অনুসন্ধান কমিটির সুপারিশ প্রত্যাখ্যান করেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো অনুসন্ধান (সার্চ) কমিটির সুপারিশ বিএনপি প্রত্যাখ্যান করেছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেছেন, তাঁর দল দুটি কারণে সুপারিশ প্রত্যাখ্যান করেছে। প্রথমত, এই সুপারিশ অসাংবিধানিক। কেননা, যে প্রজ্ঞাপনের মাধ্যমে সার্চ কমিটি গঠিত হয়েছে, তা অবৈধ। সংবিধানের ১১৮ অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনে আইন করার কথা বলা হয়েছে, প্রজ্ঞাপন নয়। দ্বিতীয়ত, সার্চ কমিটিতে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা সবাই এই সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত এবং সরকারের বেতনভুক্ত। তাই তাঁদের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করা সম্ভব নয়। কমিটিকে বাইরের কেউ কিংবা নাগরিক সমাজের প্রতিনিধিদের রাখা যেত।মওদুদ আহমদ বলেন, বিএনপি সার্চ কমিটির এই সুপারিশ গ্রহণ করে না। এর মূল্য আছে বলেও মনে করে না।বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, এই প্রক্রিয়ার সঙ্গে তাঁর দল সম্পৃক্ত নয়। এই প্রক্রিয়াকে আগেই বিএনপি প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বহাল না করলে নির্বাচন কমিশনে কে এল আর কে গেল, তা বিএনপির কাছে গুরুত্ব বহন করে না।পরবর্তী প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনারদের নাম সুপারিশ করে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে অনুসন্ধান কমিটি।