছুট দিয়েছে।স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পূর্ণ গতিতে চলছে। শুরু হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শহর থেকে এক হাজার গজ দূরে প্রথম গ্রুপ মর্টার মোতায়েন করেছে। টাউন হলে প্রথম গোলাটা পড়ামাত্র ‘প্রধান অতিথিসহ তাদের চ্যালাচামুণ্ডারা হলঘর ছেড়ে দে ছুট—এই বুঝি মুক্তিবাহিনী শহরে ঢুকে গেল। আলবদর, আলশামস আর কিছু হানাদার বাহিনীর লোকও শহর ছেড়ে পালাতে শুরু করল।’দ্বিতীয় গ্রুপ পুলের ওপর বোমা ফিট করেছে। ‘রাত ঠিক ১২টা বেজে পাঁচ মিনিট। সবাইকে সরে এসে নৌকায় বসতে হলো কানে হাত চেপে। ফিউজে আগুন লাগানো হলো। গগনবিদারী আওয়াজে যেন আকাশ ভেঙে পড়ল। বেশ কয়েক সেকেন্ড লেগে গেল আকাশে উত্থিত ইট, কংকর, পাথর নেমে আসতে। আনন্দে-উচ্ছ্বাসে সবাই দৌড়ে গেলেন পুলের অবস্থা দেখতে।মুক্তিযোদ্ধাদের তৃতীয় গ্রুপটি পুল দখল করতে পারেনি। কারণ, গোলাগুলি শুনে রেলের ইঞ্জিন আর বগি নিয়ে শত্রুর একটি প্লাটুন নবাবগঞ্জ থেকে রওনা দেয় আমনুরার দিকে, অপর একটি প্লাটুন আমনুরা থেকে রওনা দেয় নবাবগঞ্জের দিকে। দুই পক্ষ কাছাকাছি এলে একে অপরকে মুক্তিবাহিনী সন্দেহে গুলি করে। এতে তাদের ছয়জন সেনা অকুস্থলেই মারা পড়ে আর সাতজন হয় আহত। ফলে তৃতীয় গ্রুপটি আর পুল ওড়াতে পারেনি। কিছুক্ষণের মধ্যে তারা দ্বিতীয় দলের সঙ্গে যোগ দেয়।এভাবেই কাটল ১৪ আগস্ট।সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র: দশম খণ্ড—তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।গ্রন্থনা: মুহাম্মদ লুৎফুল হক ও তৈমুর রেজা