গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন কাউকে নিয়োগ দিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রস্তাবিত অনুসন্ধান কমিটি নাকচ করেছে সরকার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকার এই প্রস্তাবে কোনোভাবেই রাজি নয়। গতকাল শনিবার মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ে এই বৈঠক হয়। অর্থমন্ত্রী এ বিষয়ে আরও বলেন, এই ধরনের একটি অনুসন্ধান কমিটির প্রধান হিসেবে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসকে নিয়োগ দেওয়া যাবে না। প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে এটা হতে পারে না। নতুন এমডি মনোনয়নের ক্ষেত্রে সাবেক এমডির কোনো ভূমিকা থাকা উচিত নয়। এটাই সরকারের দৃষ্টিভঙ্গি।অর্থমন্ত্রী আরও বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে অন্যান্য বিষয়ের পাশাপাশি গ্রামীণ ব্যাংক নিয়ে আলোচনা হয়েছে। ভালো কেউ যাতে এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হন, সেই বিষয়টি নিশ্চিত করতে বলেছেন রাষ্ট্রদূত। অর্থমন্ত্রী এ সময় আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা (টিইসিএফ) চুক্তি হওয়ার কথা ছিল, তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই তা অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের সভায় উত্থাপন করা হবে। ড্যান ডব্লিউ মজীনা জানান, সমপ্রতি বিদেশি অতিথিদের যে সম্মাননা দেওয়া হয়েছে, এ জন্য অর্থমন্ত্রীকে তিনি অভিবাদন জানিয়েছেন। তিনি আরও জানান, টিইসিএফ হলে উভয় পক্ষ লাভবান হবে। অর্থমন্ত্রী তাঁকে জানিয়েছেন, শিগগিরই টিইসিএফ মন্ত্রিপরিষদ সভায় উঠবে।