বিটিভিতে আজ রোববার রাতে দেখানো হবে ‘কিক অফ’ অনুষ্ঠানের শেষ পর্ব। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। বিটিভিতে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হওয়ার আগে তা দেখানো হয়। এটি উপস্থাপনা করছেন মুনমুন, পরিচালনা করছেন তৌফিক শান্ত। কথা হলো মুনমুন-এর সঙ্গে।আজকের অনুষ্ঠানটি নিয়ে কিছু বলুন।আজ কিন্তু এই অনুষ্ঠানটি শেষ হচ্ছে। তার ওপর আজ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা। তাই পুরো অনুষ্ঠানটি একটু আকর্ষণীয় করা হয়েছে। আজকের অনুষ্ঠানে অতিথি থাকছেন আসাদুজ্জামান নূর ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। আর উপস্থাপনা করব দুজন—আমি ও সামিয়া।ফুটবল নিয়ে অনুষ্ঠান করতে কেমন লেগেছে?টিভির মাধ্যমে ফুটবল খেলা কিন্তু প্রায়ই দেখা হয়। কিন্তু ফুটবল নিয়ে কখনো ভাবা হয়নি। যখন অনুষ্ঠানটি উপস্থাপনা করার জন্য আমাকে বলা হলো, তখন থেকে ফুটবল খেলার ব্যাপারে জানার চেষ্টা করি। বলব, অনুষ্ঠানটির জন্য ফুটবল এবং বিশ্বকাপ ফুটবলে এবার অংশ নেওয়া দলগুলোর ব্যাপারে অনেক কিছু জানতে হয়েছে। এখন আমার কাছে মনে হয়, ফুটবল অন্যতম আকর্ষণীয় খেলা। এর মধ্য দিয়ে পুরো ৯০ মিনিট যে কেউ বিনোদন পেতে পারে।ক্যামেরার সামনে অতিথিদের সঙ্গে বিশ্বকাপ ফুটবল নিয়ে দেখছি খুব বিজ্ঞের মতো কথা বলেন। এবারের বিশ্বকাপের কয়টি খেলা পুরোপুরি দেখতে পেরেছেন?প্রায় সব কটি খেলাই দেখতে হয়েছে। এর আগে এভাবে কখনো খেলা দেখা হয়নি। আমার খুব পছন্দের দল ছিল ব্রাজিল, আর্জেন্টিনা আর জার্মানি। আজ আমি স্পেনকে সমর্থন করব।আর কোনো অনুষ্ঠান উপস্থাপনা করছেন?বিটিভির জন্য বিবিসি একটি অনুষ্ঠান তৈরি করছে। আনন্দ এবং বিনোদনের মধ্য দিয়ে যাতে যে কেউ ইংরেজিতে কথা বলতে পারে—এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই কাজটাই করা হচ্ছে। এখন এই অনুষ্ঠানের একটানা ধারণকাজ হচ্ছে। শুনেছি, সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে অনুষ্ঠানটি বিটিভিতে দেখানো হবে। এ ছাড়া মার্কস অলরাউন্ডার ২০১০ অনুষ্ঠানে অতিথি উপস্থাপক হওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে।আর নাটকে অভিনয়?এখন তো এজাজ মুন্নার পরিচালনায় ধূপছায়া ধারাবাহিকটি নিয়মিত দেখানো হচ্ছে। সামনে এই নাটকে চঞ্চল চৌধুরীর সঙ্গে আমার বিয়ে হবে। এরপর কিছু টানাপোড়েন তৈরি হবে। আর ঈদের জন্য কয়েকটি নাটকে কাজ করার ব্যাপারে আলোচনা হয়েছে।