বাংলাদেশের ব্যাংক খাতে সবচেয়ে বড় আর্থিক দুর্নীতির নাম হল-মার্ক কেলেঙ্কারি। এই আর্থিক কেলেঙ্করির খবর প্রথম প্রকাশিত হয় প্রথম আলো-র এক অনুসন্ধানী প্রতিবেদনে। খবরের মানুষ হিসেবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত নানা তথ্যের পেছনে নিয়তই দৌঁড়াতে হয়। ব্যস্ত থাকতে হয় নানা অনুসন্ধানে। এ রকমই এক অনুসন্ধান প্রক্রিয়ার ভেতর পেয়ে যাই বিস্ময়কর এই আর্থিক কেলেঙ্কারির তথ্য। শুরু হয় হল-মার্ক কাণ্ডের অনুসন্ধান। খবরের নেপথ্যের সেসব খবর যতটুকু প্রকাশ করা সম্ভব, সেটুকু দিয়েই এই লেখা। ২০১১ সালের একেবারে শেষভাগে দেশের শীর্ষ ২০ খেলাপির একটা তালিকা হাতে আসে। জুনভিত্তিক ওই তালিকার সাত নম্বর খেলাপি হচ্ছে চট্টগ্রামের মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স। ইলিয়াস ব্রাদার্স মূলত নিত্যপণ্যের আমদানিকারক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কাছে ১৬ ব্যাংকের পাওনার পরিমাণ ছিল ৭২৩ কোটি ১৬ লাখ টাকা। যার মধ্যে দেড় শতাধিক কোটি টাকা খেলাপি ছিল।প্রশ্ন জাগে, নিত্যপণ্যের আমদানিকারক প্রতিষ্ঠান এই বিপুল অঙ্কের খেলাপিতে কীভাবে পড়ে? ইলিয়াস ব্রাদার্সের তথ্য তালাশ করতে গিয়ে বিশেষত রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর এলটিআর, লিম সুবিধার পরিমাণ এবং এর মেয়াদোত্তীর্ণের ঋণ হাজার হাজার কোটি টাকার বিষয়ে তথ্য-উপাত্ত হাতে আসে। এসব দেখে মনে হতে থাকে ব্যাংক খাত থেকে অর্থ না পাওয়ার ব্যবসায়ীদের যে অভিযোগ অর্থাৎ তারল্যসংকটের কারণ এর মধ্যে লুকিয়ে থাকতে পারে। এ পর্যায়ে বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকার বাবুবাজার, মৌলভীবাজার, চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদ এলাকার বিভিন্ন ব্যাংক শাখা, ব্যবসায়ী-শিল্পপতিদের কাছ থেকে বিস্ময়কর সব তথ্য মেলে।অনুসন্ধানে বেরিয়ে আসে, একদল ব্যবসায়ী ৯০ বা ১২০ দিনের এলটিআর-সুবিধা নিয়ে গুদামে মালামাল রেখে দেন দীর্ঘ সময়। ব্যাংকগুলোও টাকা আদায়ে তৎপর থাকে না। ব্যাংকের নগদ টাকা আটকে পড়ে ব্যবসায়ীর গুদামে। ফলে প্রায়ই বাজারে দেখা যায় বিভিন্ন পণ্যের সংকট, বেড়ে যায় দামও। সুবিধাভোগী ব্যবসায়ীরা তাদের ঋণগুলো এর মধ্যেই বিভিন্ন মেয়াদের জন্য পুনঃতফসিল করে নেন। ফলে ৯০ কিংবা ১২০ দিনে যে অর্থ ব্যাংকের কাছে ফিরে আসার কথা, তা পাঁচ বছর অথবা তারও বেশি সময় ধরে ব্যাংকে আসবে। এসব নিয়ে ২০১২ সালের ৬, ৭ ও ৮ এপ্রিল প্রথম আলোতে ধারাবাহিক তিনটি প্রতিবেদন ছাপা হয়।অনুসন্ধানে বেরিয়ে আসে স্থানীয় এলসির বিপরীতে ইনল্যান্ড বিল পারচেজের (আইবিপি) বেশ কিছু তথ্যও। চট্টগ্রামের এক ব্যবসায়ী স্থানীয় এলসি জালিয়াতি কিছুটা খোলসা করেন। ইচ্ছে ছিল, ‘স্থানীয় এলসির খেলা’—শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করব। কিন্তু, আইবিপি অর্থায়নে বেক্সিমকোর কাছে পাঁচ ব্যাংকের হাজার কোটি টাকা আটকে পড়ার তথ্য পেয়ে যাওয়ায় এই প্রতিবেদনটি আলাদা করে ছাপা হয় ৩ মে: ‘পাঁচ ব্যাংকের হাজার কোটি টাকা আটকা, বেক্সিমকোর নিজস্ব লেনদেন’ শিরোনামে। এরপর আজ দেশজুড়ে সর্বাধিক আলোচিত প্রতিবেদন হল-মার্ক কেলেঙ্কারির প্রতিবেদনটি ছাপা হয় ২৪ মে: ‘ফন্দিফিকির করে দুই হাজার কোটি টাকা আদায়’ শিরোনামে।