অনুষ্ঠান পরিকল্পনায় সৃজনশীলতা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ১৩ মার্চ এসেছিলেন স্কাই ট্রেকার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দোজা এলান। কথা বলেছেন কথাবন্ধু ব্রতীর সঙ্গে। বাংলাদেশে ইভেন্ট পরিকল্পনা ও সেবা দেওয়ার নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি।কথাবন্ধু: ইভেন্ট বা অনুষ্ঠান পরিকল্পনা বিষয়টি সম্পর্কে এখনো অনেকেরই পুরোপুরি ধারণা নেই। বিষয়টি নিয়ে কিছু বলুন।দোজা এলান: ইভেন্ট ম্যানেজমেন্ট বা ইভেন্ট পরিকল্পনা বিষয়টি নতুন নয়, আগেও ছিল। শুরুতেই ব্যক্তিগত পর্যায়ে এর সমাধান হতো। আগে সবাই নিজেরাই নিজেদের কাজগুলো পরিচালনা করতেন। কিন্তু বাংলাদেশে এখন ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে বেশ কটি প্রতিষ্ঠান হয়েছে। কথাবন্ধু: আমাদের দেশে এ ক্ষেত্রে কাজের সুযোগ বা পরিধি কতটুক?দোজা এলান: আমাদের দেশে বর্তমানে এ ক্ষেত্রে কাজের জায়গা বেড়েছে। নতুন নতুন সুযোগ তৈরি রয়েছে। তবে সব কটি প্রতিষ্ঠানের কীভাবে এবং কত বাজেটের মধ্যে কাজটি সফলভাবে শেষ করা যায়, সেদিকে লক্ষ রাখা উচিত। কথাবন্ধু: যদি কেউ একে ব্যবসা হিসেবে নিতে চান, তা হলে বাংলাদেশে সফল হওয়ার সম্ভাবনা কতটুকু?দোজা এলান: এ ক্ষেত্রে কাজ করার অনেক সুযোগ ও সম্ভাবনা রয়েছে। কারণ বাংলাদেশে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজের জায়গা অনেক বড় হয়েছে।কথাবন্ধু: এটিকে পেশা হিসেবে নিতে হলে কোনো বিশেষ যোগ্যতা বা বিশেষ বিষয়ে পারদর্শী হতে হয় কি?দোজা এলান: সব সময় চোখ-কান খোলা রেখে কাজ করতে হবে। সমস্যা থাকবেই, এ জন্য আগে থেকেই তৈরি থাকতে হবে। লক্ষ্য এবং ভালোবাসা না থাকলে এ পেশায় কাজ করা কঠিন। এ ছাড়া লজ্জা ও অহংকার থাকলে এ পেশায় কাজ করতে সমস্যা হবে। কারণ, এখানে অনেক কাজ করতে হয়। অনেক সময় নিম্নস্তরের কাজও করতে হয়। তাই কাজকে ভালোবাসতে না পারলে এ পেশায় আসা ঠিক নয়।কথাবন্ধু: ইভেন্ট ম্যানেজমেন্টে যেহেতু অনেক বড় একটি দল নিয়ে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে কাজ করতে হয় সেহেতু এখানে ভালো করার জন্য আপনার পরামর্শ কী?দোজা এলান: এ জন্য প্রতিটি ইভেন্ট করার আগে পরিকল্পনা করতে হবে। আগে থেকেই চেকলিস্ট করতে হবে। যত বড় ইভেন্টই হোক না কেন, চেকলিস্ট ধরে কাজ করলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কাজটাকে প্রাধান্য দিয়ে সফলভাবে ইভেন্ট শেষ করতে হবে। একসঙ্গে ও পারস্পরিক সহযোগিতায় কাজ করার মানসিকতা থাকতে হবে।কথাবন্ধু: ইভেন্ট প্ল্যানিংয়ের বিষয়ে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণের সুযোগ আছে কি?দোজা এলান: বাংলাদেশে ইভেন্ট ম্যানেজমেন্টের ওপর প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ নেই। তবে দেশের বাইরে অনেক সুযোগ আছে। শিক্ষার্থী থাকাকালীন এ শাখার বিভিন্ন কাজের সঙ্গে অনেকেই যুক্ত হতে পারেন। হাতে-কলমে কাজ শিখতে পারেন। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলোতে এ জন্য খণ্ডকালীন কাজের সুযোগ আছে। কথাবন্ধু: তরুণেরা যাঁরা এই শাখায় কাজ করতে চান, তাঁরা কীভাবে নিজেদের প্রস্তুত করবেন? দোজা এলান: এ জন্য নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখতে হবে। বাইরের দেশগুলো কীভাবে কাজ করছে, শোগুলো কেমন এসব খোঁজখবর রাখতে হবে। একই সঙ্গে দেশের বাজার কেমন এবং এখানে কীভাবে কাজ হচ্ছে সেই সম্পর্কে আপডেট থাকতে হবে। তবে নিজের সৃজনশীলতা দিয়েই এগিয়ে যেতে হবে। কারণ এ ক্ষেত্রে সৃজনশীলতা থাকা খুব জরুরি।শ্রোতাবন্ধু সাবিহা (খুদে বার্তা থেকে): মানবিক বিভাগ থেকে পাস করে ইভেন্ট ম্যানেজমেন্ট পেশায় আসার সুযোগ কতটুকু রয়েছে? দোজা এলান: এ বিভাগে কাজ করতে হলে আপনি কোন বিভাগ থেকে পাস করে এলেন, সেটা মুখ্য নয়। সে ক্ষেত্রে কাজকে ভালোবেসে আপনাকে এ পেশায় আসতে হবে। তা হলেই কাজ শিখতে পারবেন এবং সফল হবেন। বাংলাদেশে বর্তমানে বেশ কটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আছে। এ জন্য ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।কথাবন্ধু: একজন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি কীভাবে এই কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারেন?দোজা এলান: ইভেন্ট ম্যানেজমেন্টে শিক্ষার্থীদের জন্য খণ্ডকালীন কাজের সুযোগ রয়েছে। বাণিজ্যিকভাবে যে ইভেন্টগুলো হয়, এর বেশির ভাগই হয় রাতে। যাঁরা এ ক্ষেত্রে কাজ করতে চান, তাঁরা খণ্ডকালীন কাজের মাধ্যমে নিজেকে দক্ষ করে তুলতে পারেন। কথাবন্ধু: ইভেন্ট পরিকল্পনায় সাধারণত কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে? এ ক্ষেত্রে কোন মার্কেট রিসার্চ বা গবেষণা এবং গ্রাহকদের চাহিদা বুঝে কীভাবে দায়িত্ব পালন করা হয়?দোজা এলান: যে ব্র্যান্ড নিয়ে কাজ করতে হবে, সেটা সম্পর্কে আগে বোঝা জরুরি। এরপর মার্কেট রিসার্চ করতে হবে। স্ট্র্যাটেজি লাগবে। এর ওপর ভিত্তি করে বিষয়টি নিয়ে এগোতে হবে। গ্রাহকের চাহিদা বুঝে কত কম বাজেটের মধ্যে কাজটি করা যায়, সেদিকে লক্ষ রাখতে হবে।কথাবন্ধু: একটি ইভেন্ট পরিচালনার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে আপনাদের কী ধরনের প্রস্তুতি থাকে?দোজা এলান: যেকোনো ইভেন্ট শুরুর আগেই একটি চেকলিস্ট করতে হয়। ওই চেকলিস্টে সবকিছু উল্লেখ থাকে। যার যার কাজ ভাগ করা থাকে। তবে কিছু কিছু সমস্যা হঠাৎ করেই তৈরি হতে পারে। এ জন্য অতিরিক্ত কর্মী রাখতে হয়। জরুরি কিছুর প্রয়োজন হলে হঠাৎ করে এর সমাধান করতে হবে এবং গ্রাহকদের সঙ্গে কথা বলতে হবে।কথাবন্ধু: নতুন যাঁরা এ পেশায় আসতে চান, তাঁদের জন্য আপনার পরামর্শ কী হবে? দোজা এলান: যদি কাজটাকে ভালোবেসে কেউ এই বিভাগে আসতে চান, তা হলে বলব, সময় নষ্ট করবেন না, এখনই চলে আসুন। এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে। দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে এখানে শতভাগ সফল হওয়া সম্ভব। গ্রন্থনা: সুদীপ দে