নির্বাচন কমিশন (ইসি) গঠনে অনুসন্ধান কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। তবে তাঁর মতে, কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়ার দায়িত্ব মন্ত্রিপরিষদ বিভাগের ওপর ন্যস্ত হওয়ায় এতে সরকারের সম্পৃক্ততা থাকবে। এ দায়িত্বটি নির্বাচন কমিশন সচিবালয়কে দেওয়া হলে নিয়োগপ্রক্রিয়া অনেক বেশি নিরপেক্ষ হতো।আজ সোমবার নিজ কার্যালয়ে সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং দুই নির্বাচন কমিশনারের পাঁচ বছর মেয়াদের শেষ পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে কমিশন গঠনে চার সদস্যের অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি) গঠন করেন রাষ্ট্রপতি। মন্ত্রিপরিষদ বিভাগ গত শনিবার এ উদ্দেশ্যে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।সাখাওয়াত হোসেন বলেন, কমিটি সিইসি ও কমিশনার হিসেবে যাঁদের নাম প্রস্তাব করবে, তাঁদের বিষয়ে তথ্য দিয়ে সাচিবিক সহায়তা করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এ দায়িত্বটি স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয়কে দেওয়া হলে ভালো হতো। কমিশন সচিবালয়ের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করা সম্ভব হতো।নির্বাচন কমিশনের প্রস্তাব আংশিকভাবে বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘অনেক দিন পরে হলেও নির্বাচন কমিশন গঠনে একটি কাঠামো তৈরি হয়েছে। এতে যাঁদের রাখা হয়েছে, তাঁরা সবাই সাংবিধানিক সংস্থার দায়িত্বশীল ব্যক্তি। রাষ্ট্রপতির এই উদ্যোগ প্রশংসনীয়। আশা করা যায়, সরকারের জারি করা প্রজ্ঞাপনটি আগামীতে আইনে পরিণত হবে।’অনুসন্ধান কমিটি বর্তমান সিইসি এবং কমিশনারদের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করলে কী করবেন, জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ‘সময় কথা বলবে।’