অনুষ্ঠান নয়, এখন শুধু কাঠি জ্বেলে উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে রাজশাহীতে ৩২ জন বিশিষ্ট ব্যক্তির বাড়িতে তড়িঘড়ি করে গ্যাস-সংযোগের উদ্বোধনী অনুষ্ঠান অবশেষে কাটছাঁট করা হয়েছে। এখন শুধু দেশলাইয়ের কাঠি জ্বেলে পেট্রোবাংলার চেয়ারম্যান গ্যাস-সংযোগের উদ্বোধন করবেন। অথচ এর আগে গ্যাস-সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মঞ্চ করার কথা ছিল।গতকাল মঙ্গলবার প্রথম আলোতে ‘রাজশাহীর ৩২ সৌভাগ্যবান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর গ্যাস-সংযোগের বিষয়টি সারা শহরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। তাঁরা জানান, গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষার পর আসলে এই তোড়জোড় তাঁরা চাননি।এদিকে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল-সমর্থিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন নির্বাচনের এক সপ্তাহ আগে ঘটা করে গ্যাস-সংযোগের এই উদ্বোধনকে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি গতকাল সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে বলেন, ‘এটা জনগণের সঙ্গে প্রতারণা।’তবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল-সমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী ও বিদায়ী মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বলেন, নগরের কিছু বিশিষ্ট মানুষের বাড়িতে প্রথম সংযোগ দিয়ে এর উদ্বোধন করা হচ্ছে। এটা একটা চলমান প্রক্রিয়া। উদ্বোধনের পর থেকে নিয়মিত গ্যাস-সংযোগ চলতেই থাকবে। এ নিয়ে নগরবাসীর হতাশার কিছু নেই। ইশতেহার ঘোষণা উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) সূত্রে জানা গেছে, ঘটা করে উদ্বোধনী অনুষ্ঠানের সিদ্ধান্ত থাকলেও তা বাদ দিয়ে ভাষাসৈনিক আবুল হোসেনের বাড়িতে এখন শুধু কাঠি জ্বেলে গ্যাস-সংযোগের উদ্বোধন করা হবে।পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হবে—এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা হবে না। এখন শুধু কাঠি জ্বেলে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর এর উদ্বোধন করবেন। আর ৬ জুন বাজেট অধিবেশন থাকার কারণে ওই তারিখ পরিবর্তন করে পরদিন ৭ জুন উদ্বোধনের দিন ঠিক করা হয়েছে।এর আগে গতকাল সকালে নগরের শিরোইল মঠপুকুর এলাকায় ভাষাসৈনিক আবুল হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, গ্যাস-সংযোগের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি চলছে। বাড়ির পাশে মঞ্চ করার জন্য জায়গাও ঠিক করা হচ্ছে। পিজিসিএলের লোকজন বাসায় এসে মিটার লাগিয়ে পাইপে গ্যাসের চাপ পরীক্ষা করছেন।এ সময় সাথী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক রফিকুজ্জামান বলেন, আজ বুধবার এখানে মঞ্চ করা হবে। এ জন্য জায়গা দেখছেন। আর পাইপে গ্যাসের চাপও পরীক্ষা করতে এসেছেন।বাসায় প্রথম গ্যাস-সংযোগের ব্যাপারে জানতে চাইলে আবুল হোসেন বলেন, ‘আমার বাড়িতে প্রথম সংযোগ দেওয়া হবে, এটা আমার কাছে বড় ব্যাপার নয়, রাজশাহীর মানুষ গ্যাস পাচ্ছে—এটাই আমার কাছে খুশির বিষয়।’তবে শুধু বিশিষ্টজনদের বাসায় গ্যাস-সংযোগের ব্যাপারে হতাশ নগরের রামচন্দ্রপুর কালুমিস্ত্রির মোড় এলাকার বাসিন্দা আলিয়া রুপি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শুরুতে নির্বাচিত কিছু ভিআইপি গ্যাস-সংযোগ পাচ্ছেন। মনে হচ্ছে, নির্বাচন উপলক্ষেই তড়িঘড়ি করে এটা করা হচ্ছে। গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষার পর আসলে এই তোড়জোড় আমরা চাইনি।’নগরের রামচন্দ্রপুর এলাকার কলেজশিক্ষক সামছুল হক বলেন, তড়িঘড়ি করে বিশিষ্টজনদের বাড়িতে গ্যাস-সংযোগের উদ্বোধন করা হলেও নির্বাচনের পর কী হবে, তা নিয়ে তাঁরা ধন্দে পড়েছেন।