‘স্থানীয় এলসির খেলা’—খুঁজে ফিরছিলাম মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে। এলটিআরের প্রতিবেদন করার সময় যেসব তথ্য মেলে তা ব্যবহার করতে একটা জুতসই কাহিনি খুঁজতে থাকি। ঢাকায় রাষ্ট্রমালিকানাধীন ও বেসরকারি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে পরিচিত বিপুলসংখ্যক কর্মকর্তার কাছে এমন বিষয় জানতে চেয়েছি। একপর্যায়ে সোনালী ব্যাংকের শেরাটন (বর্তমান রূপসী বাংলা) হোটেল শাখার একটা এফ-১২ (বৈদেশিক বিনিময়সংক্রান্ত প্রতিদিনকার তথ্যসংবলিত) প্রতিবেদন পেয়ে যাই। দেখা গেল, বড় অঙ্কের আইবিপি অর্থায়ন তৈরি হয়েছে শেরাটন শাখায়।সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকার অন্য শাখা ব্যবস্থাপকদের কাছে জানতে চাই, শেরাটন শাখায় এত যে আইবিপি অর্থায়ন হলো, তা কারা নিল? একজন উপমহাব্যবস্থাপক তথ্য দেন ৮০ ভাগই নিয়েছে হল-মার্ক নামের এক অখ্যাত কোম্পানি। বাংলাদেশ ব্যাংকের একজন বড় কর্মকর্তা কিছু অভিযোগের তথ্য ও কাগজপত্র দেন। তথ্য তালাশের একপর্যায়ে বৈদেশিক বিনিময়সংক্রান্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর সংগঠন বাফেদার কিছু কাগজপত্র বের করতে পারি। এগুলো সোনালী ব্যাংকের কাছে বিভিন্ন ব্যাংকের স্বীকৃত বিল আটকে পড়াসংক্রান্ত। এতে দেখা যায়, আনোয়ারা, ম্যাক্স, স্টারসহ বিভিন্ন নামের কিছু প্রতিষ্ঠান হল-মার্কের কাছে সুতা বিক্রি করেছে। এবার এই প্রতিষ্ঠানগুলো কারা খুঁজে দেখার পালা। এই যে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো শত শত কোটি টাকার সুতা হল-মার্ককে জোগান দিচ্ছে, তাদের আসলে কোনো অস্তিত্ব আছে কি না, থাকলেও তাদের সক্ষমতা কী, সে বিষয়ে সন্দেহ হয়। কেননা এদের নাম শোনা যায় না। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সঙ্গে যুক্ত রয়েছে দেশের বড় সব স্পিনিং মিল। বিটিএমএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এ নামে কোনো প্রতিষ্ঠান তাদের সদস্য নয় বলে নিশ্চিত হওয়া যায়। পোশাক রপ্তানিকারকদের দুটি বাণিজ্য সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এবং রপ্তানিকারকদের সঙ্গে কথা বলেও আনোয়ারা, ম্যাক্স, স্টার নামের প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব সম্পর্কে জানা যায়নি।তথ্য মেলে, গত ডিসেম্বর সময়ে হল-মার্ক গ্রুপের রপ্তানির বিপরীতে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখাতে প্রি-শিপমেন্ট ক্রেডিট (পিসি) বা প্রাক জাহাজীকরণ অর্থায়নের পরিমাণ ছিল ২৩৬ কোটি টাকা। মার্চ শেষে এটি কমে দাঁড়ায় ১৯০ কোটি টাকায়। এই পিসি অর্থায়নের সুদের হার হলো মাত্র ৭ শতাংশ। রপ্তানি খাতকে বিশ্ববাজারে প্রতিযোগী-সক্ষম করে তুলতে বিভিন্ন আর্থিক ও নীতিসুবিধা দেওয়া হয়। সরকার ও বাংলাদেশ ব্যাংক এ জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়ে এই পিসির সুদের হার মাত্র ৭ শতাংশ নির্ধারণ করেছে। প্রশ্ন দেখা দেয়, হল-মার্ক কীভাবে এত টাকা অত্যন্ত কম সুদে ঋণ পেতে পারে? পিসি দেওয়া হয় মোট