এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ১৬ আগস্ট এসেছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ক্রিয়েটরের প্রধান নির্বাহী কর্মকর্তা রশীদ খান। তিনি কথাবন্ধু আফিয়া আহমেদ লিনার সঙ্গে ইভেন্ট ম্যানেজমেন্ট বা অনুষ্ঠান ব্যবস্থাপনায় পেশাগত সৃজনশীলতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।কথাবন্ধু: ইভেন্ট ম্যানেজমেন্ট পেশা বেছে নেওয়ার কারণ কী?রশীদ খান: পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে খুব পছন্দ করতাম। নতুন কিছু নিয়ে কাজ করার ইচ্ছা ছোটবেলা থেকেই ছিল। এ ক্ষেত্রে কাজ করার ভালো সুযোগ রয়েছে। এর পরপরই কাজে জড়িয়ে পড়লাম। সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০০৪-০৫-এ আর্ট ডিরেকশনে অর্থাৎ শিল্প নির্দেশনায় কাজ করেছি। দুবাইয়ে লাক্স চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ডেও কাজ করেছি। তখনই ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে আরও বড় করে কাজ করার স্বপ্ন দেখতে শুরু করি। ক্লোজআপ ওয়ান ও মার্কস অলরাউন্ডারেও কাজ করেছি।কথাবন্ধু: আমাদের দেশে এ ক্ষেত্রে কাজের সুযোগ বা পরিধি কতটুকু?রশীদ খান: অনেক। আগেও এ ক্ষেত্রে অনেক সুযোগ ছিল, এখনো আছে। তবে বর্তমানে আগের চেয়ে কাজের জায়গাটা আরও বেশি প্রসারিত হয়েছে। আমাদের দেশ বর্তমানে এই বিভাগে অনেক দূর এগিয়ে গেছে। তবে কিছু দুর্বলতাও রয়েছে। কথাবন্ধু: আপনি নিজে একজন তরুণ উদ্যোক্তা, এ ক্ষেত্রে নতুনদের আসার জন্য কীভাবে উদ্বুদ্ধ করবেন?রশীদ খান: নতুন যাঁরা আসবেন, তাঁদের বলব, কোন ব্র্যান্ডের জন্য করছেন, কী করছেন, কেন করছেন এবং কী করতে চাইছেন—শুরুতেই এ প্রশ্নগুলোর তথ্য খুঁজে বের করুন। সৃজনশীলতার মাধ্যমে কাজে নতুনত্ব আনতে চেষ্টা করুন। তবে এ ক্ষেত্রে শুধু ব্যবসা দিয়ে নয়, নতুনত্ব ও সৃজনশীলতা দিয়েই আপনাকে এখানে টিকে থাকতে হবে। এ বিভাগে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতাসম্পন্ন লোকের অভাব রয়েছে।কথাবন্ধু: সফল উদ্যোক্তা হওয়ার মূলমন্ত্র কী হওয়া উচিত?রশীদ খান: আপনাকে অবশ্যই সৎ থাকতে হবে। যে কাজটি করবেন, তা মন দিয়ে সঠিক সময়েই সম্পন্ন করার মানসিকতা থাকতে হবে। আপনার কাজ আপনাকেই এগিয়ে নিয়ে যেতে হবে। কষ্ট করলে আপনার সফলতা নিশ্চিত।কথাবন্ধু: এ শাখায় কাজ করার জন্য কি কোনো বিশেষ পড়াশোনার প্রয়োজন আছে?রশীদ খান: আমাদের দেশে এ বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ নেই। আমরা মাঠপর্যায়ে কাজ করে শিখেছি। নতুনদেরও তা-ই করে শিখতে হবে। এখানে আসতে হলে আপনাকে সেট, লাইট, সাউন্ড প্রভৃতি সম্পর্কে জানতে হবে। অডিও, ভিডিও, আরজিবি, কোনটা মনো কোনটা স্টেরিও—এগুলো বুঝতে হবে। তাহলেই আপনি এগিয়ে যাবেন। দেশের বাইরে এ বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। তারা অনেক গুছিয়ে, প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে আটঘাট বেঁধে তারপর সফলভাবে কাজটি শেষ করে থাকে। আমাদেরও এ জন্য বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে গুছিয়ে কাজ করতে হবে।কথাবন্ধু: নিজেকে এ ক্ষেত্রে যোগ্য করে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আর কী বিষয়ে গুরুত্বারোপ করা উচিত?রশীদ খান: আমরা যে বিষয়েই পড়াশোনা করি না কেন, মাঠপর্যায়ে হাতেকলমে কাজ করার অভিজ্ঞতা থাকতেই হবে। এটা বাধ্যতামূলক। এর ওপর প্রশিক্ষণ থাকলে তা আপনাকে আরও যোগ্য করে তুলবে।কথাবন্ধু: বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল কাজের জন্য কি কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন আছে?রশীদ খান: আপনি যেখানেই কাজ করেন না কেন, আপনাকে অবশ্যই সৃজনশীল হতে হবে। সৃজনশীলতা ছাড়া নতুন কিছু তৈরি করা সম্ভব নয়। সৃজনশীলতা হচ্ছে, আপনি কতটা সুন্দর করে কাজটি সম্পন্ন করতে পারেন—এ জন্য অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। স্বপ্নকে এগিয়ে নিতেই আপনাকে কাজ করতে হবে। কথাবন্ধু: ইভেন্ট ম্যানেজমেন্টে কোন কোন ক্ষেত্রে কাজের সুবিধা বেশি? রশীদ খান: ইভেন্ট ম্যানেজমেন্টকে কয়েক ভাগে ভাগ করে কাজ করা যায়। লাইট, স্টেজ, সেট, ক্যামেরা ইত্যাদি নিয়ে আলাদা আলাদা কাজ করতে হয়। প্রতিটি জায়গায়ই অনেক সুযোগ রয়েছে। নতুন নতুন ইভেন্ট নিয়ে কাজ করা উচিত। কম অর্থ দিয়েও অনেক ভালো ইভেন্ট হচ্ছে।কথাবন্ধু: তরুণেরা যদি ইভেন্ট ম্যানেজমেন্টকে ব্যবসা হিসেবে নিতে চায়, তাহলে সফল হওয়ার সম্ভাবনা কতটুকু?রশীদ খান: কোনো সফলতাই এত সহজেই আসে না, তা যেখানেই হোক। বড় কোনো কিছু পেতে গেলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। কেউ যদি মন দিয়ে কাজ করতে পারে, তাহলে মুদি দোকানও একদিন সুপার শপ হতে পারে। কথাবন্ধু: বর্তমানে এ ক্ষেত্রে যারা কাজ করতে চায়, তাদের জন্য আপনার দিকনির্দেশনা কী হবে?রশীদ খান: শুরুতেই আপনি কী করতে চান এবং কোন কাজটা করলে আপনার ভালো লাগবে, শুরুতেই তা ঠিক করতে হবে। কাজকে ভালোবেসে এগিয়ে যেতে পারলে আপনার সফলতা আসবেই। কথায় আছে, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।গ্রন্থনা: সুদীপ দে