অনুষ্ঠানে ঔপনিবেশিক শাসন, ক্ষুব্ধ ভারতীয় শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার খ্যাতনামা একটি কলেজের অনুষ্ঠানে বর্ণবাদী আচরণ করার অভিযোগ উঠেছে। ওই অনুষ্ঠানের উপজীব্য ছিল ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন। কলেজে নৈশভোজের অনুষ্ঠানে ভারতীয়দের তাঁদের চিরাচরিত পোশাক পরে আসতে বলা হয়। অন্যদিকে অতিথিরা আসেন ব্রিটিশ সাহেবদের পোশাক পরে। অনুষ্ঠানে ভারতীয় শিক্ষার্থীদের ওই ‘সাহেবদের’ খাবার পরিবেশনের নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে সেখানকার ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকার খবরে বলা হয়, নৈশভোজে আমন্ত্রিত অতিথিদের সাদা বো টাই ও ব্রিটিশ সাহেবদের পোশাক পরে আসতে বলা হয়। সেখানে ভারতীয় শিক্ষার্থীদের ভারতের প্রচলিত পোশাক পরে আসতে বলা হয়। সেখানে অতিথিদের ভারতীয় খাবার পরিবেশন করা হয়।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ওই কলেজের শিক্ষার্থীরাও কালো স্যুট পরে ব্রিটিশদের সাজে এসেছিলেন। তাঁদের খাবার পরিবেশনের দায়িত্বে ছিলেন ভারতীয়রা। তাঁদের পরনে ছিল ভারতীয় পোশাক। এ কারণে অনুষ্ঠান চলাকালেই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ আনেন শিক্ষার্থীরা। পুরো কলেজে এ নিয়ে বিক্ষোভ শুরু হয়ে যায়।সেন্ট পলস কলেজের এক ভারতীয় ছাত্রী ফেসবুকে লিখেছেন, ‘আমি ভারতীয়। আমার আত্মীয়স্বজনেরা ঔপনিবেশিক শাসনামলে নিপীড়নের শিকার হয়েছিলেন। তাই ওই থিমে অনুষ্ঠানটি আয়োজন করায় আমি ব্যথিত, মর্মাহত। এ কারণে আমি কেঁদেছিও।’ তাঁর ওই পোস্টের সমর্থনে অনেকে জবাবও দিয়েছেন। দ্য সান হেরাল্ড পত্রিকাকে ওই কলেজের শিক্ষার্থী ম্যাসন ম্যাককেন বলেন, ‘আমি ভাবতে পারিনি যে অনুষ্ঠানটি ভারতীয় সংস্কৃতি উপলক্ষে, এটা ছিল সাম্রাজ্যবাদ উদ্যাপনের অনুষ্ঠান। অনুষ্ঠানটির মাধ্যমে প্রকাশ পেয়েছে সিডনি বিশ্ববিদ্যালয় ও সেন্ট পলস কলেজের মধ্যে একটি গভীর বিচ্ছিন্নতা আছে। এটা আমার কাছে খুব দৃষ্টিকটুও মনে হয়েছে। একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে কলেজটির দায়িত্ব ছিল সব শিক্ষার্থী ও সাধারণ জনগণের কাছে একটি ইতিবাচক ভাবমূর্তি ফুটিয়ে তোলা। কিন্তু আমার মনে হয়, এই অনুষ্ঠানটিই কলেজটির সেই ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সফল হয়েছে।’