রপ্তানিমূল্যের সর্বোচ্চ ৮০ শতাংশের ওপর মাত্র ১০ থেকে ১৫ শতাংশ হারে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংকের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সে ক্ষেত্রে ২৩৬ কোটি টাকা পিসি পেতে হলে আড়াই হাজার কোটি টাকার রপ্তানি থাকতে হবে। যেখানে দেশের সবচেয়ে বড় পোশাক রপ্তানিকারক গোষ্ঠীর বার্ষিক রপ্তানির পরিমাণ এক হাজার ৭০০ কোটি টাকার মতো। পোশাক রপ্তানির বিপরীতে সরকার নগদ সহায়তা দেয়। স্থানীয় মূল্য সংযোজন দেখে এটা দেওয়া হয়। আবার ব্যাক টু ব্যাক অর্থাৎ রপ্তানির বিপরীতে বিদেশ থেকে আমদানির ক্ষেত্রে কর ছাড় দেওয়া হয়। এ জন্য রপ্তানিতে কী পরিমাণ কাপড়-সুতা লাগবে তার একটি ঘোষণা থাকতে হয়। বিজিএমইএ ও বিকেএমইএ এই সমিতিভুক্ত প্রতিষ্ঠানগুলোর এই ঘোষণা অর্থাৎ ইউটিলাইজেশন ডিক্লারেশন বা ইউডি দেয়। হল-মার্ক বিজিএমইএর সদস্য। বিজিএমইএতে খবর নিয়ে জানা যায়, গত বছরের মে থেকে হল-মার্ক গ্রুপের তিনটি ইউনিট ইউডি নিচ্ছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত এই ইউনিটগুলো ১১৭টি ইউডি নিয়েছে। যাতে রপ্তানিমূল্যের পরিমাণ প্রায় দুই কোটি ২১ লাখ ডলার বা টাকার অঙ্কে মাত্র ১৮৮ কোটির মতো। এসব তথ্যে পরিষ্কার হয়, হল-মার্ককে বিরাট অঙ্কের বিধিবহির্ভূত সুবিধা দেওয়া হচ্ছে। নাম-পরিচয় না দিয়ে কয়েক দফা যাই সোনালী ব্যাংকের শেরাটন শাখায়। একপর্যায়ে জানা যায়, সেখানে বাংলাদেশ ব্যাংকের একটা পরিদর্শন দল কাজ করছে। এই দলে কারা আছে তা জানার চেষ্টা চলে।এর মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের এক বড় কর্মকর্তাকে জিজ্ঞাসা করতেই তিনি জানান নতুন এক কাহিনি। প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা নাকি একদিন নিজে গাড়ি চালিয়ে চলে যান শেরাটন শাখায়। সেখানে শাখা ব্যবস্থাপকের কক্ষে বসে ডেকে আনেন বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দলকে। তাদের প্রত্যেককে নিজের ভিজিটিং কার্ড দেন। আর বলেন, এই শাখাটা অনেক ভালো ব্যবসা করছে। এখানে কয়েকজন গ্রাহক আছে, বিশেষত হল-মার্ক ভালো রপ্তানি করছে। তাদের কারখানাতে অনেক কর্মসংস্থান হয়েছে। আপনাদের এ শাখাতে পরিদর্শনের দরকার নেই। আমি এ বিষয়ে গভর্নরের সঙ্গে কথা বলে নেব। জানা যায়, সেদিনের মতো পরিদর্শক দল শেরাটন থেকে চলে আসে। পরে আবার তারা যায় সেখানে। তবে এসব কথা প্রথম আলোর প্রতিবেদনে লেখা হয়নি প্রয়োজনীয় প্রমাণাদির অভাবে।হল-মার্ক কেলেঙ্কারি নিয়ে প্রথম আলোতে পাঁচ-ছয়টি প্রতিবেদন ছাপা হয় জুলাই মাস পর্যন্ত। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন ও সোনালী ব্যাংককে দেওয়া চিঠি, সোনালী ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদন, সোনালী ব্যাংকে নানা ধরনের তৎপরতার খবর রয়েছে। ২৬ আগস্ট বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে বলে। এই চিঠির পরই হল-মার্ক বিষয়টি ফের আলোচনায় আসে। প্রায় প্রতিদিনই গণমাধ্যমে শীর্ষ সংবাদ হতে থাকে হল-মার্ক কেলেঙ্কারি। সর্বশেষ ৭ অক্টোবর হল-মার্ক কেলেঙ্কারির নায়ক তানভীর মাহমুদ ও তাঁর ভায়রা তুষার আহমেদকে গ্রেপ্তার করে র্যাব।