অনুষ্ঠানটি সবাই দেখেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে প্রতিদিন রাতে প্রচারিত হচ্ছে প্রতিদিনের সংবাদপত্র নিয়ে অনুষ্ঠান ‘গ্রামীণ ফোন আজকের সংবাদপত্র’। গতকাল ৬ আগস্ট অনুষ্ঠানটির ছয় বছর পূর্তি হলো। অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করছেন মতিউর রহমান চৌধুরী। কথা হলো তাঁর সঙ্গে।‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানের শুরুটা কীভাবে হয়েছিল?২০০৫ সালের ঘটনা। চ্যানেল আইয়ের একটা অনুষ্ঠানে দুবাই যাচ্ছি। বিমানে আমার সঙ্গে ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও পরিচালক বার্তা শাইখ সিরাজ। কথা প্রসঙ্গে সংবাদপত্র নিয়ে একটি অনুষ্ঠান তৈরির ভাবনা আসে। তখন আমাদের সামনে একটা বড় প্রশ্ন ছিল, রাত ১২টার আগে পত্রিকা পাওয়া যাবে তো? আমাদের ইচ্ছা ছিল, এখানে আসবেন জ্যেষ্ঠ সাংবাদিকেরা। শুরুতে একটু সমস্যা হলেও পরে কাজটি খুব সহজ হয়ে যায়। অনুষ্ঠানটি প্রথম প্রচারিত হয় ২০০৫ সালের ৬ আগস্ট। পত্রিকা নিয়ে ওটাই ছিল প্রথম অনুষ্ঠান। এখন তো সব চ্যানেলেই এ ধরনের অনুষ্ঠান হচ্ছে।অনুষ্ঠানটি পত্রিকার ওপর কোনো প্রভাব ফেলতে পেরেছে?অবশ্যই পেরেছে। একটি পত্রিকার প্রথম সংস্করণ দেখে অন্য পত্রিকাগুলো সমৃদ্ধ হতে পারছে। একটা ব্যাপার কিন্তু খেয়াল রাখতে হবে, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া অঙ্গাঙ্গীভাবে জড়িত। দর্শকদের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পান?শুরুতে অনুষ্ঠানটি রাতারাতি জনপ্রিয় হয়। এর কারণ, দর্শক খুব পছন্দ করেছিল। রাতে ঘুমাতে যাওয়ার আগে একসঙ্গে অনেকগুলো পত্রিকার শিরোনাম জানতে পারছেন। ওই দিনের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে জ্যেষ্ঠ সাংবাদিকদের পর্যালোচনা শুনতে পারছেন। অনুষ্ঠানটি কিন্তু প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রী, নীতিনির্ধারক মহল, বিরোধী দলের নেতা—সবাই দেখেন। তাঁদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকে এটা স্পষ্ট বুঝতে পারি।ছয় বছর তো হলো। সপ্তম বর্ষে দর্শকদের জন্য নতুন কী দেওয়ার কথা ভাবছেন?আমরা সাধারণত পত্রিকার প্রথম পাতার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো দেখাই। এবার ভেবেছি, পত্রিকার সম্পাদকীয় ও উপসম্পাদকীয় নিয়ে কথা বলব। আর অনুষ্ঠানটির সময়ও বাড়ানোর চেষ্টা করছি।