অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি প্রথম উপস্থাপনা করেছিলাম একুশে টিভিতে। অনুষ্ঠানের নাম ‘কিঞ্চিৎ’। পরিচালক ছিলেন হানিফ সংকেত। তবে টিভিতে আমি নিয়মিত উপস্থাপনা করছি ‘পর্দার পেছনের গল্প’ অনুষ্ঠানে। ‘মেরিল-প্রথম আলো তারকা জরিপ ও সমালোচক পুরস্কার’ নিয়ে প্রতিবছর এই অনুষ্ঠান তৈরি হয়। পরিচালনা করেন কবির বকুল। এবারও আমি এই অনুষ্ঠানের উপস্থাপক।’ বললেন নোবেল। মাছরাঙা টিভিতে আজ রাতে প্রচারিত হবে পর্দার পেছনের গল্প অনুষ্ঠানের প্রথম পর্ব। কথা হলো নোবেলের সঙ্গে। আজকের অনুষ্ঠানে কী থাকছে?‘মেরিল-প্রথম আলো তারকা জরিপ ও সমালোচক পুরস্কার’ আয়োজনে যাঁরা মনোনয়ন পান, তাঁদের সঙ্গে আড্ডা, তাঁদের কাজ—এই সবই থাকে। প্রতিবছর মূল অনুষ্ঠানের আগে পর্দার পেছনের গল্প দেখার জন্য দর্শকের আগ্রহ একটু বেশি থাকে। তবে আজকের পর্ব হলো ‘ফিরে দেখা’। অন্য বছরের ‘মেরিল-প্রথম আলো তারকা জরিপ ও সমালোচক পুরস্কার’ আয়োজনের কথা থাকবে আজ। থাকবে সুবীর নন্দীর গান। এবার মনোনয়ন পাওয়া তারকাদের পর্বগুলো কবে থেকে প্রচারিত হবে?‘পর্দার পেছনের গল্প’ অনুষ্ঠান প্রচারিত হবে এপ্রিল মাসে প্রতি বুধবার রাতে। আজকের পর্বের মধ্য দিয়ে পুরোনো গল্পগুলো সবাইকে একটু মনে করিয়ে দেওয়া হবে। এবার যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের সঙ্গে আড্ডা হবে আগামী বুধবার থেকে।আপনি নাকি ক্রিকেট দলের ক্যাপ্টেন হয়েছেন?হ্যাঁ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার টিভি, চলচ্চিত্র আর সংগীত তারকাদের নিয়ে আয়োজন করা হচ্ছে সেলিব্রেটি ক্রিকেট লিগ। বাংলাদেশে ৪২ জন তারকাকে নিয়ে এরই মধ্যে গঠন করা হয়েছে ভাসাবি সেলিব্রেটি ক্রিকেট ক্লাব (ভিসিসিসি)। আমরা এখন সপ্তাহে পাঁচ দিন সকালে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছি। আজও (মঙ্গলবার) নিয়েছি। সবাই কিন্তু ব্যাপারটি গুরুত্বের সঙ্গে নিয়েছে। পরে মূল দল গঠন করা হবে।