অনুসন্ধান কমিটির পক্ষে মত আসতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতির সংলাপে আমন্ত্রিত দলগুলো অনুসন্ধান কমিটির (সার্চ কমিটি) মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের পক্ষে। সংলাপে দলগুলো এ রকম প্রস্তাবই দেবে। তবে সব রাজনৈতিক দল এখনো আমন্ত্রণ পায়নি। আমন্ত্রণ পাওয়ার পর তারা দলীয় অবস্থান ঠিক করবে।নির্বাচন কমিশন গঠন নিয়ে মতৈক্য প্রতিষ্ঠায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান কাল বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন। প্রথম দিন বেলা ১১টায় জাতীয় পার্টি ও দুপুর ১২টায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) সংলাপে অংশ নেবে। এ দুটি ছাড়া আরও ছয়টি দলকে গতকাল মঙ্গলবার বিকেলে বঙ্গভবন থেকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। দলগুলো হচ্ছে: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি (জেপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সাম্যবাদী দল ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।২৬ ডিসেম্বর বেলা ১১টায় ওয়ার্কার্স পার্টি, দুপুর ১২টায় জেপি; ২৭ ডিসেম্বর ১১টায় এলডিপি, ১২টায় সিপিবি; ২৯ ডিসেম্বর ১১টায় সাম্যবাদী দল এবং ১২টায় ইসলামিক ফ্রন্টের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ হবে। রাষ্ট্রপতির এ উদ্যোগের প্রশংসা করেছে আমন্ত্রণ পাওয়া দলগুলো।দেশের দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপিকে গতকাল পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি। তবে প্রধান বিরোধী দল বিএনপির এই সংলাপে অংশ নেওয়ার সম্ভাবনা কম।সংবিধান অনুসারে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির একক এখতিয়ার থাকলেও অতীতে রাষ্ট্রপতিকে কখনো এ ধরনের উদ্যোগ নিতে দেখা যায়নি।আমন্ত্রিত দলগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচন কমিশন গঠনের স্থায়ী পদ্ধতি হিসেবে তারা একটি অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাব দেবে। ওই কমিটি একটি তালিকা জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির কাছে পাঠাবে। কার্য উপদেষ্টা কমিটিতে সংসদ নেতা, বিরোধীদলীয় নেতাসহ সরকারি ও বিরোধী দলের প্রতিনিধি থাকেন। পদাধিকারবলে জাতীয় সংসদের স্পিকার ওই কমিটির সভাপতি। কার্য উপদেষ্টা কমিটির সুপারিশসহ একটি তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী, নির্বাচন কমিশন পাঁচ সদস্যের হওয়ায় কার্য উপদেষ্টা কমিটি ১০ জনের একটি তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারে। রাষ্ট্রপতি স্বাধীনভাবে এই ১০ জন থেকে যেকোনো পাঁচজন নিয়ে কমিশন গঠন করতে পারেন।সরকারি কর্মকমিশনসহ দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান গঠনে এ পদ্ধতি অনুসরণ করা যেতে পারে বলে মত দিয়েছেন একাধিক নেতা।নির্বাচন কমিশনও অনুসন্ধান কমিটির মাধ্যমে ইসি গঠনের কথা বলে আসছে। বলা হচ্ছে, মোট চারজন কমিশনারের একজন হবেন নারী। কমিশন গঠনের জন্য একটি অনুসন্ধান কমিটি থাকবে। এ কমিটির সদস্য হবেন প্রধান নির্বাচন কমিশনার, হাইকোর্টের একজন বিচারক, দুদকের চেয়ারম্যান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ও মহাহিসাব নিরীক্ষক।সূত্র জানায়, জাতীয় পার্টির নেতারা রাষ্ট্রপতির সংলাপে যোগ দেওয়ার প্রস্তুতি হিসেবে বৈঠক করেছেন। পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদসহ ১১ সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেবে। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির একজন শীর্ষপর্যায়ের নেতা প্রথম আলোকে বলেন, ‘রাষ্ট্রপতি কোনো পদ্ধতির কথা বলেন কি না জানি না। তবে আমরা অনুসন্ধান কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন নিয়োগের প্রস্তাব দেব।’ আরেকজন নেতা বলেন, ‘রাষ্ট্রপতি কী বলেন, আগে শুনব। সম্ভাব্য কোনো নামও প্রস্তাব করব না। রাষ্ট্রপতি নাম চাইলে দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব।’জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, সংবিধান অনুসারে নির্বাচন কমিশন নিয়োগে রাষ্ট্রপতি ক্ষমতাপ্রাপ্ত। এর আগে কোনো রাষ্ট্রপতি এমন উদ্যোগ নেননি। জাতীয় পার্টি রাষ্ট্রপতিকে সহযোগিতা করবে।ওয়ার্কার্স পার্টিও সংলাপে অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাব দেবে। অনুসন্ধান কমিটি জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির কাছে নাম প্রস্তাব করবে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি কমিশন নিয়োগ করবেন।ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, ২০০৫ সালের ১৫ জুলাই জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৪ দলের পক্ষ থেকে নির্বাচন কমিশন গঠনের যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল, তাতে আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের কথা ছিল। রাষ্ট্রপতি নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে আলোচনার জন্য সংলাপের আহ্বান জানিয়েছেন। সেখানে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে দলীয় প্রস্তাব দেওয়া হবে।জাসদ (ইনু) নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপে স্থায়ী ও অস্থায়ী পদ্ধতির প্রস্তাব দেবে। অস্থায়ী পদ্ধতি হিসেবে দলটি কয়েকজনের নাম প্রস্তাব করবে, জাতীয় মনোনয়ন সংস্থা গঠনের প্রস্তাব দেবে। ওই সংস্থা অনুসন্ধান কমিটি গঠনের মধ্য দিয়ে একটি তালিকা কার্য উপদেষ্টা কমিটির কাছে পাঠাবে। কার্য উপদেষ্টা কমিটি মতৈক্যের ভিত্তিতে একটি তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠাবে।জাসদের সভাপতি হাসানুল হক ইনু প্রথম আলোকে বলেন, ‘সংলাপে নতুন কমিশনের জন্য সম্ভাব্য নাম প্রস্তাব করব। একই সঙ্গে একটি স্থায়ী পদ্ধতি করারও প্রস্তাব দেব।’এলডিপির নেতা শাহাদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপতির এ উদ্যোগ অভিনন্দনযোগ্য, তবে সেটা যাতে লোক দেখানো না হয়।সরকারি দল আওয়ামী লীগের কাছে এখনো আমন্ত্রণ পাঠানো হয়নি বলে দলীয় মতামত ঠিক করা হয়নি। এ ব্যাপারে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আমন্ত্রণ পেলে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।