অনুসন্ধান কূপ খনন শুরু করেছে বাপেক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনেত্র গ্যাসক্ষেত্রে অনুসন্ধান কূপ খনন শুরু করেছে বাপেক্স। সুনামগঞ্জের হাওরবেষ্টিত ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামে ‘বিজয়-১০’ নামের বাপেক্সের নতুন খননযন্ত্রটি (রিগ) দিয়ে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ খননকাজ শুরু করা হয়। খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর সাংবাদিকদের বলেন, অতীতে একটি অনুসন্ধান কূপ খনন শুরু করতে পাঁচ-ছয় বছর লেগে যেত। সুনেত্রর ক্ষেত্রে তা মাত্র আড়াই বছরের মধ্যে করা গেছে। আগামী তিন মাসের মধ্যেই এ খননকাজ শেষ হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, এখানে গ্যাস পাওয়া গেলে এলাকায় কলকারখানা ও বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হবে। এলাকার মানুষের কর্মসংস্থান হবে। এ ছাড়া শিগগির গাবী গ্রামে বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। এ সময় স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ, প্রকল্প পরিচালক মো. নূরুল ইসলাম, ধরমপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বায়েছ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাপেক্স ২০০৯ সালে ২৬০ লাইন কিলোমিটার দ্বিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে সুনেত্র গ্যাসক্ষেত্রটি চিহ্নিত করে। সুনামগঞ্জ জেলার ধরমপাশা ও নেত্রকোনা জেলার সদর ও বারহাট্টা উপজেলাজুড়ে বিস্তৃত এ ক্ষেত্রটি দেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র হিসেবে আবিষ্কৃত হবে বলে আশা বাপেক্সের। এখানে দুই থেকে তিন ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাসের মজুদ পাওয়া যেতে পারে বলে তাঁদের ধারণা।সুনেত্র অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মো. নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ কূপ খনন প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৮০ কোটি ২৫ লাখ টাকা। প্রকল্প এলাকায় পানি বেড়ে যাওয়ায় দুই দফা কাজ পেছাতে হয়েছে। তবে এখন বৃষ্টির কারণে সাময়িকভাবে পানি বাড়লেও তা থেকে কূপটি সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।